মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
১১:৪৮ পি.এম
শেরপুরে ব্যাংক চেক, নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক চেক, নগদ ১০ লাখ টাকা, স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং একটি এক্স-জিও গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ২৪-৬২১২) অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় শেরপুর শহরের নিউমার্কেটে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, মঞ্জু, মিকেল, রাজু এবং গাড়িচালক এরশাদের সরাসরি নেতৃত্বে এই চাঞ্চল্যকর অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী জানান, খুলনায় প্রধানমন্ত্রীর একটি সরকারি কর্মসূচি শেষে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার বাকি টাকা পরিশোধ করতে যাওয়ার কথা ছিল তাঁর। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর তাঁর বাড়ি থেকে সন্তানের অসুস্থতার খবর আসে।
তিনি জানান, গাড়ির পেছনের ব্যাগে তাঁর চেক বই, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, যা চালক এরশাদ আগে থেকেই জানত। জামালপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে চালক এরশাদ ও তার বোনের জামাই মনজুর সহযোগিতায় ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। গাড়িটি ছোট হওয়ায় ৩-৪ জন ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ে এবং তাঁর মুখ চেপে ধরে চোখ বেঁধে ফেলে। এরপর প্রায় ৩০ থেকে ৪০ মিনিট গাড়ি চালিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে ব্যাংক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নগদ ১০ লাখ টাকা এবং ‘ঢাকা মেট্রো-ঘ ২৪-৬২১২’ নম্বরের নতুন এক্স-জিও গাড়িটি ছিনিয়ে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকি তাঁর পেছনে থাকা তাঁর বোনজামাইকেও আটকে রেখে পরে দুজনকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন আরও বলেন, “আমি একজন নিরীহ লোক । ঘটনার পরপরই স্থানীয় লোকজনকে নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অবিলম্বে আমার ছিনতাই হওয়া গাড়ি, টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গাড়ি অপহরণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক শিক্ষিকার ওপর হামলা চালিয়ে তাকে সড়কের পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মী রাণী নাথ নামের ওই শিক্ষিকার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চক্রটি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় শিক্ষিকাকে। পরে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের নিকটবর্তী সড়কের পাশে তাকে ফেলে রেখে যায় হামলাকারীরা।
ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও শিক্ষিকার সহকর্মীদের সূত্রে জানা যায়, পাঠদান শেষে লক্ষ্মী রানী বাড়ির দিকে রওনা হন। এসময় তিনি আফজাল রোড থেকে একটি সিএনজিতে ওঠেন। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির সামনে। কিন্তু সিএনজিচালক তাকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইলফোন এবং নগদ টাকা লুট করে। এরপর তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মী রাণী নাথের সহকর্মী শিক্ষক আবুল হাসনাত জানান, ছিনতাইকারীরা লক্ষ্মীকে বেদম মারধর করেছে। তার দুটো চোখ ফুলে গেছে এবং চোখের পাতা কালো হয়ে রয়েছে। মুখে রক্তাক্ত জখম হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সিএনজিচালক ও ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কাঠালিয়া থানার এসআই মোহন ও এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল দক্ষ পুলিশ সদস্য উপজেলার আমুয়া জিরো পয়েন্ট নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মো. আরিফুল ইসলাম কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. নেছার উদ্দিন হাওলাদারের ছেলে। তার মায়ের নাম রুমা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমুয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত সরকারি ভবনে বখাটে কিশোর ও যুবকদের আড্ডা, মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপের ভয়াবহ অভিযোগ উঠেছে। প্রশাসনিক নজরদারির অভাবে এসব পরিত্যক্ত ভবন এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও সামাজিক অবক্ষয়ের চরম আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত এসব স্থানে আইনি পদক্ষেপ ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়ার এসব সরকারি কোয়ার্টার ও ভবন প্রায় এক দশক আগে ব্যবহারের অযোগ্য ও বিপজ্জনক ঘোষণা করা হয়। বর্তমানে ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও দু-একটি ভবনে দু-একটি পরিবার বসবাস করলেও অধিকাংশ ভবনই সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আর এই অরক্ষিত সুযোগকে কাজে লাগিয়ে স্থানগুলোকে মাদকসেবী ও বখাটেদের প্রধান আস্তানায় পরিণত করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দিন-রাত সমানতালে এসব পরিত্যক্ত ভবনে বহিরাগত কিশোর ও তরুণদের অবাধ আনাগোনা চলছে। গভীর রাত, এমনকি ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাছাড়া, ভবনের সামনের প্রধান সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ও আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধীরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি স্থানীয় সচেতন নাগরিকেরা সরেজমিনে ভবনগুলো পরিদর্শন করে সেখানে মাদক সেবনের বিভিন্ন উদ্বেগজনক আলামত দেখতে পান। স্থানীয়দের মতে, কারও সম্মানহানি করা তাঁদের উদ্দেশ্য নয়; বরং বড় ধরনের কোনো অঘটন বা অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কিশোরদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করাই তাঁদের মূল লক্ষ্য।
এ অবস্থায় পরিত্যক্ত ভবনগুলো দ্রুত সিলগালা করে অবাধ প্রবেশ বন্ধ করা, নিয়মিত পুলিশি টহল জোরদার করা এবং সংলগ্ন সড়কে দ্রুত ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। একই সাথে নিজের সন্তানরা কোথায় যায় এবং কাদের সঙ্গে মেলামেশা করছে—সে বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রধান ডাকঘরের নিজস্ব ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।
জানা গেছে, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কাঠালিয়া উপজেলার প্রধান ডাকঘরের বর্তমান ভবনটি ১৯৯২ সালে নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকালে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে অল্প কয়েক বছরের মধ্যেই ভবনটির ছাদ ও দেয়ালে ফাটল দেখা দেয় এবং পানি পড়তে শুরু করে। পরবর্তীতে দায়সারাভাবে দু-একবার নামমাত্র সংস্কার করা হলেও তা কোনো উপকারে আসেনি।
সরেজমিনে ডাকঘরটিতে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন পিলার ও বিমের পলেস্তরা খসে রড বেরিয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের পলেস্তরাও খসে পড়ছে যেকোনো সময়। বিশেষ করে বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে অফিসের প্রয়োজনীয় চেয়ার-টেবিল, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ভিজে নষ্ট হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের সময় কর্মকর্তা-কর্মচারীদের বাধ্য হয়ে পলিথিন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ঢেকে রাখতে হয়।
বর্তমান ডিজিটাল যুগে অন্যান্য সেবার পরিধি কিছুটা কমলেও সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, পোস্টাল অর্ডার, রাজস্ব স্ট্যাম্প ও কাজী অফিসের চিঠিপত্র এবং গুরুত্বপূর্ণ ডাক আদান-প্রদানে এই ডাকঘরের গুরুত্ব এখনো অপরিসীম। এ কারণে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ করতে হয়।
স্থানীয় বাসিন্দা ও সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রব বলেন, “দীর্ঘদিন ধরে ডাকঘরটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মানুষ ভয়ে ভবনের ভেতরে ঢুকতে চায় না। যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
ডাকঘরের নিরাপত্তা প্রহরী মো. মজিবুর রহমান বলেন, “পিলার ও বিমের পলেস্তরা খসে রড বের হয়ে গেছে। ছাদের অবস্থাও খুবই নাজুক। সবসময় এক ধরণের আতঙ্ক নিয়ে ডিউটি করতে হয়—কখন জানি ছাদ ধসে দুর্ঘটনা ঘটে।”
সেবাগ্রহীতা ও কাঠালিয়া সদর ইউনিয়নের কাজী মো. আসলাম হোসেন বলেন, “জরুরি কাজে প্রায়ই এই ডাকঘরে আসতে হয়। কিন্তু ভবনের যে করুণ দশা, তাতে ভেতরে দাঁড়ানোই মুশকিল। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, দ্রুত যেন একটি নতুন ভবন নির্মাণ অথবা বড় ধরনের সংস্কার করা হয়।”
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা পোস্টমাস্টার মো. দ্বীন ইসলাম জানান, ভবনটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে বারান্দায় বসে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, “উপজেলার প্রধান ডাকঘরের জরাজীর্ণ ভবনের বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে মাসিক সমন্বয় সভায় ই
তালাশ বিডি/মিডিয়া লিঃ