ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

দীপু মনিসহ ৯ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জিয়াউল আহসান ভার্চুয়ালি


দীপু মনিসহ ৯ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জিয়াউল আহসান ভার্চুয়ালি

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ কারাবন্দী ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রোববার (০১ নভেম্বর) সকালে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য নজিরবিহীন নিরাপত্তার মধ্যে তাঁদের আদালতে নেওয়া হয়।

অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে মামলার অন্যতম আসামি সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কাসিমপুর কারাগার থেকে অনলাইনে ভার্চুয়ালি এই শুনানিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: স্কুল মিল কর্মসূচির তহবিল সংগ্রহে ১৭ দেশের কূটনীতিকদের র‍্যাম্পে হাঁটা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের পক্ষে শুনানির দিন ধার্য রয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা অন্য ৮ আসামি হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা। তবে গুরুতর অসুস্থতার কারণে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে এদিন আদালতে হাজির করা হয়নি।

আদালতের নথি অনুযায়ী, গত ৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানি পিছিয়ে ১ নভেম্বর পুনর্নির্ধারণ করেন। এর আগে, গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাঁদের পলাতক ঘোষণা করেন এবং তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সিল) নিয়োগের নির্দেশ দেন।

মামলায় পলাতক অন্যান্য হাইপ্রোফাইল আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ তৎকালীন একাধিক শীর্ষ কর্মকর্তা।

প্রসিকিউশনের আনা অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে অভিযানে ৩২ জনকে হত্যার বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি, পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের দায়ের ওপর ভিত্তি করে ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে দাখিলকৃত এই অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নেন এবং কারাবন্দীদের আদালতে হাজিরার পাশাপাশি পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে মাদরাসা সুপার ও পিয়নকে আটকে বেতন দাবিতে সহকর্মীদের বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী-খাল খননে ১০১ শতাংশ কাজ সম্পন্ন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


নদী-খাল খননে ১০১ শতাংশ কাজ সম্পন্ন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন-পুনঃখননের উদ্যোগের ছয় মাসের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ১০১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় নদীতীর প্রতিরক্ষা ও পুনঃখনন কাজের জন্য এসপি ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানালেন, বগুড়ার করতোয়া, গজারিয়া ও ইছামতী নদী পুনঃখননের জন্য ১ হাজার ৯৪ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। চলতি মাসেই প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হওয়ার আশা রয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ২৯৪ কিলোমিটার নদী এবং ৬ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ও নান্দনিকতা ফিরে আসবে। এতে বগুড়া শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মানুষের জীবন-জীবিকা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ফলে বগুড়ার মানুষ নতুন এক শহর দেখতে পাবে।

নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোন নদী থেকে বালু উত্তোলন করা যাবে আর কোনটি থেকে যাবে, তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের তৈরি তালিকা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, যেসব নদী থেকে বালু উত্তোলন করলে নদীভাঙন কিংবা সরকারি অবকাঠামোর ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব নদী থেকে বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেয়া হবে। অন্যদিকে ক্ষতির আশঙ্কা না থাকলে নিয়ম মেনে বালু উত্তোলনের সুযোগ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কনসার্টে নাচতে গিয়ে জাংকুকের প্যান্ট ছিঁড়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


কনসার্টে নাচতে গিয়ে জাংকুকের প্যান্ট ছিঁড়ে গেল

মঞ্চে গাইছেন, নাচছেন, হাজারো ভক্তকে মাতিয়ে রাখছেন। হঠাৎ ঘটে গেল একটি বিপত্তি। পারফরম্যান্সের মাঝপথে প্যান্ট ছিঁড়ে গেল! এমন বিব্রতকর পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক অবশ্য বিচলিত হননি। বরং তিনি সহকর্মীদের সঙ্গে বিষয়টি ভাগ করে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন। ব্রাজিলের সাও পাওলোতে বিটিএসের সাম্প্রতিক কনসার্টে এই ঘটনা ঘটেছে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাস্যরসাত্মক আলোচনা।

কনসার্টে লাইভ পারফরম্যান্সের সময় জাংকুকের চামড়ার প্যান্ট মাঝখান থেকে ছিঁড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্যান্টের বিপত্তি টের পেয়ে মোটেও ঘাবড়ে যাননি এই গায়ক। বরং পাশে থাকা ব্যান্ডের নেতা আরএম ও সদস্য কিম তেহ্যুংয়ের (ভি) দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দেখান। জাংকুকের এমন পরিস্থিতি দেখে অন্য সদস্যরাও হেসে ওঠেন।

তবে পোশাকের এই বিপত্তি তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। তিনি স্বাভাবিকভাবেই গান ও নাচ চালিয়ে যান। মঞ্চে নিজের পেশাদারিত্ব বজায় রেখে ভক্তদের মাতিয়ে রাখেন পুরো সময়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিটিএসের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও হাস্যরসাত্মক মন্তব্যে ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম। কেউ জাংকুকের নাচের শক্তি নিয়ে মজা করছেন, আবার কেউ তার এমন পরিস্থিতিতে স্বাভাবিক থাকার প্রশংসা করছেন। তবে কিছু ভক্ত তার পুরনো পিঠ ও পায়ের সমস্যার কথা মনে করিয়ে দিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, প্যান্ট ছিঁড়ে যাওয়ার ঘটনায় তার কি শারীরিক অস্বস্তি হয়েছে।

অবশ্য জাংকুকের জন্য মঞ্চে পোশাক বিভ্রাটের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের অক্টোবরে সিউলে আয়োজিত ‘লাভ ইয়োরসেলফ : স্পিক ইয়োরসেলফ–দ্য ফাইনাল’ কনসার্টেও তিনি একই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন। ‘মাইক ড্রপ’ গানে পারফর্ম করার সময় ছিঁড়ে গিয়েছিল তার প্যান্ট। পরে ব্যাকস্টেজে অপেক্ষা করার সময় ঠান্ডা বাতাস অনুভব করে বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি নিয়ে পরে ভক্তদের সামনে বেশ রসিকতা করেছিলেন এই গায়ক।

এর আগে পোশাক নিয়ে বিপত্তিতে পড়েছেন জাংকুক। ২০১৮ সালে বিটিএসের জনপ্রিয় গান ‘ফেক লাভ’-এর একটি পরিবেশনায় কোরিওগ্রাফির অংশ হিসেবে আরএম অসাবধানতাবশত জাংকুকের শার্টের বোতাম খুলে ফেলেন। গান চলতে থাকায় শার্ট ঠিক করার সুযোগ পাননি তিনি। ফলে সেভাবেই পুরো পরিবেশনা শেষ করতে হয় তাকে। পরে এক সরাসরি সম্প্রচারেও বিষয়টি নিয়ে জাংকুককে মজা করে খেপিয়েছিলেন ব্যান্ডের অন্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে জবাবদিহির বড় ঘাটতি : টিআইবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে জবাবদিহির বড় ঘাটতি : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতে একটি বড় ধরনের ঘাটতির অস্তিত্ব অনুভব করছে।

সংস্থাটি দলীয় অর্থায়নে ব্যবসায়ী ও বিত্তশালীদের প্রভাব, পরিবারতন্ত্র, অপরাধে জড়িতদের পদায়ন এবং রাজনৈতিক সহিংসতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। এসব সমস্যা সমাধানের জন্য টিআইবি বেশ কিছু সংস্কার প্রস্তাবও দিয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

টিআইবি জানায়, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের আনুষ্ঠানিক হিসাবের সঙ্গে বাস্তবতার মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতার অভাবও দেখা যাচ্ছে। এর ফলে ব্যবসায়ী ও বিত্তশালীদের পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে এবং ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির বিকাশ ঘটছে।

এছাড়া দলীয় জবাবদিহির দুর্বলতা নিয়েও টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি ও কার্যকর জবাবদিহি ব্যবস্থা না থাকার কারণে অপরাধে জড়িত অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না।

প্রতিবেদনে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৪ হাজার ২৮০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪৬ হাজার ৩৫১ জন আহত হয়েছেন এবং ৭৪৬ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


সৌদি আরব বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিলো

সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত প্রদান করেছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় থেকে সৌদি সরকারের অর্থ ফেরত দেয়ার বিষয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মন্ত্রী আরো জানান, ২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। এই কাটা অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে সৌদি সরকার।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, খুব শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%