প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ কারাবন্দী ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ রোববার (০১ নভেম্বর) সকালে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য নজিরবিহীন নিরাপত্তার মধ্যে তাঁদের আদালতে নেওয়া হয়।
অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে মামলার অন্যতম আসামি সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কাসিমপুর কারাগার থেকে অনলাইনে ভার্চুয়ালি এই শুনানিতে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের পক্ষে শুনানির দিন ধার্য রয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা অন্য ৮ আসামি হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা। তবে গুরুতর অসুস্থতার কারণে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে এদিন আদালতে হাজির করা হয়নি।
আদালতের নথি অনুযায়ী, গত ৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানি পিছিয়ে ১ নভেম্বর পুনর্নির্ধারণ করেন। এর আগে, গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাঁদের পলাতক ঘোষণা করেন এবং তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সিল) নিয়োগের নির্দেশ দেন।
মামলায় পলাতক অন্যান্য হাইপ্রোফাইল আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ তৎকালীন একাধিক শীর্ষ কর্মকর্তা।
প্রসিকিউশনের আনা অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে অভিযানে ৩২ জনকে হত্যার বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি, পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের দায়ের ওপর ভিত্তি করে ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে দাখিলকৃত এই অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নেন এবং কারাবন্দীদের আদালতে হাজিরার পাশাপাশি পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন