শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:১৯ পি.এম
খুলনার ‘টাইগার গার্ডেন হোটেল’-এর ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণের ফলে আগুনের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে কক্ষটি এবং এর অভ্যন্তরের সমস্ত মালামাল পুড়ে যায়। আজ নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত হোটেলের পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর নেই। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।হোটেলের ফ্রন্ট ডেস্কে দায়িত্ব পালনকারী মৃদুল বাসস’কে জানান, শনিবার হোটেলটির পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণ ঘটে এবং এর ফলে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে দুইজন অতিথি উপস্থিত ছিলেন। আগুনের লেলিহান শিখা দেখে তারা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন। ফলে তারা নিরাপদ থাকলেও আগুনের কারণে কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ পরিচালক মাসুদ সরদার বাসস’কে জানান, খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে আমরা গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। আগুনের ফলে কক্ষটির সমস্ত মালামাল পুড়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬–২৭ মৌসুম শুরু হওয়ার দুই সপ্তাহের মধ্যেই লা লিগায় তিনটি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সামনে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। নতুন মৌসুমের জন্য পাঁচজন অধিনায়ক নির্বাচন করেছে হ্যান্সি ফ্লিকের দল। এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছে ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।হুয়ান গাম্পার ট্রফির আগে, বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিলেন। তখন দলের ভোটাভুটির প্রক্রিয়া এখনও বাকি ছিল। পরবর্তীতে সেই প্রক্রিয়ায় আরও দুইজনকে যুক্ত করে অধিনায়কের তালিকা পাঁচজনের মধ্যে দাঁড়ায়।স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফ্লিক রাফিনহা ও পেদ্রিকে স্থায়ীভাবে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন। বার্সেলোনা কোচ রাফিনহাকে নিজের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে বিবেচনা করেন।মাঠে পারফরম্যান্সের পাশাপাশি দল ও ড্রেসিংরুমে নেতৃত্বের ভূমিকা বিবেচনায় রাফিনহাকে অধিনায়ক করা যৌক্তিক মনে করা হচ্ছে। হুয়ান গাম্পার ট্রফির ম্যাচেও তিনি গোল করে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।এরপর ভোটাভুটির মাধ্যমে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামালকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।শৃঙ্খলা ও নিষ্ঠার জন্য এরিক গার্সিয়া বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একজন। গত দুই মৌসুমে ফ্লিকের আস্থায় তার নেতৃত্বের গুণ আরও বিকশিত হয়েছে। ক্লাবের পরিচালনা পর্ষদের অনেকেই তাঁকে অধিনায়ক পদের যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন।ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের নির্বাচনও ছিল অনেকটা প্রত্যাশিত। এর আগে তিনি বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ড্রেসিংরুমে সতীর্থদের কাছেও তাঁর রয়েছে গভীর শ্রদ্ধা। আন্দ্রে টের স্টেগানের বিদায়ের পর ডি ইয়ং এখন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়।তবে সবচেয়ে বড় চমক হিসেবে ১৯ বছর বয়সী ইয়ামালের অন্তর্ভুক্তি দেখা যাচ্ছে। বয়সে তরুণ হলেও মাঠে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। অধিনায়কের তালিকায় তার অন্তর্ভুক্তি দলের ভবিষ্যৎ নেতৃত্বের দিকটিও স্পষ্ট করছে।রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বার্সেলোনা। ম্যাচটির আগে অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন ফ্লিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবার থেকে পুনরায় শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকেই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠেছে।ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ ছিল। এর ফলে বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহন শ্রমিকসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যে স্থবিরতা দেখা দেয়।ব্যবসায়িক সমস্যা সমাধানের লক্ষ্যে ৩ সেপ্টেম্বর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে হিলির ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
পরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।
এর ফলে আজ থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার ও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মন্তব্য করেছেন যে বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে। তবে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকে তিনি নিজে এ ধরনের কোনো অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হননি।
শ্রেয়া বলেন, সোশ্যাল মিডিয়ার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা তুলনামূলকভাবে কঠিন ছিল। সম্প্রতি হটারফ্লাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কাস্টিং কাউচ এবং ইন্ডাস্ট্রিতে নারীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করার কারণে তার বাবা-মা সবসময় তার সঙ্গে থাকতেন। ফলে কেউ তার সঙ্গে অস্বস্তিকর আচরণ করার সাহস পেতেন না।
শ্রেয়া বলেন, ‘এখন সময়টা কিছুটা ভালো। সোশ্যাল মিডিয়ার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা কঠিন ছিল। আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। তাই আমার বাবা-মা সবসময় আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন।
ফলে কেউ কিছু বলতে চাইলেও সাহস পেত না।’ শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে। এরপর সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় গান গেয়ে তিনি বলিউডে অভিষেক করেন। সিনেমাটিতে তার কণ্ঠে ‘বৈরি পিয়া’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই ও শাহরুখ খান।
সাক্ষাৎকারে শ্রেয়া ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের পারিশ্রম্যের ব্যবধান নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে পারিশ্রম্য নির্ধারিত হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। শ্রেয়া বলেন, ‘এটা লিঙ্গভিত্তিক বিষয় নয়। ছেলেরাও এর মুখোমুখি হয়। ক্যারিয়ারের শুরুতে আমি বিনা পারিশ্রমিকেও অনেক গান গেয়েছি। এ নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘অরিজিৎ সিং এত টাকা পারিশ্রমিক পান—এমন কথা বলা হয়, কিন্তু বিষয়টি পুরোপুরি সত্য নয়। বর্তমানে ইন্ডাস্ট্রির সব ভালো গায়ক-গায়িকাই অনেক কাজ বিনা পারিশ্রমিকে করেন। আবার কোনো কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রম্য দাবি করার কারণ থাকলে তারা বড় অঙ্কের পারিশ্রমিকও নেন।’
ব্যক্তিজীবনে, শ্রেয়া ঘোষাল ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন। মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ২০২১ সালে তাদের সংসারে প্রথম সন্তান আসে। ছেলে দেবযানকে নিয়ে বর্তমানে তাদের পরিবার।
এদিকে, সম্প্রতি পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষাল ও বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্টে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন শ্রেয়া। সম্পত্তির নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, অ্যাপার্টমেন্টটির মূল্য ২০ কোটি ৮৮ লাখ রুপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিউ ফারাক্কার কাছে রেললাইনে ধসের কারণে উত্তরবঙ্গ থেকে হাওড়া ও কলকাতাগামী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার, রেল কর্তৃপক্ষ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে।
ধসের কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত মেরামতের কাজ চলছে। তবে, কবে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়। একই এলাকায় বারবার ধস নামায় মাটি আলগা হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে বালির বস্তা ও পাথরের টুকরো ব্যবহার করা হচ্ছে বলেবলা হয়েছে।
নিউ ফারাক্কার কাছে রেললাইনে ধসের পর পরিস্থিতি স্বাভাবিক করতে জোরকদমে কাজ করছে রেল কর্তৃপক্ষ। বিকেলের মধ্যে ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করছেন রেলকর্মীরা।
ধসের কারণে অধিকাংশ ট্রেন নিউ ফারাক্কার কাছ থেকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ফরাক্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে মেরামতের কাজ চলছে।
ঘুরপথে চলা ট্রেনগুলো ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে। এখন পর্যন্ত এভাবে প্রায় ১৬০টি ট্রেন চলাচল করেছে।
রেল কর্মকর্তারা জানান, শিগগিরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ব্যবস্থা তুলে নেওয়া হতে পারে। সন্ধ্যার পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার দক্ষিণমুখী পদাতিক, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেলের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিলের তালিকায় আছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হমসফর এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, যোগবনী-কলকাতা এক্সপ্রেস, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তাতোর্সা এক্সপ্রেস, মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশ্যাল ট্রেন, সহর্ষ-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস।
বাতিল করা হয়েছে মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদহ-সাহিবগঞ্জ মেমু, সাহিবগঞ্জ-আজিমগঞ্জ মেমু, ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহিবগঞ্জ-মালদহ মেমু, আজিমগঞ্জ-সাহিবগঞ্জ মেমু, আজিমগঞ্জ-বরহারওয়া প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন।
ফরাক্কায় মূলত রেললাইনের ভিত শক্ত করার কাজ চলছে। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বারবার ধস নামছে। বালির বস্তা ও পাথরের টুকরো দিয়ে মাটি শক্ত করার চেষ্টা করছেন রেলের প্রকৌশলীরা। তবে, এ কাজ শেষ করতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা বৃষ্টি না হওয়া প্রয়োজন। এর মধ্যে আবার বৃষ্টি হলে মেরামতের কাজ ব্যাহত হতে পারে।
ধসের স্থানের পাশেই একটি জলাশয় থাকায় সমস্যা আরো বেড়েছে। জলাশয় থেকে পানি চুঁইয়ে মাটির নিচে ঢুকে পড়ায় মাটি দুর্বল হয়ে যাচ্ছে। এ ছাড়া রেললাইনের পাশের একটি বিদ্যুতের খুঁটিও একদিকে হেলে পড়েছে।
মেরামতের কাজ শেষ হলে প্রথমে ইঞ্জিন চালিয়ে লাইনে পরীক্ষা করা হবে। এরপর দুই কামরার একটি পরিদর্শন ভ্যান চালানো হবে। সবকিছু ঠিক থাকলে এক ঘণ্টা পর এলবিএইচ কামরার ট্রেন চালানো হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হবে।
দেশটির পূর্ব রেল শনিবার সকালে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেললাইনে সিগন্যালিং ব্যবস্থা মেরামতের কাজ চলছে। নিরাপদ ও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল নিশ্চিত করতে প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।
রেল কর্মকর্তারা জানান, মেরামতের কাজ এখন শেষ ধাপে রয়েছে। সবকিছু ঠিকঠাক রয়েছে কি না নিশ্চিত করেই ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ