০১:২৯ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপি একটি গণবিজ্ঞপ্তিতে বিধিনিষেধের বিষয়টি ঘোষণা করে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকার মধ্যে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক এবং দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা
আরও পড়ুন: ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, কিশোর গ্যাংয়ের নেতা বুলেট গ্রেফতার
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন