ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, পুলিশ অস্বীকার করেছে


ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ভিডিও, পুলিশ অস্বীকার করেছে

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা অস্বীকার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার প্রায় এক ঘণ্টা পরে ‘মোহাম্মদ তামিম’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন ‘রয়েল রিয়াদ’ ভাই। জয় বাংলা!’

ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের শব্দের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানালেন

ঘটনার প্রত্যক্ষদর্শী দ্বীন ইসলাম মুঠোফোনে জানান, তার সামনেই চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কে বেরিয়ে আসেন।

তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ঘটনাটি দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ট্রাকের চাকা বিস্ফোরিত হওয়ার শব্দকে ককটেল বিস্ফোরণ বলে মনে করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লৌহজংয়ে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, দুই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


লৌহজংয়ে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, দুই গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসআরবি-১০ এর বিশেষ অভিযানে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল এসব পণ্য জব্দ করে।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুটি কাভার্ড ভ্যান থেকে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৩০ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সাতক্ষীরা সদর থানার ঝোনা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং সাতক্ষীরার কলারোয়া থানার জালাল উদ্দিনের ছেলে নজমুল হোসেন (৩২)।

এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়াদামে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য জব্দ করা মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পুলিশের অভিযানে আ’লীগ নেতাসহ ৪৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


চাঁদপুরে পুলিশের অভিযানে আ’লীগ নেতাসহ ৪৯ জন গ্রেফতার

চাঁদপুর, ১১ নভেম্বর, ২০২৬ : জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ৩৭ জনকে আটক করেছে পুলিশ। কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

আজ সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৪ জন, ফরিদগঞ্জ থানা ৫ জন, মতলব দক্ষিণ থানা ১ জন, মতলব উত্তর থানা ১ জন, হাজীগঞ্জ থানা ২ জন, শাহরাস্তি থানা ১ জন এবং কচুয়া থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৬ মাদকসেবিকে গ্রেফতার করে। ফরিদগঞ্জে ৩ জনের কাছ থেকে ২৩ পিস, মতলব দক্ষিণে ২ জনের কাছ থেকে ১০ পিস এবং শাহরাস্তিতে ১ জনের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাজীগঞ্জে ১ জনের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিভিন্ন মামলায় আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ৪ জন এবং কচুয়ায় ২ জন।

এছাড়া বিভিন্ন ধারায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন এবং শাহরাস্তি থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

এদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। এরমধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৩ জন, হাইমচর ৫ জন, ফরিদগঞ্জ ৬ জন, মতলব দক্ষিণ ৫ জন, মতলব উত্তর ৫ জন, হাজীগঞ্জ ৪ জন এবং কচুয়া থানা পুলিশ ৯ জনকে আটক করে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসস’কে জানান, আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। অবশিষ্ট ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

গ্রেফতার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক যুব নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১০ দিনের সফরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

তার ঢাকা ছাড়ার কথা রয়েছে বুধবার (১১ নভেম্বর) রাতে চীনের উদ্দেশ্যে। আগামী ১২ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চীনের বেইজিং ও হেইনান শহরে অনুষ্ঠিত হবে ‘Youth Leadership Program on Building a Community with a Shared Future Among Neighboring Countries 2026’ শীর্ষক এই কর্মসূচি।

চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান China Foreign Affairs University। এতে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

কর্মসূচিতে তরুণ নেতৃত্বের বিকাশ, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সফর সম্পর্কে মো. রিয়াজুল ইসলাম বলেন, "চীন সরকারের আমন্ত্রণে এই কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। এতে বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে নতুন ধারণা অর্জনের সুযোগ তৈরি হবে।" সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় মাহি, নিউইয়র্কে সাইমন, তবুও মুক্তি পাচ্ছে 'আনন্দ অশ্রু'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


কলকাতায় মাহি, নিউইয়র্কে সাইমন, তবুও মুক্তি পাচ্ছে

নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন, অপরদিকে নায়ক সাইমন সাদিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। দুজনের কেউই দেশে নেই, তবে তাদের অনুপস্থিতি নতুন সিনেমা মুক্তিতে কোনো বাধা সৃষ্টি করছে না। দীর্ঘ অপেক্ষার পর সাইমন-মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আগামী ১৩ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন।

দেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও সিনেমার প্রচারণা নিয়ে নির্মাতা খুব একটা উদ্বিগ্ন নন। তিনি মনে করেন, সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাবে এবং দর্শকরা এর মূল্যায়ন করবেন।

মাহিয়া মাহি একসময় ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ছিলেন। তবে গত দুই বছরে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। সর্বশেষ তিনি ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হয়েছিলেন। এর আগে ‘বুবুজান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। নির্বাচনে পরাজয়ের পর তিনি অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এরপর থেকে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে পোস্টের মাধ্যমে আলোচনায় এলেও ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর সামনে আসে।

অন্যদিকে, ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইমন সাদিক। এরপর থেকে তিনি দেশে ফেরেননি। এই সময়ের মধ্যে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তার অভিনয়ের খবরও প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর এবার মাহির সঙ্গে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে ৩৪টি প্রদর্শনী চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে কতটি প্রদর্শনী পাওয়া যাবে, তা আজ-কালের মধ্যে জানা যাবে।

নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকায় প্রচারণায় কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও তারা ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এমনিতেও দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারণা চালান। তারা না থাকায় তাই খুব একটা সমস্যা মনে করছি না। তা ছাড়া ছবিটি বেশ কিছুদিন ধরে মুক্তি দেব দেব করেও দেওয়া হচ্ছিল না। এখন ভাবছি, আর দেরি না করি। দর্শকের জন্য বানানো ছবি তাদের কাছে পৌঁছে দিই, তারা দেখে বলুক, কেমন লাগছে।’

উল্লেখ্য, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র সঙ্গে নামের মিল থাকলেও নতুন সিনেমাটি পুরোনোটির কোনো সিক্যুয়াল নয়। ছবিটি সম্পূর্ণ মৌলিক ও ভিন্ন গল্পে নির্মিত হয়েছে। পরিচালক একে আখ্যা দিয়েছেন ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা হিসেবে।

এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাদের মতামত জানাবেন।’

পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান মানিকের এটি ১২তম সিনেমা। প্রায় দুই বছর আগে ছবিটির সেন্সরসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। তবে মুক্তির উপযুক্ত সময়ের অপেক্ষায় এত দিন সিনেমাটি আটকে ছিল। অবশেষে অভি কথাচিত্রের পরিবেশনায় প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন। নতুন ‘আনন্দ অশ্রু’তে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%