ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাচ্ছে ভারতীয় পোশাক প্রস্তুতকারকরা: শুল্কের প্রভাব


যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাচ্ছে ভারতীয় পোশাক প্রস্তুতকারকরা: শুল্কের প্রভাব

ভারতের রাঁচির ওরিয়েন্ট ক্রাফটের কারখানায় শত শত নারী শ্রমিক সেলাই মেশিনে ব্রিটিশ খুচরা বিক্রেতা নেক্সট ও মার্কস অ্যান্ড স্পেনসারের জন্য পোশাক, শার্ট এবং শিশুদের পোশাক তৈরি করছেন।

কিছুদিন আগে, ওরিয়েন্ট ক্রাফটের উৎপাদিত অধিকাংশ পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো। কিন্তু যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ৭৭ বছর বয়সী সুধীর ধিংরা দেশটিতে পণ্য পাঠানো কমিয়ে দিয়েছেন। গত বছর যুক্তরাষ্ট্রের শুল্ক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় আমেরিকান ঈগল ও গ্যাপের মতো ক্রেতাদের কাছ থেকে পাওয়া ক্রয়াদেশেও প্রভাব পড়ে।

বর্তমানে শুল্কের হার কমেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে, একটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকাকে বড় ঝুঁকি মনে করছেন সুধীর ধিংরা।

আরও পড়ুন: পোল্যান্ডে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই জাতীয়তাবাদীদের সমাবেশ

তিনি বলেন, ‘চুক্তি হলেও সেটি কার্যকর থাকবে—এর নিশ্চয়তা কী? আমি আর মাথার ওপর এমন ঝুলন্ত তলোয়ার দেখতে চাই না।’

শুল্কের আকস্মিক পরিবর্তনের পর ভারতের অনেক প্রতিষ্ঠানই তাদের রপ্তানি বাজার নতুন করে সাজাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমাচ্ছে। এর ফলে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় নয়াদিল্লির অবস্থান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারতের দুর্বলতাও কমতে পারে।

সুধীর ধিংরা বলেন, ২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্রেতারা অনেক ক্রয়াদেশ বাতিল করেন অথবা মূল্যছাড় চান। কিছু ক্রেতা সরবরাহকারীদের ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের বোঝা বহন করতে বলেন। অথচ পোশাক প্রস্তুতকারকদের মুনাফার হারই ১০ শতাংশের কম।

এরপর, ওরিয়েন্ট ক্রাফট যুক্তরাজ্য, ইউরোপ এবং তুলনামূলক কম পরিমাণে ভারতের অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়িয়েছে। আগে প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮৪ শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ১৫০ কোটি রুপি (১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার)।

আরও পড়ুন: মেক্সিকোর অভিবাসনপ্রত্যাশীদের বহর আটকে দেওয়ার চেষ্টা

বর্তমানে যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ আইনের আওতায় ভারতীয় পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক রয়েছে। এর পাশাপাশি পণ্যের ধরন অনুযায়ী ৬ থেকে ১২ শতাংশ পর্যন্ত সাধারণ শুল্কও প্রযোজ্য।

ইউরোপের দিকে ঝুঁকছে বড় রপ্তানিকারকেরা। ভারতের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসও ইউরোপের বাজারে ব্যবসা বাড়াচ্ছে। প্রতিষ্ঠানটিতে ৫৩ হাজারের বেশি কর্মী কাজ করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিবরামকৃষ্ণন গণপতি বলেন, ‘এটি সাময়িক কোনো পরিবর্তন নয়।’

তিনি জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানের মোট আয়ে ইউরোপের অংশ ১৫ থেকে ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ ৫০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট সময়ে ভারতের বস্ত্র, পোশাক ও গৃহসজ্জাসামগ্রী রপ্তানি যুক্তরাষ্ট্রে আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে অন্যান্য বাজারে রপ্তানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫২০ কোটি ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: বাবার গ্রেফতারের পর প্রথমবার জনসমক্ষে মেগান, ব্রাসেলসে নীরব

শিল্পসংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। চলতি বছরের আগস্ট শেষে তা কমে ২৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

নতুন বাজার খোঁজা ও উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, পণ্য পরিবহনের বাড়তি খরচ এবং মার্কিন ক্রেতাদের মূল্যছাড়ের চাপ তাদের মুনাফা কমিয়ে দিয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজার তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি গত জুলাইয়ে কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় পোশাক যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের চুক্তি হলে ভারতীয় পোশাকের ওপর ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত শুল্ক উঠে যেতে পারে।

অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান এ সাকথিভেল বলেন, ‘জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস আমাদের প্রধান লক্ষ্যবাজার।’ রপ্তানিকারকেরা উৎপাদন ব্যয় কমানোর দিকেও নজর দিচ্ছেন।

আরও পড়ুন: বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক ছড়ালো কলকাতার বিমানবন্দরে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের রাঁচি এত দিন কয়লা ও লৌহ আকরিকের জন্য পরিচিত ছিল। তবে এখন সরকারি ভর্তুকি, সহজে জমি পাওয়া এবং শিক্ষিত ও নির্ভরযোগ্য শ্রমিকের কারণে সেখানে পোশাক কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে। রয়টার্স রাঁচি ও আশপাশের তিনটি কারখানা পরিদর্শন করেছে। এসব কারখানায় সব মিলিয়ে প্রায় ৮ হাজার মানুষ কাজ করেন।

গোকালদাসের পরিচালন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সিং বলেন, ‘ভারতের অন্যান্য উৎপাদনকেন্দ্রের তুলনায় এখানে আমাদের উৎপাদন দক্ষতা অন্তত ১০ শতাংশ বেশি।’

রাঁচিতে গোকালদাসের দুটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে তৃতীয় একটি কারখানা চালুর পরিকল্পনা করছে। নতুন কারখানাটি চালু হলে সর্বোচ্চ ৪ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হতে পারে। রাঁচিভিত্তিক প্রতিষ্ঠান অবার্ন ডিজাইনের বিরেন্দ্র রাওয়াত বলেন, ‘আমরা কোনো একটি বাজার, পণ্য কিংবা ক্রেতার ওপর নির্ভর করতে পারি না।’

প্রতিষ্ঠানটি স্থানীয় লাইসেন্সধারী প্রতিষ্ঠান পেজ ইন্ডাস্ট্রিজের মাধ্যমে জকি ব্র্যান্ডের অন্তর্বাস ও পোশাক তৈরি করে। মাসে ৫০ থেকে ৬০ লাখ পোশাক উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এসব পণ্য ভারত ও প্রতিবেশী দেশগুলোতে বিক্রি হয়।

আরও পড়ুন: ইরান আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে

ভারতের অভ্যন্তরীণ বাজারও বড় ভরসা

রপ্তানি বাজারের অনিশ্চয়তা মোকাবিলায় ভারতের নিজস্ব পোশাক বাজারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির অভ্যন্তরীণ পোশাক বাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি ডলার। প্রতিবছর এ বাজার ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়ছে। ফলে রপ্তানি বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও অভ্যন্তরীণ বাজার থেকে নিয়মিত আয় ও চাহিদা পাওয়ার সুযোগ রয়েছে।

ভারতের বস্ত্রশিল্পবিষয়ক সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি বলেন, ‘বিশেষ করে যেসব রপ্তানিকারক যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বেশি নির্ভরশীল, তাঁদের জন্য বাজারের বৈচিত্র্য আনা এখন দীর্ঘমেয়াদি কৌশলে পরিণত হচ্ছে।’

রপ্তানিকারকেরা বলছেন, বাজারের আকার এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে তাঁরা যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ছেড়ে দেবেন না। তবে শুল্ক নিয়ে সাম্প্রতিক অস্থিরতার কারণে শুল্ক কমলেও যুক্তরাষ্ট্রের বাজার আগের মতো আধিপত্য ফিরে পাবে, এমন সম্ভাবনা কম।

আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

সুধীর ধিংরা বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজার গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ কোনো একটি বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপাবলির দিনে নানাকে হারালেন রণবীর সিং, ৯৬ বছর বয়সে মারা গেলেন চিকিৎসক রাম হিঙ্গোরানি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


দীপাবলির দিনে নানাকে হারালেন রণবীর সিং, ৯৬ বছর বয়সে মারা গেলেন চিকিৎসক রাম হিঙ্গোরানি

দীপাবলির দিন ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নানা, চিকিৎসক রাম হিঙ্গোরানি। পরিবারের সদস্যরা যখন লক্ষ্মীপূজায় ব্যস্ত ছিলেন, তখনই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রণবীরের কাজিন সৌম্য হিঙ্গোরানি ঠাকরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানার মৃত্যুর খবর জানান। ইনস্টাগ্রামে তিনি কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেন। সেখানে সৌম্য উল্লেখ করেন, ‘৯৬ বছর বয়সেও তিনি ছিলেন প্রাণবন্ত। এটি শোকের নয়, বরং উদ্‌যাপনের মতো একটি গৌরবময় জীবন।’

নানাকে স্মরণ করে সৌম্য আরো লেখেন, ‘আমার দাদু, চিকিৎসক রাম, শান্তিতে চলে গেছেন। দীপাবলির দিন দাদির কাছে ফিরে যাওয়ার জন্য এর চেয়ে শুভ সময় আর কী হতে পারত! দিনের সবচেয়ে সুন্দর সময়ে, লক্ষ্মীপূজার সময় তিনি চলে গেলেন। পৃথিবীর সেরা দাদু হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সবকিছু দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্য এক স্কুপ আইসক্রিম রেখে দিয়ো। আবার একদিন একসঙ্গে নাচব। হরি ওম।’

সৌম্য তার পোস্টে আরো জানান, তিনি বিশ্বাস করেন যে, দাদা-দাদি একসঙ্গে বসে তাদের পরিবারের সদস্যদের দেখছেন। তাদের স্মৃতির প্রতি ভালোবাসাও প্রকাশ করেন তিনি।

রণবীর সিংয়ের নানার সঙ্গে সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। ২০২০ সালের আগস্টে নানার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে ‘নানা-জি’ বলে উল্লেখ করেছিলেন।

২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রচারের সময়ও নানার সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন রণবীর। একটি ভিডিওতে ‘হোয়াট ঝুমকা’ গানে নানার সঙ্গে নাচতে দেখা যায় তাকে। সে সময় ৯৩ বছর বয়সী নানার গায়ে ছিল ‘টিম রকি’ লেখা টি-শার্ট। মজার ছলে নানাকে বলতে শোনা যায়, ‘টিক্কি ছাড়ো, টেকিলা লাও।’

এ ছাড়া ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময়ও নানার ছবি শেয়ার করেছিলেন রণবীর। প্রচণ্ড গরমের মধ্যেও ৯৩ বছর বয়সে ভোট দিতে যাওয়ায় নানার প্রশংসা করেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘বাইরে তাপমাত্রা ৯৩ ডিগ্রি, তার বয়সও ৯৩। তবু তিনি ভোট দিয়েছেন। তিনি একজন ভোটার। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।’

নানার মৃত্যুর পর এখন পর্যন্ত রণবীর সিং কিংবা তার স্ত্রী দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি দ্রুত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল (সোলার) স্থাপন নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেন।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌরসভাগুলোতে সৌর প্যানেলের জন্য ইতোমধ্যেই অর্থ পাঠানো হয়েছে। কিন্তু তাও বেশিরভাগ পৌরসভায় এখনও এই প্যানেল স্থাপন করা হয়নি।

তিনি দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে পৌরভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেন।

এছাড়াও, তিনি পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌর সেবা যাতে নাগরিকরা কোনো ধরণের ভোগান্তি ছাড়াই পায় তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এর আগে, তিনি ফ্যামিলি কার্ডসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক ছড়ালো কলকাতার বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক ছড়ালো কলকাতার বিমানবন্দরে

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। মুম্বাইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের হুমকি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমান সূত্রে জানা গেছে, বিমানটির শৌচাগারের আয়নায় একটি হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।

খবর অনুযায়ী, বিমানটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ই ওই হুমকি বার্তাটি নজর আসে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান।

এরপর বিমানটিকে সঙ্গে সঙ্গে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিশেষায়িত বিমানবন্দর সুরক্ষা কর্মীরা একটি ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। বিমানটিতে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রতিটি কোণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, এই হুমকি বার্তা কে বা কারা লিখেছে এবং এর পেছনে কার হাত রয়েছে, তা উদঘাটনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে একটি তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যপ্রযুক্তির সহায়তায় এপিবিএনের ৬৫৫টি হারানো মোবাইল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


তথ্যপ্রযুক্তির সহায়তায় এপিবিএনের ৬৫৫টি হারানো মোবাইল উদ্ধার

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের জন্য দ্রুত ও কার্যকর সেবা প্রদানের উদ্দেশ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অক্টোবর ২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এপিবিএন হেডকোয়ার্টার্স এলআইসি শাখার প্রদত্ত তথ্যপ্রযুক্তির সহায়তার ভিত্তিতে বিভিন্ন ইউনিটে মোট ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ৪টি হ্যাকড ফেসবুক আইডি, ২টি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ১টি ইমু অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে ১টি মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং নগদ ৫০০ টাকা, ১৫টি সিম কার্ড এবং বিকাশ/নগদ প্রতারণার ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযান ও গোয়েন্দা কার্যক্রমের ফলে ৩টি ওয়ান শুটার গান, ১টি এক নলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা, ৬টি ছুরি এবং ১টি হাতুড়ি উদ্ধার হয়েছে। এ সংক্রান্ত ৪টি মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১.০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ৬টি মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় ৪১৫টি মামলায় ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই/কাস্টমস/ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা আদায় ও সাজা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমে ৫০টি মামলায় ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন অভিযানে ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন এজাহারনামীয় আসামি, মানব পাচারের ১টি মামলায় ৩ জন, হত্যা মামলার ৩টিতে ৩ জন এবং ৯ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরির ১টি মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, অপহরণের ১টি মামলা দায়ের করা হয়েছে এবং পলায়নকালে ৭ জন এফডিএমএন সদস্যকে আটক করা হয়েছে।

এপিবিএনের অভিযানে ১.৮৪৪ কেজি স্বর্ণের বার/অলংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ সংক্রান্ত ১৩টি মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সামুদ্রিক কাঁকড়া ৭৬০ কেজি, কসমেটিকস ৩৯৬ কেজি, এয়ারবার্ডস ২টি, ঘড়ি ৯ পিস, শাড়ি/থ্রি-পিস ৬৩ পিস, খাদ্যদ্রব্য ২১৩ কেজি, ফেব্রিকস ৪১৫ কেজি, মেডিসিন ২ কেজি, ইমিটেশন জুয়েলারি ১ কেজি, পানির ট্যাপ ১৭টি, সোলার প্যানেল ২টি, হারানো ব্যাগেজ ২টি, বৈদ্যুতিক ব্যাটারি ১১টি এবং অনুমোদনহীন সিএনজি ৭টি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রা ১ লাখ ১২ হাজার ৩৩০ টাকা এবং কুয়েতি মুদ্রা ৩০ দিনার উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ৪ শিশু উদ্ধার হয়েছে এবং ৩২ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১টি মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০২টি যানবাহন আটক করা হয়েছে এবং শাহপুরী হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ক্যাম্প এলাকা থেকে নগদ ৬০ হাজার ৬৫০ টাকা ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২০২৬ মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএনের মাধ্যমে মোট ২৮টি (জিআর/সিআর) মামলা রুজু করা হয়েছে। মামলাগুলোতে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

এপিবিএন অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%