ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ


মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যানবাহনের সামনে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে গাড়ি থামানোর চেষ্টা করছে ছিনতাইকারী চক্র। টায়ার পাংচারের শব্দ মনে করে যদি কেউ নির্জন স্থানে গাড়ি থামায়, তাহলে ছিনতাইয়ের শিকার হওয়ার ঝুঁকি থাকে। এই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য চালক ও যাত্রীদের সচেতন করতে মীরসরাই থানা পুলিশ বিশেষ সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন কর্মসূচির নেতৃত্ব দেন।

পুলিশের বিতরণ করা লিফলেটে উল্লেখ করা হয়েছে, ছিনতাইকারী চক্র রাতের যেকোনো সময় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে। এতে চালকেরা টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামান। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইস্তাম্বুল যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা

এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে নির্জন স্থানে গাড়ি না থামানোর পরামর্শ দিয়েছে পুলিশ। অপরিচিত স্থানে রাস্তার পাশে গাছের ডাল, পাথর কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখলে গাড়ি না থামানোর এবং অপরিচিত কেউ হাত দেখিয়ে থামানোর চেষ্টা করলে নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া গাড়িতে ওঠার পরপরই সব দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট কিংবা সিগন্যালে দাঁড়ালে জানালার কাচ না নামানোর এবং রাতের বেলায় যাত্রাবিরতির ক্ষেত্রে নির্জন পেট্রোল পাম্প এড়িয়ে জনবহুল ও আলোকিত হাইওয়ে রেস্তোরাঁ কিংবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতেও সতর্ক করা হয়েছে।

লিফলেটে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে ওভারটেক করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা, মাদকাসক্ত বা ঘুমের ঘোরে গাড়ি না চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করার আহ্বান জানানো হয়েছে।

মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং তিনজন আরোহী নিয়ে চলাচল থেকে বিরত থাকার বিষয়েও সচেতন করা হয়েছে।

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইকারী চক্র বিভিন্ন কৌশলে চালকদের নির্জন স্থানে গাড়ি থামাতে বাধ্য করার চেষ্টা করে। চালকেরা বিকট শব্দ শুনে টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামালে দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহলের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অস্বাভাবিক শব্দ বা সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলে নির্জন স্থানে গাড়ি না থামিয়ে নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে গাড়ির অবস্থা যাচাই করতে হবে। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিএনপি নেতা জাকির শেখকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


খুলনায় বিএনপি নেতা জাকির শেখকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা জাকির শেখ (৪৩)।

বৃহস্পতিবার রাত ১০টার সময় উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত জাকির শেখ ছিলেন রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের পুত্র এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টায় জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মাসুম খান জানান, রাত ১০টায় স্বল্প বাহিরদিয়া এলাকায় হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের জন্য কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেঁতুলিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের অফিস ফাঁকা রেখে ছবি তুলতে গিয়ে সাংবাদিককে হেনস্তার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


তেঁতুলিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের অফিস ফাঁকা রেখে ছবি তুলতে গিয়ে সাংবাদিককে হেনস্তার চেষ্টা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেল টানা ১০ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তবে, তাঁর কর্মস্থলে উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত কর্মঘণ্টায় তিনি স্বাস্থ্যকেন্দ্র ফাঁকা রেখে বাইরে ঘোরাফেরা করেন, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিতে আসার ক্ষেত্রে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ সময় কেন্দ্রটি ফাঁকা থাকার ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে, যা বর্তমানে সংরক্ষিত রয়েছে।

এটি উদ্বেগজনক যে, ওই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা হিসেবে মাত্র একজন রয়েছেন। ফলে, তাঁর অনুপস্থিতিতে বিকল্প কোনো কর্মকর্তা না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একজন কর্মকর্তা চা খেতে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বাইরে গেলে সাধারণ মানুষ কোথায় যাবেন, সেই প্রশ্নও উঠেছে।

স্বাস্থ্যসেবা নিতে আসা আরিফুল নামের একজন ব্যক্তি জানান, “আমি স্বাস্থ্যসেবা নিতে এসে দেখি, চিকিৎসকের চেম্বারে কেউ নেই। অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কেন কর্মস্থলে অনুপস্থিত, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, “চা খাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম। অফিসে এসে আমাকে না পেলে একটু ফোন দিয়েন।”

এদিকে, স্বাস্থ্যকেন্দ্রটি ফাঁকা থাকার দৃশ্য ধারণ করতে গিয়ে সংবাদকর্মী বাধার সম্মুখীন হন। অভিযোগ রয়েছে, অফিসের ছবি তোলার সময় স্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস (অফিস সহায়ক) শামীম হোসেন ছবি তোলা হয়েছে কেন? এমন প্রশ্ন তুলে সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা করেন। জনস্বার্থসংশ্লিষ্ট একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনার অতিরিক্ত দায়িতপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, “বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে ইতোপূর্বে কেউ আমাকে এভাবে অভিযোগ বা বিষয়টি অবগত করেননি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখব এবং তাঁকে এ বিষয়ে সতর্ক করা হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িতপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন।

তাঁদের দাবি, বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে তদন্ত করে সাধারণ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্থানীয় উৎপাদনই বাংলাদেশের অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


‘স্থানীয় উৎপাদনই বাংলাদেশের অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা’

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে পরিবর্তনের হাওয়া অনুভূত হচ্ছে। গ্রাহকদের চাহিদার পরিবর্তন, জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের সম্ভাবনা এই শিল্পের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে। এই পরিস্থিতিতে, বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে স্থানীয় উৎপাদন, নতুন প্রযুক্তি ও বিক্রয়-পরবর্তী সেবায় গুরুত্ব দিচ্ছে মিতসুবিশি মোটরস। বিশেষ করে জনপ্রিয় মডেল এক্সপ্যান্ডারের সাফল্য এবং সম্প্রতি বাজারে আসা এক্সপ্যান্ডার এলপিজি নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশের অটোমোবাইল বাজারের সম্ভাবনা, স্থানীয় উৎপাদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মিতসুবিশি মোটরস বাংলাদেশের একজন প্রতিনিধি।

প্রশ্ন ছিলো, বাংলাদেশের অটোমোবাইল বাজারে বর্তমানে কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? এসব পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে মিতসুবিশি কীভাবে প্রস্তুতি নিচ্ছে? উত্তরে তিনি বলেন, বাংলাদেশের অটোমোবাইল শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গ্রাহকদের ক্রয়ক্ষমতা, জীবনযাত্রা এবং গাড়ি ব্যবহারের ধরনে পরিবর্তন আসছে। একই সঙ্গে জ্বালানি দক্ষতা, আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ও পরিবেশবান্ধব পরিবহনের প্রতি আগ্রহ বাড়ছে। পাশাপাশি স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের সম্ভাবনাও এ শিল্পের সামনে নতুন সুযোগ তৈরি করছে।

তার মতে, বাংলাদেশের অটোমোবাইল বাজারের ভবিষ্যৎ শুধু গাড়ি বিক্রির ওপর নির্ভর করবে না। স্থানীয় উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর, বিক্রয়-পরবর্তী সেবার উন্নয়ন এবং সামগ্রিক গ্রাহক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিতসুবিশি তার বৈশ্বিক প্রযুক্তিগত অভিজ্ঞতা ও স্থানীয় সক্ষমতার সমন্বয় ঘটাচ্ছে। র‍্যানকন-এর সঙ্গে দীর্ঘদিনের বাজার অভিজ্ঞতা এবং র‍্যানকন অটোমোটিভ ইন্ডাস্ট্রিস লিমিটেড (রেইল)-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ এ পরিকল্পনার অংশ। বাংলাদেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের প্রযুক্তি, নির্ভরযোগ্যতা ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে গাড়ি সরবরাহ করাই তাদের লক্ষ্য।

গাড়ির ক্রয়মূল্যের পাশাপাশি পরিচালন ব্যয়ও এখন গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জ্বালানি সাশ্রয়ী গাড়ির বাজারে বাংলাদেশে কী ধরনের সম্ভাবনা দেখছে মিতসুবিশি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকেরা এখন শুধু ক্রয়মূল্য বিবেচনা করছেন না; দীর্ঘমেয়াদে গাড়িটি পরিচালনা করতে কত খরচ হবে, সেটিও সমান গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ফুয়েল এফিশিয়েন্সি ক্রয় সিদ্ধান্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

তিনি জানান, গ্রাহকেরা এমন গাড়ি খুঁজছেন, যা পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দৈনন্দিন যাতায়াতেও সাশ্রয়ী হবে। একই সঙ্গে নিরাপত্তা, আরাম, পারফরম্যান্স ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলোও তাদের বিবেচনায় থাকছে।

বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী গাড়ির বাজারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। তবে শুধু কম জ্বালানি খরচ নয়, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো বিবেচনায় রেখেই মিতসুবিশি এক্সপ্যান্ডার এলপিজি বাজারে এনেছে। এর মাধ্যমে একটি পারিবারিক গাড়ির ব্যবহারিক সুবিধার পাশাপাশি পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের বাজারে মিতসুবিশির জনপ্রিয় মডেল এক্সপ্যান্ডারের সাফল্যের পেছনে কী কারণ রয়েছে? এ সাফল্য থেকে গ্রাহকদের চাহিদা সম্পর্কে কী ধারণা পাওয়া যায়? প্রশ্ন করা হলে, এ প্রসঙ্গে তিনি বলেন, এক্সপ্যান্ডারের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো বাংলাদেশের পরিবারের বাস্তব চাহিদার সঙ্গে গাড়িটির সামঞ্জস্য। সাত আসনের সুবিধা, প্রশস্ত কেবিন, আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা, ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং মিতসুবিশির পরিচিত নির্ভরযোগ্যতা সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ পারিবারিক গাড়ি হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

শুরু থেকেই এক্সপ্যান্ডারকে শুধু একটি গাড়ি হিসেবে নয়, বরং পরিবারের দৈনন্দিন যাতায়াত, দীর্ঘ ভ্রমণ এবং বিভিন্ন প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 'মেড ইন বাংলাদেশ' পরিচয়টিও গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

তিনি বলেন, এক্সপ্যান্ডারের সাফল্য থেকে বোঝা যায়, বাংলাদেশের গ্রাহকেরা এখন গাড়ি কেনার ক্ষেত্রে শুধু ব্র্যান্ড বা ডিজাইনকে গুরুত্ব দেন না। স্পেস, ব্যবহারিক সুবিধা, জ্বালানি দক্ষতা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতাও তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই হাজারের বেশি বুকিংয়ের মাইলফলক অর্জন গ্রাহকদের এই আস্থারই প্রতিফলন।

প্রশ্ন ছিলো, এক্সপ্যান্ডার এলপিজি বাজারে আনার পেছনে মিতসুবিশির মূল উদ্দেশ্য কী? বাংলাদেশের সাশ্রয়ী ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ? উত্তরে তিনি বলেন, এক্সপ্যান্ডার এলপিজি বাজারে আনার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের জন্য গাড়ির দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় কমানোর একটি নির্ভরযোগ্য বিকল্প তৈরি করা। একটি গাড়ি কেনার পর সেটি ব্যবহারের খরচ যেন গ্রাহকের জন্য বাড়তি আর্থিক চাপ হয়ে না দাঁড়ায়, সেটিও অটোমোবাইল নির্মাতা হিসেবে তাদের বিবেচনায় রাখা প্রয়োজন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এক্সপ্যান্ডার এলপিজিতে প্রতি কিলোমিটারে জ্বালানি ব্যয় প্রায় ৭ টাকা ৫০ পয়সা, যা প্রচলিত পেট্রল বা অকটেন ব্যবহারের তুলনায় প্রায় ৪০ শতাংশ সাশ্রয়ী।

তিনি আরও বলেন, এটি শুধু নতুন একটি ভ্যারিয়েন্ট বাজারে আনার উদ্যোগ নয়; বরং গ্রাহকদের অর্থনৈতিক চাহিদার সঙ্গে প্রযুক্তিগত সমাধানের সমন্বয়। ভবিষ্যতে বাংলাদেশের বাজারের প্রয়োজন, জ্বালানি পরিস্থিতি এবং প্রযুক্তিগত সম্ভাবনা বিবেচনায় নিয়ে আরও কার্যকর ও টেকসই পরিবহন সমাধান নিয়ে কাজ করতে চায় মিতসুবিশি।

কারখানায় সংযোজিত এলপিজি প্রযুক্তি প্রচলিত পেট্রলচালিত গাড়ি কিংবা পরে বাইরে থেকে এলপিজি কিট সংযোজন করা গাড়ির তুলনায় কী ধরনের সুবিধা দেয়? এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, এলপিজি প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির মূল ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সঠিক সমন্বয়। বাইরে থেকে এলপিজি কিট সংযোজনের ক্ষেত্রে গাড়ির ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, যন্ত্রাংশের মান এবং ইনস্টলেশনের দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে।

অন্যদিকে, এক্সপ্যান্ডার এলপিজি কারখানায় সংযোজিত ও সমন্বিত প্রযুক্তির সমাধান। গাড়ির মূল ইঞ্জিন ও ফুয়েল ম্যানেজমেন্ট ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি সিস্টেমটি তৈরি ও ক্যালিব্রেট করা হয়েছে। ফলে পারফরম্যান্স, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থা পাওয়া যায়।

তিনি জানান, গাড়িটির এলপিজি ট্যাংক বাইরে স্থাপন করা হয়েছে। যাতে কেবিনের ভেতরের কোনো জায়গা নষ্ট না হয়। পাশাপাশি গাড়িটিতে এলপিজি ও অকটেন দুই ধরনের জ্বালানি ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে এলপিজি রিফুয়েলিংয়ের সুবিধা না থাকলেও গ্রাহক অকটেন ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।

প্রশ্ন ছিলো, এলপিজি প্রযুক্তি গাড়ির কর্মক্ষমতা ও স্থায়িত্বে কী ধরনের প্রভাব ফেলে? এ প্রযুক্তি নিয়ে গ্রাহকদের দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা ও রিফুয়েলিং সুবিধাসংক্রান্ত উদ্বেগ দূর করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? জবাবে তিনি বলেন, এলপিজি প্রযুক্তির ক্ষেত্রে সঠিক ইঞ্জিন ক্যালিব্রেশন, উন্নতমানের যন্ত্রাংশ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সপ্যান্ডার এলপিজিতে কারখানায় সংযোজিত প্রযুক্তি ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ও এলপিজি সিস্টেমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা হয়েছে।

তাদের লক্ষ্য হচ্ছে, গ্রাহকেরা যেন স্বাভাবিক ড্রাইভিং অভিজ্ঞতা বজায় রেখেই জ্বালানি ব্যয়ে সাশ্রয় পান। একই সঙ্গে এলপিজি ও অকটেনের মধ্যে পরিবর্তন করার সুবিধা থাকায় পরিস্থিতি অনুযায়ী জ্বালানি ব্যবহারের সুযোগও রয়েছে।

রক্ষণাবেক্ষণের বিষয়ে তিনি বলেন, গ্রাহকদের নিয়মিত সার্ভিসিং এবং অনুমোদিত সার্ভিস সেন্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। র‍্যানকন-এর সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বৈত জ্বালানি ব্যবহারের সুবিধা এলপিজি রিফুয়েলিংয়ের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন মিতসুবিশির প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কতটা ভূমিকা রাখছে? এর মাধ্যমে উন্নত প্রযুক্তির গাড়ি আরও বেশি গ্রাহকের নাগালে আনা সম্ভব কি? জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি শুধু গাড়ির সরবরাহ বা মূল্য প্রতিযোগিতার বিষয় নয়; বরং দেশের শিল্পায়ন, দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তি স্থানান্তর এবং একটি শক্তিশালী স্থানীয় অটোমোটিভ ইকোসিস্টেম গড়ে তোলার সুযোগ তৈরি করছে।

মিতসুবিশির ক্ষেত্রে র‍্যানকন অটোমোটিভ ইন্ডাস্ট্রিস লিমিটেড-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জাপানি প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশে গাড়ি উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা হচ্ছে।

তার মতে, স্থানীয় উৎপাদনের ফলে আমদানি নির্ভরতা কমানো, সরবরাহ ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি এবং বাজারের প্রয়োজন অনুযায়ী উৎপাদন পরিকল্পনার সুযোগ তৈরি হয়। দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় ও বাজারমূল্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতেও এটি ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক মান ও গ্রাহকের আস্থা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শুধু গাড়ির বাজার হিসেবে নয়, ভবিষ্যতে একটি সম্ভাবনাময় অটোমোবাইল উৎপাদন কেন্দ্র হিসেবেও পরিচিত হোক এটাই তাদের প্রত্যাশা।

বিক্রয়-পরবর্তী সেবা, ওয়ারেন্টি, খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা ও রক্ষণাবেক্ষণ ব্যয় গ্রাহকদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘমেয়াদে গ্রাহকের আস্থা ধরে রাখতে মিতসুবিশির উদ্যোগ কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি ব্র্যান্ডের সঙ্গে গ্রাহকের সম্পর্ক গাড়ি কেনার মধ্য দিয়ে শেষ হয় না; বরং গাড়ি কেনার পরবর্তী অভিজ্ঞতাই সেই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। মিতসুবিশি বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবা, প্রশিক্ষিত টেকনিশিয়ান, জেনুইন স্পেয়ার পার্টসের প্রাপ্যতা এবং নিয়মিত সার্ভিসিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। র‍্যানগস ওয়ার্কসপ-এর দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি জানান, এক্সপ্যান্ডারের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন বাড়তি সুবিধা তৈরি করেছে। পাশাপাশি পাঁচ বছরের ওয়ারেন্টি সুবিধার মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখা, প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য করা এবং গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখাও তাদের অগ্রাধিকারের অংশ।

তার মতে, গ্রাহকের সন্তুষ্টি শুধু বিক্রয়-পরবর্তী সেবার একটি সূচক নয়; বরং দীর্ঘমেয়াদে ব্র্যান্ডের সুনাম ও বিশ্বস্ততা তৈরির অন্যতম ভিত্তি।

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বাজারে মিতসুবিশির পরিকল্পনা কী? স্থানীয় উৎপাদন, নতুন মডেল ও বিকল্প জ্বালানিপ্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ভাবনা কী? মিতসুবিশির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মিতসুবিশির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও বৈচিত্র্যময় পণ্য ও সেবা নিশ্চিত করা।

রেইল-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে মিতসুবিশির বৈশ্বিক পোর্টফোলিও থেকে বাংলাদেশের বাজারের উপযোগী নতুন মডেল ও প্রযুক্তি নিয়ে আসার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

বিকল্প জ্বালানি প্রযুক্তির ক্ষেত্রে বাজারের বাস্তবতা ও গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। এক্সপ্যান্ডার এলপিজি এ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ডিলারশিপ, বিক্রয়-পরবর্তী সেবা এবং গ্রাহক অভিজ্ঞতার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, মিতসুবিশির লক্ষ্য শুধু বাংলাদেশের বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানো নয়; বরং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে একটি দীর্ঘমেয়াদি ও দায়িত্বশীল অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য প্রদান করেন।

স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, সরকারের পরিকল্পনা রয়েছে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার।

প্রস্তাবিত সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা লাভ করবে। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার জন্য তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও প্রতিষ্ঠানটিকে দেওয়া হতে পারে।

তথ্যমন্ত্রী জানান, মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করার জন্য আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানা সহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা, হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।

এছাড়া, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে অথবা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণ করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা পাবে প্রেস কাউন্সিল। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এই ক্ষমতা প্রয়োগের প্রস্তাব রয়েছে।

এদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজে সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।

তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেইস তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলো।

প্রতিমন্ত্রী আরো বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন কিংবা মানুষ কিভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।

তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%