বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৮ পি.এম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম কর্তৃক দুই রপ্তানিকারকের চালানে অনিয়মের অভিযোগ উঠেছে, যেখানে বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের বিষয়টি সামনে এসেছে। পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।
কাস্টমস সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সাভারের ইগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষণার বাইরে নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস পোশাক পাওয়া যায়। এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্বের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি। পাশাপাশি প্রায় ৯ লাখ টাকার মূসক ফাঁকির তথ্যও পাওয়া গেছে।
এর আগে, গত ২৮ অক্টোবর রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি চালান পরীক্ষা করে অনিয়ম শনাক্ত করা হয়। এই চালানে পুরুষদের পোলো শার্ট ঘোষণা করা হলেও পরীক্ষা করার সময় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উভয় ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও মামলা দায়েরের কার্যক্রম চলছে। রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রথমবারের মতো তহবিল পাচ্ছে ৬টি দেশ। বাংলাদেশ এই তহবিলের আওতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। এই অর্থ উপকূলের মানুষের জন্য ব্যয় করা হবে। আশা করা হচ্ছে, শিগগিরই অর্থ ছাড় করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলস্বরূপ এ অনুদানের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, অনুদানের অর্থ প্রাপ্ত হলে উপকূলীয় জনগণের দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। সরকার চাইলে এই অর্থ সবুজায়নের কাজেও ব্যবহার করতে পারবে। তবে ক্ষতিগ্রস্ত জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয় করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণের জন্য স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমের কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তারা কচুরিপানা অপসারণের কার্যক্রম শুরু করে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ‘অব্যবস্থাপনা ও ব্যর্থতার কথা’ উল্লেখ করে শিক্ষার্থীরা লেকের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সেচ্ছাশ্রমের মাধ্যমে আহ্বান জানায়। তারা লেকটি পরিষ্কার করে সেখানে নতুন করে সৌন্দর্যবর্ধিত শাপলা বা পদ্মাফুল স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০ টার পর থেকে চারজন শিক্ষার্থী লেকে নেমে কচুরিপানা পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের তারিক জাহান জয়, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাজিদ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাজমুস সালেহিন ফাহিম। এর আগে শিক্ষার্থী মানিক সবাইকে আহ্বান জানিয়ে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় লিখেছেন, ‘আসুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক (মীর মুগ্ধ সরোবর) সংস্কার করে আগের স্বকীয়তা ফিরিয়ে দেই।
তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় মফিজ লেকের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগে কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনও লেক সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা শিক্ষার্থী হিসেবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সেই উদ্যোগে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
সরেজমিনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান সাংবাদিকদের জানান, আমাদের যে মফিজ লেক (মীর মুগ্ধ সরোবর) আছে, সেখান থেকে কচুরিপানা অপসারণের কাজ করছি। কারণ আমাদের লেকটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে আছে, এবং এটি সংস্কার করা হচ্ছে না। প্রতিবছরই সংস্কার করা হয় কিন্তু পুনরায় কচুরিপানায় ভর্তি হয়ে যায়। আমরা চাই যে এই সংস্কারটি যেন স্থায়ী হয় এবং প্রতিবারই যেন কচুরিপানা না জন্মায়। এর জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি— সাধারণ শিক্ষার্থীরা মিলে লেকটি সংস্কার করার পর লেকে লাল শাপলা বা পদ্ম স্থাপন করবো। আমাদের লেকটিকে পরিষ্কার করার পরে আগাছা দমন করে স্থায়ীভাবে ধ্বংস করার জন্য ঔষধ প্রয়োগ করবো এবং পরে সেখানে লাল পদ্ম স্থাপন করবো। এটি আমাদের লেকের সৌন্দর্য বৃদ্ধি করবে। আরেকটি বিষয়, আমরা প্রশাসন থেকে জানতে পারছি যে তারা সংস্কার করবে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা চাই— যে সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ আছে, তা যেন লেকের সৌন্দর্য বৃদ্ধিতে খরচ করা হয়।
তিনি লেকের মধ্যে কিছু পিলারের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা অনেক আগে থেকেই দেখছি যে এখানে পিলার স্থাপন করা আছে। কিন্তু এর পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না। আমরা চাই যে মীর মুগ্ধ সরোবরের মূল অবকাঠামোটি ফিরে আসুক।
এসময় আরেক শিক্ষার্থী তারিক জাহান জয় জানান, আমাদের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর চাওয়া হচ্ছে একটি সুন্দর লেক থাকবে। এটি ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে সকল শিক্ষার্থীদের চাওয়া। কিন্তু এসব দাবি নিয়ে যখন আমরা প্রশাসনের কাছে পৌঁছাই, তারা আমাদের কাছে বিভিন্ন ধরনের অজুহাত তুলে ধরে, যেমন বাজেট সংকট, লোকবল নেই ও পরিচ্ছন্নতা কর্মী নেই। তাই আমরা চিন্তা করলাম যে নিজেদের উদ্যোগ নিয়ে লেকের সংস্কার করি। এ কাজের মাধ্যমে আমরা প্রশাসনকে দেখাতে চাই যে আসলে স্বদিচ্ছা থাকলেই সম্ভব। বাজেট স্বল্পতা এগুলো হচ্ছে একটি অজুহাত। আমাদের অনুরোধ, যেন তারা আর এসব অজুহাত না দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যানবাহনের সামনে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে গাড়ি থামানোর চেষ্টা করছে ছিনতাইকারী চক্র। টায়ার পাংচারের শব্দ মনে করে যদি কেউ নির্জন স্থানে গাড়ি থামায়, তাহলে ছিনতাইয়ের শিকার হওয়ার ঝুঁকি থাকে। এই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য চালক ও যাত্রীদের সচেতন করতে মীরসরাই থানা পুলিশ বিশেষ সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন কর্মসূচির নেতৃত্ব দেন।
পুলিশের বিতরণ করা লিফলেটে উল্লেখ করা হয়েছে, ছিনতাইকারী চক্র রাতের যেকোনো সময় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে। এতে চালকেরা টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামান। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করে।
এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে নির্জন স্থানে গাড়ি না থামানোর পরামর্শ দিয়েছে পুলিশ। অপরিচিত স্থানে রাস্তার পাশে গাছের ডাল, পাথর কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখলে গাড়ি না থামানোর এবং অপরিচিত কেউ হাত দেখিয়ে থামানোর চেষ্টা করলে নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া গাড়িতে ওঠার পরপরই সব দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট কিংবা সিগন্যালে দাঁড়ালে জানালার কাচ না নামানোর এবং রাতের বেলায় যাত্রাবিরতির ক্ষেত্রে নির্জন পেট্রোল পাম্প এড়িয়ে জনবহুল ও আলোকিত হাইওয়ে রেস্তোরাঁ কিংবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতেও সতর্ক করা হয়েছে।
লিফলেটে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে ওভারটেক করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা, মাদকাসক্ত বা ঘুমের ঘোরে গাড়ি না চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করার আহ্বান জানানো হয়েছে।
মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং তিনজন আরোহী নিয়ে চলাচল থেকে বিরত থাকার বিষয়েও সচেতন করা হয়েছে।
ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইকারী চক্র বিভিন্ন কৌশলে চালকদের নির্জন স্থানে গাড়ি থামাতে বাধ্য করার চেষ্টা করে। চালকেরা বিকট শব্দ শুনে টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামালে দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহলের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অস্বাভাবিক শব্দ বা সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলে নির্জন স্থানে গাড়ি না থামিয়ে নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে গাড়ির অবস্থা যাচাই করতে হবে। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা জাকির শেখ (৪৩)।
বৃহস্পতিবার রাত ১০টার সময় উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত জাকির শেখ ছিলেন রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের পুত্র এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টায় জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি মাসুম খান জানান, রাত ১০টায় স্বল্প বাহিরদিয়া এলাকায় হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের জন্য কাজ শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ