প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যানবাহনের সামনে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে গাড়ি থামানোর চেষ্টা করছে ছিনতাইকারী চক্র। টায়ার পাংচারের শব্দ মনে করে যদি কেউ নির্জন স্থানে গাড়ি থামায়, তাহলে ছিনতাইয়ের শিকার হওয়ার ঝুঁকি থাকে। এই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য চালক ও যাত্রীদের সচেতন করতে মীরসরাই থানা পুলিশ বিশেষ সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন কর্মসূচির নেতৃত্ব দেন।
পুলিশের বিতরণ করা লিফলেটে উল্লেখ করা হয়েছে, ছিনতাইকারী চক্র রাতের যেকোনো সময় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ভারী বস্তু ছুড়ে বিকট শব্দ সৃষ্টি করে। এতে চালকেরা টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামান। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করে।
এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে নির্জন স্থানে গাড়ি না থামানোর পরামর্শ দিয়েছে পুলিশ। অপরিচিত স্থানে রাস্তার পাশে গাছের ডাল, পাথর কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখলে গাড়ি না থামানোর এবং অপরিচিত কেউ হাত দেখিয়ে থামানোর চেষ্টা করলে নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া গাড়িতে ওঠার পরপরই সব দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট কিংবা সিগন্যালে দাঁড়ালে জানালার কাচ না নামানোর এবং রাতের বেলায় যাত্রাবিরতির ক্ষেত্রে নির্জন পেট্রোল পাম্প এড়িয়ে জনবহুল ও আলোকিত হাইওয়ে রেস্তোরাঁ কিংবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতেও সতর্ক করা হয়েছে।
লিফলেটে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে ওভারটেক করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা, মাদকাসক্ত বা ঘুমের ঘোরে গাড়ি না চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করার আহ্বান জানানো হয়েছে।
মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং তিনজন আরোহী নিয়ে চলাচল থেকে বিরত থাকার বিষয়েও সচেতন করা হয়েছে।
ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইকারী চক্র বিভিন্ন কৌশলে চালকদের নির্জন স্থানে গাড়ি থামাতে বাধ্য করার চেষ্টা করে। চালকেরা বিকট শব্দ শুনে টায়ার পাংচার হয়েছে মনে করে নির্জন স্থানে গাড়ি থামালে দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহলের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অস্বাভাবিক শব্দ বা সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলে নির্জন স্থানে গাড়ি না থামিয়ে নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে গাড়ির অবস্থা যাচাই করতে হবে। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন