বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৩ পি.এম
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল। পরে পাওয়ার কারে থাকা দুটি প্যাকেট খুলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. জয়নাল আবেদীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। এ সময় পাওয়ার কারের দায়িত্বে থাকা অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে বোমাসদৃশ কিছু থাকার সন্দেহের কথা জানান। খবর পেয়ে তিনি ও গার্ড দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জিআরপি থানার ওসি ও এসআই রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে এসে পৌঁছান।
জয়নাল আবেদীন বলেন, সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে তিনি সিগন্যাল বাতিল করেন। পরে জিআরপি পুলিশের এসআই রফিক প্যাকেট দুটি উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তী সময়ে পরীক্ষা করে সেগুলোর ভেতরে ইয়াবা পাওয়া যায়।
স্টেশনমাস্টার আরও জানান, কক্সবাজারে কর্মরত এনএসআই কর্মকর্তা নুর হোসেনের উপস্থিতিতে প্যাকেটগুলো খোলা হয় এবং ভিডিও ধারণ করা হয়। মোট ৪০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আনুমানিক ১৭০ থেকে ১৮০ পিস করে ইয়াবা ছিল। সব মিলিয়ে ইয়াবার সংখ্যা প্রায় ৬ হাজার ৭০০ পিস বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ট্রেন ছাড়তে প্রায় পাঁচ মিনিট বিলম্ব হয় বলে জানান জয়নাল আবেদীন।
অন্যদিকে, জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ৪০টি প্যাকেটে ইয়াবা ছিল। সব মিলিয়ে আনুমানিক ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
প্যাকেটগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, তার প্রাথমিক ধারণা, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে। কারণ ওয়াশপিট থেকে ট্রেন স্টেশনে আসার পরপরই যাত্রীরা ওঠা শুরু করেন। তখন এ ধরনের প্যাকেট লুকিয়ে রাখার সুযোগ সীমিত।
তবে এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ট্রেনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্যাকেটগুলো কারা, কখন এবং কীভাবে সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই জিআরপি কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন ফারজানা চুমকি, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাবলীল অভিনয় ও নান্দনিক রূপায়ণে পরিচিত। কখনো মঞ্চে, আবার কখনো ছোটপর্দায়, তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন তার নতুন ধারাবাহিক নাটক ও বহুমুখী কাজের সুবাদে।
বর্তমানে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। এই নাটকে ‘আয়েশা’ চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা অর্জন করেছেন। নাটকটির কয়েকটি পর্ব প্রচারের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চুমকি নাটকটিতে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির (মেহনাজ কবির চরিত্রে) মায়ের ভূমিকায় অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেতা জাহিদ হোসেন শোভন।
নতুন কাজ নিয়ে ফারজানা চুমকি বলেন, “এই ধারাবাহিকে আয়েশা চরিত্রে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মাত্র কয়েকটি পর্ব প্রচারে এলেও নাটকটি ইতিমধ্যে তুমুল আলোচনায় এসেছে। নিলয় এবং হিমি যে কতোটা জনপ্রিয়, তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলব্ধি করেছি। শিল্পী হিসেবেও তারা দু’জন ভীষণ ভালো এবং বেশ বিনয়ী। আর শোভন ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করে খুব ভালো লাগলো। আমি এই ধারাবাহিকের পরিচালক তানভীর তন্ময়সহ পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ভবিষ্যতেও আরও ভালো ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি।”
‘প্রথম প্রেমের গল্প’ ছাড়াও ফারজানা চুমকি বৈচিত্র্যময় সব কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া বর্তমানে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।
ছোটপর্দার পাশাপাশি মঞ্চনাটকের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে বর্তমানে তিনি ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া দলটির হয়ে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। চুমকির সাফ কথা, মঞ্চনাটকে তিনি আজীবন নিয়মিত অভিনয় করে যেতে চান।
ফারজানা চুমকির অভিনয় জীবনের পথচলা শুরু হয় ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বহুল আলোচিত নাটক দিয়ে। পরের বছর তিনি সেসময়ের অত্যন্ত জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নেন। প্রয়াত প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
এরপর নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গা থেকে তিনি যুক্ত হন দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সঙ্গে। ঢাকা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে উপহার দিয়েছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতীকন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এর মতো অসংখ্য প্রশংসিত নাটক। মঞ্চ ও টেলিভিশন—দুটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ফারজানা চুমকি আজও দর্শকদের হৃদয়ে ভালোবাসার আসন ধরে রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দলটি ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদকসহ মোট ২০টি পদক জিতে দ্বিমুকুট অর্জন করেছে।
৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আনসার-ভিডিপি এই সাফল্য অর্জন করে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে ১০টি ওজন শ্রেণিতে ৮৪ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে আনসার-ভিডিপি ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদকসহ মোট ১০টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হয়।
নারী বিভাগেও আনসার-ভিডিপির দাপট ছিল। ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দলটি ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। দুই বিভাগ মিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২০টি পদক জিতে কুস্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আনসার-ভিডিপি।
এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি মহাপরিচালক নিজে তাদের নিয়মিত অনুপ্রেরণা দিয়েছেন।
মহাপরিচালক আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির ক্রীড়াবিদেরা বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশগত সংকট মোকাবিলার উদ্দেশ্যে সচেতনতা, প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রীন ভয়েসের উদ্যোগে ‘Environmental Crisis to Resilient Future: Awareness, Preparedness and Action’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ও গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. মো. ইকবাল সারওয়ার।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অনিক সরকার।
কর্মশালায় অধ্যাপক ড. মো. ইকবাল সারওয়ার দুর্যোগ বিষয়ে সচেতনতা, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ভূমিকম্প ও জলাবদ্ধতার মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, করণীয় এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি প্লাস্টিকের ব্যবহার কমানো, মাটির ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকের স্ট্র ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সমস্যা মোকাবিলায় সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাংলাদেশের পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্যের ওপর পরিবেশগত পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয় তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে অনিক সরকার বলেন, পরিবেশগত সংকট এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্য হ্রাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের ভবিষ্যৎকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু আলোচনা বা সচেতনতা তৈরি করাই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত দায়িত্ববোধ, সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ।
কর্মশালার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও আলোচকদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ