ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়


কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দলটি ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদকসহ মোট ২০টি পদক জিতে দ্বিমুকুট অর্জন করেছে।

৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আনসার-ভিডিপি এই সাফল্য অর্জন করে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে ১০টি ওজন শ্রেণিতে ৮৪ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে আনসার-ভিডিপি ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদকসহ মোট ১০টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের বিশেষ প্রশিক্ষণ শুরু

নারী বিভাগেও আনসার-ভিডিপির দাপট ছিল। ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দলটি ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। দুই বিভাগ মিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২০টি পদক জিতে কুস্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আনসার-ভিডিপি।

এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি মহাপরিচালক নিজে তাদের নিয়মিত অনুপ্রেরণা দিয়েছেন।

মহাপরিচালক আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির ক্রীড়াবিদেরা বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবেন।

আরও পড়ুন: সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে গ্রীন ভয়েসের কর্মশালা: পরিবেশগত সংকট মোকাবিলায় আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


চবিতে গ্রীন ভয়েসের কর্মশালা: পরিবেশগত সংকট মোকাবিলায় আলোচনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশগত সংকট মোকাবিলার উদ্দেশ্যে সচেতনতা, প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রীন ভয়েসের উদ্যোগে ‘Environmental Crisis to Resilient Future: Awareness, Preparedness and Action’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ও গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. মো. ইকবাল সারওয়ার।

আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অনিক সরকার।

কর্মশালায় অধ্যাপক ড. মো. ইকবাল সারওয়ার দুর্যোগ বিষয়ে সচেতনতা, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ভূমিকম্প ও জলাবদ্ধতার মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, করণীয় এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি প্লাস্টিকের ব্যবহার কমানো, মাটির ওপর প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও প্লাস্টিকের স্ট্র ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সমস্যা মোকাবিলায় সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাংলাদেশের পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জনস্বাস্থ্যের ওপর পরিবেশগত পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয় তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে অনিক সরকার বলেন, পরিবেশগত সংকট এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্য হ্রাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের ভবিষ্যৎকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু আলোচনা বা সচেতনতা তৈরি করাই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত দায়িত্ববোধ, সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ।

কর্মশালার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও আলোচকদের সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভূমিকা: নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রের ভূমিকা: নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওর একটি বিশাল গির্জায় মানচিত্র প্রদর্শন করছিলেন যাজক জন হেগি। তিনি উল্লেখ করেন, ঈশ্বর ইহুদি জনগণের জন্য আধুনিক মিসরের অর্ধেক, পুরো ইসরাইল, লেবানন, সিরিয়া, জর্ডান, কুয়েত এবং সৌদি আরবের তিন-চতুর্থাংশ ভূখণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

হেগি তার অনুসারীদের জানান, এটি কোনো দর-কষাকষির বিষয় নয়। তার ভাষায়, ‘ঈশ্বর বলছেন না, চলো একটা সমঝোতা করি। তিনি বলছেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’

হেগি প্রান্তিক ধর্মীয় প্রচারক নন। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ইসরাইলপন্থী সংগঠন ‘ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরাইল’ (সিইউএফআই)-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির সদস্যসংখ্যা এক কোটির বেশি বলে দাবি করা হয়েছে।

একটি প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে ধর্মীয় গ্রন্থের বর্ণনা ভূগোলের ব্যাখ্যায় রূপ নেয়, সেই ভূগোলকে ভূখণ্ডের অধিকার হিসেবে তুলে ধরা হয় এবং শেষ পর্যন্ত তদবির, নির্বাচন ও নীতিনির্ধারণের মাধ্যমে তা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রভাব বিস্তার করে।

নীল নদ থেকে ইউফ্রেটিস

ইসরাইল বিষয়ক ‘ক্রিশ্চিয়ান জায়োনিস্ট’ মানচিত্রটি ধর্মগ্রন্থ থেকে এসেছে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের আদিপুস্তক বা জেনেসিসের ১৫তম অধ্যায়ে। সেখানে আব্রাহামের বংশধরদের মিসরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ড দেওয়ার ঈশ্বরের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। খ্রিষ্টান জায়নবাদী এবং ইসরাইলের কিছু উগ্র জাতীয়তাবাদীর কাছে এই বর্ণনা নিছক রূপক নয়; বরং ভূখণ্ডের ওপর অধিকার প্রতিষ্ঠার দলিল।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইসরাইলবিষয়ক রাষ্ট্রদূত মাইক হাকাবি স্বাধীন সম্প্রচারক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। কার্লসন যখন ইউফ্রেটিস থেকে নীল নদ পর্যন্ত ভূখণ্ডের কথা উল্লেখ করে জানতে চান, ইসরাইলের ওই পুরো ভূখণ্ডের ওপর অধিকার আছে কি না, তখন হাকাবি বলেন, ‘তারা যদি সবটুকু নিয়ে নেয়, তাতেও সমস্যা নেই।’

এ ধরনের দৃষ্টিভঙ্গি অবশ্য নতুন নয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমার প্রামাণ্যচিত্রে উল্লেখ করেন, ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ১৯১৮ সালে ‘বৃহত্তর ইসরাইল’ প্রতিষ্ঠার যে ধারণা তুলে ধরেছিলেন। ঐতিহাসিক ফিলিস্তিনের পুরো ভূখণ্ড, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার কিছু অংশ, জর্ডান নদীর পূর্ব তীর এবং সিনাই উপদ্বীপ এ ধারণার অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ, এটি কেবল প্রান্তিক কোনো কল্পনা ছিল না; জায়নবাদী আন্দোলনের শুরুর দিকের কৌশলগত চিন্তাভাবনারও অংশ ছিল।

বর্তমান ইসরাইলি বসতি স্থাপনকারী আন্দোলনের মধ্যেও সেই ধারণার প্রতিফলন দেখা যায়। বসতি স্থাপন আন্দোলনের অন্যতম নেতা ড্যানিয়েলা ওয়েইস দক্ষিণ লেবাননকে ‘বৃহত্তর ইসরাইল’ ধারণার অংশ বলে দাবি করেছেন। তার ভাষায়, ‘এটি এর অংশ। পুরো অঞ্চলই, এমনকি সিরিয়ার কিছু অংশ, ইরাকের কিছু অংশ এবং ইরানের কিছু অংশও। এটি বিশাল।’

ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও ধর্মীয় ভাষায় এ ধারণার কথা বলেছেন। তিনি প্রকাশ্যে প্রার্থনা করে ইসরাইলের ভূখণ্ডের সীমানা সম্প্রসারণ, পূর্ণ মুক্তি এবং মন্দির নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। দেশটির পার্লামেন্ট নেসেটে তিনি আরো বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই।’

২০১৭ সালে স্মোট্রিচ তার কথিত ‘ডিসাইসিভ প্ল্যান’ প্রকাশ করেন। সেখানে তিনি যুক্তি দেন যে, এই সংঘাতের সমাধান ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মাধ্যমে নয়, বরং ইসরায়েলের বিজয়ের মাধ্যমেই হতে হবে। পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিদের সামনে তিনটি পথ থাকবে—ইসরাইলের স্থায়ী সার্বভৌমত্ব মেনে নেওয়া, দেশত্যাগ করা অথবা প্রতিরোধ করে পরাজিত হওয়া। প্রামাণ্যচিত্রটির ভাষ্য অনুযায়ী, এই পরিকল্পনায় কার্যত আনুষ্ঠানিকভাবে সংযুক্তির ঘোষণা ছাড়াই ফিলিস্তিনি ভূখণ্ড দখলে রাখার আদর্শিক ভিত্তি তুলে ধরা হয়েছে।

বৃহত্তর ইসরাইলের পরিকল্পনায় ইরাকের অবস্থান

‘বৃহত্তর ইসরাইল’ ধারণার মানচিত্রে ইরাকের অবস্থান কিছুটা জটিল। জেনেসিসের ১৫:১৮ অধ্যায়ে ইউফ্রেটিস নদীকে প্রতিশ্রুত ভূখণ্ডের পূর্ব সীমানা হিসেবে উল্লেখ করা হয়েছে। নদীটি ইরাকের মধ্য দিয়েও প্রবাহিত। তবে এই ধারণার প্রধান কৌশলবিদ ও আদর্শিক প্রবক্তারা সাধারণত বাগদাদ দখলের কথা বলেননি। বরং তাদের লক্ষ্য ছিল ইরাকের রাষ্ট্রীয় শক্তি দুর্বল করা।

১৯৮২ সালে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ওডেদ ইয়িনন বিশ্ব জায়নবাদী সংস্থার সাময়িকী ‘কিভুনিম’-এ ‘আ স্ট্র্যাটেজি ফর ইসরাইল ইন দ্য এইটিজ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন। এতে তিনি ইরাককে ইসরাইলের সবচেয়ে বড় কৌশলগত হুমকি হিসেবে উল্লেখ করেন। তার প্রস্তাব ছিল, দেশটিকে তিন ভাগে বিভক্ত করা—দক্ষিণে শিয়া রাষ্ট্র, মধ্যাঞ্চলে সুন্নি রাষ্ট্র এবং উত্তরে কুর্দি রাষ্ট্র। ইরাকের এই বিভক্তি কৌশলগত লক্ষ্য হিসেবে ‘নিশ্চিত’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

এর ১৪ বছর পর, ১৯৯৬ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ‘আ ক্লিন ব্রেক: আ নিউ স্ট্র্যাটেজি ফর সিকিউরিং দ্য রিয়েলম’ শীর্ষক একটি নীতিপত্র তৈরি করা হয়। রিচার্ড পার্লের নেতৃত্বে একটি গবেষক দল এটি প্রস্তুত করে। দলটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন ডগলাস ফেইথ ও ডেভিড ওয়ার্মসার।

নীতিপত্রটিতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোকে ‘নিজস্ব গুরুত্বেই ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে তিন লেখকই জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে তারা প্রশাসনের জ্যেষ্ঠ পদে ছিলেন।

তবে প্রামাণ্যচিত্রে বলা হয়েছে, ‘বৃহত্তর ইসরাইল’ ধারণা জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের ইরাক যুদ্ধের সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল—এমন কোনো প্রমাণ নেই। অন্যদিকে, সান আন্তোনিওর সেই গির্জার যাজক হেগি ইরাক যুদ্ধকে ‘শেষের শুরুর অধ্যায়’ এবং ‘প্রলয়ের দ্বার’ বলে আখ্যা দিয়েছিলেন।

অর্থাৎ, ‘বৃহত্তর ইসরাইল’ ভাবনায় ইরাকের গুরুত্ব শুধু ভূখণ্ডগত নয়, কৌশলগতও। জর্ডান নদীর পূর্বে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী আরব রাষ্ট্রকে হুমকি হিসেবে দেখা হয়; অন্যদিকে বিভক্ত ইরাককে সুযোগ হিসেবে বিবেচনা করা হয়।

ধর্মীয় প্রচার থেকে বাস্তব নীতিতে

ধর্মীয় ভবিষ্যদ্বাণী কিংবা ঈশ্বরের ইচ্ছার কথা বলা হলেও মানচিত্র নিজে থেকে বদলে যায় না। বসতি স্থাপনও আপনা-আপনি হয় না, আকাশ থেকে নিজে নিজে বোমা পড়ে না।

প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে, কীভাবে ধর্মীয় বিশ্বাস, অর্থ ও রাজনৈতিক সমর্থনের সমন্বয়ে একটি প্রকল্প এগিয়ে নেওয়া হয়। ধর্মীয় মতাদর্শকে তদবির, সরকারি অর্থ বরাদ্দ, সামরিক অবকাঠামো এবং ভূখণ্ডের সীমানা নির্ধারণের নীতিতে রূপ দেওয়া হয়।

প্রামাণ্যচিত্রটির ভাষ্য অনুযায়ী, এটি প্রাচীন ধর্মতত্ত্বের বিষয় নয়; বরং বর্তমান সময়ের নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত। ইসরাইলি বুলডোজার পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তায় ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান ধরে রেখেছে। গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরো ভেতরে অগ্রসর হয়েছে ইসরাইলি সেনারা। অন্যদিকে ওয়াশিংটনে ধর্মীয় বক্তব্য রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলেছে।

প্রামাণ্যচিত্রটির উপসংহারে বলা হয়েছে, ধর্মোপদেশ, রাজনৈতিক ভাষণ আর বুলডোজার—এগুলো এখন আর আলাদা কোনো ঘটনা নয়; বরং এগুলো একই গল্পের অংশ।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ গ্রেফতার, ১৭ মোটরসাইকেল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ গ্রেফতার, ১৭ মোটরসাইকেল জব্দ

কক্সবাজার শহর ও এর আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে ছিনতাইকারী, মাদকসেবী এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে দুই ছিনতাইকারী, ১৪ মাদকসেবী এবং আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে সাতজন কিশোর গ্যাংয়ের সদস্যকেও আটক করা হয়েছে। একই সময়ে ১৭টি মোটরসাইকেল জব্দ করা হয়, ১৬টির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয় এবং ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারী হলেন—কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট-বইল্যাপাড়া এলাকার জাফর আলমের ছেলে তানজিব হাসান বাপ্পি (৩০) এবং রামু উপজেলার রশিদনগর এলাকার আবদুল মাবুদের ছেলে মো. আল আমিন (২২)। পুলিশ জানিয়েছে, তানজিব হাসান বাপ্পির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও মালামাল গ্রহণসংক্রান্ত একটি মামলা এবং হত্যা-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

গ্রেফতার হওয়া ১৪ মাদকসেবীর মধ্যে রয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নাসির উদ্দিন (৩৫) ও মজিবুল হক (২৭), মহেশখালীর আবু তালেব (২৫), মো. নাসির (২৪) ও গিয়াস উদ্দিন (২০), চকরিয়ার মোশারফ হোসেন জয় (৩৫), উখিয়ার আবদুল হাকিম (২২) এবং কক্সবাজার সদর উপজেলার আবুল হাশেম (৪৫), মো. জাহাঙ্গীর আলম (২৬), রায়হান সিকদার (১৯), সাকিব (২০), ওমর ফারুক প্রকাশ বাবু (১৯), তৌহিদুল ইসলাম (২৩) ও মো. শিহাব (১৮)।

এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামি হলেন কক্সবাজার সদরের নয়াপাড়া এলাকার মো. রেজাউল করিম এবং মধ্যম বাহারছড়া এলাকার মোহাম্মদ রফিক আহমদ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ দমনে বিশেষ অভিযানের পাশাপাশি যানবাহন চলাচলে আইনশৃঙ্খলা রক্ষায়ও তৎপরতা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ১৭টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ১৬টির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, রাজস্ব ফাঁকি ১.৫ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, রাজস্ব ফাঁকি ১.৫ কোটি টাকা

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম কর্তৃক দুই রপ্তানিকারকের চালানে অনিয়মের অভিযোগ উঠেছে, যেখানে বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের বিষয়টি সামনে এসেছে। পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সাভারের ইগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষণার বাইরে নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস পোশাক পাওয়া যায়। এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্বের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি। পাশাপাশি প্রায় ৯ লাখ টাকার মূসক ফাঁকির তথ্যও পাওয়া গেছে।

এর আগে, গত ২৮ অক্টোবর রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি চালান পরীক্ষা করে অনিয়ম শনাক্ত করা হয়। এই চালানে পুরুষদের পোলো শার্ট ঘোষণা করা হলেও পরীক্ষা করার সময় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উভয় ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও মামলা দায়েরের কার্যক্রম চলছে। রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%