বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৬ পি.এম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নুরুল আমীন (২৮) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজারের জি/৭ ব্লকে এ অভিযান পরিচালিত হয়।
আটক নুরুল আমীন ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মো. হালিল এবং মাতার নাম নুর জাহান।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একটি দল নিয়মিত টহলের সময় ল্যাপটপের ব্যাগ হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখে। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বহন করা ব্যাগ তল্লাশি করে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল, স্টেইনলেস স্টিলের পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি ব্যারেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান চলাকালীন হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বিকালে উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যাওয়ার আগে অনুষ্ঠানটি শুরু হয়। বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেধে যায়।
যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যান। সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে জামাল প্রধানসহ ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন— সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫)। তারা সবাই বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আবু জাহেরকে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এই ঘটনাটি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অন্যদিকে রাতে ফেসবুকে প্রকাশিত বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সামনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে সংগঠনবিরোধী কার্যক্রম করেছেন এমদাদ হোসেন আখন্দ। এ কারণে তাকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়, তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন বলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে এমদাদ হোসেন আখন্দকে মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই তিতাস উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুম আখন্দ বলেন, মঞ্চে এমপি সাহেব আসার পর আমরা যখন জনসভায় অংশ নিতে প্রবেশ করি, তখনই জামাল প্রধানের লোকজন আমাদের বাধা দেয় এবং মারধর শুরু করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আবু জাহের অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে ও বাজারে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। এ হামলা ও আমার ভাইকে বহিষ্কারের মাধ্যমেই প্রমাণ হয় পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।
পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল প্রধান বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি ও এমদাদ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছি। কিছুদিন আগে এমদাদ চেয়ারম্যান এমপি সাহেবকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন, কিন্তু সেখানে তেমন লোক হয়নি। বৃহস্পতিবার আমি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করি। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই সাইমুম এমপি এবং নেতাদের সামনে আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এতে আমিসহ আমাদের ৭ জন আহত হয়েছি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, বৃহস্পতিবার তিতাস উপজেলার গোপালপুর গ্রামে একটি জনসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে এবং তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীদের সামনে এমদাদ চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছেন, তা খুবই দুঃখজনক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে এমদাদ চেয়ারম্যানকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। জুলাই মাসে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং সংশ্লিষ্টদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এমনকি একজন সংসদ সদস্যের (সংরক্ষিত নারী আসন) বাড়িতেও আগুন লাগানো হয়েছে। আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজনের ওপর হামলা হবে। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে তিনি নিজের ফেসবুক পোস্টে এসব বিষয় তুলে ধরেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড এবং নাশকতার ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকার একদিন নিজেই এই নিরাপত্তাহীনতার ফাঁদে পড়বে।
তিনি আরও লেখেন, সরকারের মনে রাখা উচিত, অতীতে তারা ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিচারহীনতার শিকার হয়ে তারা নিজেদের অবস্থান বুঝতে পেরেছিল। আজ ক্ষমতায় এসে যদি অতীতের অপরাধের বিচার নিশ্চিত না করে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটেন, তাহলে এর পরিণতি দেশের জন্য সুখকর হবে না।
পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও বিদেশি মদদের অভিযোগের যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই। ক্ষমতার সমীকরণে অপরাধীদের পুনর্বাসন করা হলে দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হয়ে পড়বে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, হামলাকারী এবং এর পেছনে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ