ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ


বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বাহিনীটিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের ভিত্তিহীন আশঙ্কা ছড়ানোর পাশাপাশি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যা সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা করতে প্ররোচিত করছে। রাষ্ট্রীয় একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার স্পষ্টভাবে প্রমাণ করে যে, গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করে আরও বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যেতে প্ররোচিত করাই এই গুজবের মূল উদ্দেশ্য। বিজিবি স্পষ্টভাবে জানায়, প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন: লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণে ৬ জন দগ্ধ

বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে সেখানে দুই ব্যাটালিয়ন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। কোনো ধরনের নাশকতা যেন না ঘটে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন।

এছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।

গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ কোনো নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে বাহিনীটি। তবে সাধারণ শান্তিকামী জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিজিবি।

আরও পড়ুন: মানিকগঞ্জে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


মানিকগঞ্জে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

মানিকগঞ্জ জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ফিসসহ অন্যান্য সরকারি রাজস্ব এ-চালান (অটোমেটেড চালান) পদ্ধতিতে জমা নেওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে এই কার্যক্রম চালুর নির্দেশনা প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফ-এমএস)-এর আওতায় এ-চালান পদ্ধতি কার্যকর করা হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে সরকারের বিভিন্ন রাজস্ব ও সেবা ফি অনলাইনে জমা দেওয়া সম্ভব হবে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ইতোমধ্যে এ-চালান পদ্ধতিতে অর্থ গ্রহণ শুরু করেছে। তাছাড়া ৩৬টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে চালানের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি হিসাবের জমা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোও তাৎক্ষণিকভাবে তাদের অংশের জমার তথ্য দেখতে সক্ষম হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর দলিল নিবন্ধন ফিসসহ অন্যান্য রাজস্ব এ-চালান পদ্ধতিতে জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য দেশের সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট ব্যাংক ব্যবহারকারীদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

এর ধারাবাহিকতায়, গত ১৮ আগস্ট মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ-চালান কার্যক্রম শুরু হয়। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এই পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নতুন এ পদ্ধতি চালুর মাধ্যমে রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, এএসআই পালিয়ে রক্ষা পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, এএসআই পালিয়ে রক্ষা পেলেন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে রক্ষা পান।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার এবং কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে। এ সময় আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানফিল্ডে লিভারপুলের ৪-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ এম


অ্যানফিল্ডে লিভারপুলের ৪-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত

ইংলিশ প্রিমিয়ার লিগের একটি হাইভোল্টেজ ম্যাচে লিভারপুল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে। অলরেডরা রোববার রাতে তাদের ঘরের মাঠ অ্যানফিল্ডে ৪–০ গোলের বিশাল জয় অর্জন করেছে। ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া ইউনাইটেড লিভারপুলের আক্রমণাত্মক ফুটবলের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়তে সক্ষম হয়নি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে লিভারপুল। অষ্টম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সফরকারীরা ১০ জনের দলে পরিণত হয়। একজন খেলোয়াড় কম থাকার সুযোগটি দারুণভাবে কাজে লাগায় স্বাগতিকরা। মাত্র দুই মিনিট পর, অর্থাৎ ১০ম মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের গোলে লিড নেয় লিভারপুল।

প্রথম গোলের পর ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান তারকা ফ্লোরিয়ান উইর্টজ। প্রথমার্ধে ২–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে বল দখল ও আক্রমণে লিভারপুলের একচ্ছত্র আধিপত্য বজায় থাকে। ম্যাচের ৬৬ মিনিটে তরুণ প্রতিভা রিও এনগুমোহা দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ৮২ মিনিটে ভিক্টর মুনোজ ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে ৪–০ গোলের বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অভিষেকে ম্যানচেস্টার ইউনাইটেড একটি দুঃস্বপ্নের রাত কাটিয়েছে।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের দাপট স্পষ্ট। ২০২৪ সালের আগস্টে প্রীতি ম্যাচে ৩–০ গোলের জয় পাওয়ার পর এবার প্রিমিয়ার লিগেও বড় জয় পেল তারা। এর আগে ২০২৪ সালের মার্চে এফএ কাপে ইউনাইটেড ৪–৩ গোলে জয়ী হলেও, অ্যানফিল্ডের এই ম্যাচে তার কোনো ছাপ দেখা যায়নি।

লিগের ফিরতি পর্বে আগামী ২৪ জানুয়ারি ওল্ড ট্রাফোর্ডে আবারও মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া সেই ম্যাচে ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে পচেত্তিনোর দল।

লিভারপুল ৪-০ ম্যানইউ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণে ৬ জন দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ এম


লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণে ৬ জন দগ্ধ

রাজধানীর লালবাগের একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণের ফলে ছয়জন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন কর্মচারী এবং একজন মিস্ত্রি রয়েছেন। গ্যাস লাইন মেরামতের সময় অসাবধানতাবশত আগুন জ্বালানোর ফলে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। রেস্টুরেন্টের অভ্যন্তরে থাকা ছয়জন এই দুর্ঘটনায় দগ্ধ হন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানাধীন ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন গ্যাস লাইন মেরামতের কাজে নিয়োজিত মিস্ত্রি পলাশ (৪২) এবং রেস্টুরেন্টের কর্মচারী নয়ন শিকদার (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)।

প্রত্যক্ষদর্শী এবং দগ্ধ রেস্টুরেন্ট কর্মচারী নয়ন শিকদার জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে মিস্ত্রি পলাশ গ্যাস লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় গ্যাস লাইনের চাবি খোলা থাকায় রেস্টুরেন্টের ভেতর গ্যাস জমে যায়। এক পর্যায়ে, অসাবধানতাবশত গ্যাস লাইনের পরীক্ষা করতে আগুন জ্বালানোর ফলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে মিস্ত্রি পলাশসহ সেখানে উপস্থিত পাঁচ কর্মচারী দগ্ধ হন।

বিস্ফোরণের পরপরই রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীরা দগ্ধ ছয়জনকে উদ্ধার করেন। পরে রাতেই তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগের রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%