সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:১৭ এম
সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্তের সময় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৯ নভেম্বর অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. রায়হানুল ইসলাম ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ৬০ দিন বা তার বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা দায়ের করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তার কাছে এবং স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দেওয়ায় বিভাগীয় মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত কর্মকর্তা গত ১ জুলাই প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, রায়হানুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
পরে তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। গত ২৭ জুলাই এ নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি।
এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কী ধরনের গুরুদণ্ড দেওয়া হবে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। পিএসসি তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরামর্শ দেয়।
পিএসসির পরামর্শ এবং বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে সরকার মো. রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। তবে লাভ হয়নি। কারণ, দিনটি ছিল পাকিস্তানের জন্য নির্ধারিত। এই কারণেই ভারত হার মেনে নিয়েছে। এশিয়া কাপ রাইজিং স্টার্সে চির প্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৪৮ রানে পরাজিত করেছে পাকিস্তান ‘এ’ দল। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই-স্কোরিং ম্যাচে পাকিস্তান শুরুতে ব্যাট হাতে ঝড় তুলেছিল। আর শেষের দিকে বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণও তারা নিজেদের দখলে নিয়ে নেয়। এই নিয়ন্ত্রণের ফলস্বরূপ পাকিস্তান হাসি হাসে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে পাকিস্তান ‘এ’ দল। দলের তিন ব্যাটার হাফ-সেঞ্চুরির দেখা পায়—হাসান নওয়াজ ৮২ বলে ৭৯ রান (৫টি চার, ৪টি ছক্কা), মাজ সাদাকাত ৬৩ বলে ৫৯ রান (৬টি চার, ১টি ছক্কা) এবং ফারহান ইউসুফ ৪৮ বলে ৫৬ রান (৪টি চার, ২টি ছক্কা)। এছাড়া শামিল হুসাইন (২৩ বলে ৩৩) ও আব্দুল সামাদ (৩৫ বলে ২৮) স্কোরকে ৩১৩ রানে নিয়ে যেতে সহায়তা করেন।
ভারত ‘এ’-এর বোলারদের মধ্যে হর্ষিত রানা, প্রিন্স যাদব, সূর্যাংশ শেডগে এবং বিপ্রজ নিগম ২টি করে উইকেট লাভ করেন। ১টি উইকেট দখল করেন আয়ুষ বাদোনি।
ভারত ‘এ’ ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায়। তবে অভিষেক শর্মা ৪২ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলে রানরেট সচল রাখেন। মাঝের ওভারগুলোতে চাপ তৈরি হলে শাহবাজ আহমেদ (৪৯ বলে ৫৬ রান) ও অধিনায়ক তিলক ভার্মা সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৪৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ঠিক ১০০ রান করেন তিলক ভার্মা। কিন্তু ৪৪তম ওভারে পরপর দুই বলে শাহবাজ আহমেদ ও বিপ্রজ নিগমকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলি রাজা (মোট ৩ উইকেট)। শেষ পর্যন্ত ভারত ‘এ’-এর ইনিংস ৪৯.১ ওভারে ২৬৫ রানে থামে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ‘এ’ (৪৯.২ ওভার): ৩১৩/১০।
ভারত ‘এ’ (৪৯.১ ওভার): ২৬৫/১০।
ফল: পাকিস্তান ‘এ’ ৪৮ রানে জয়ী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গী এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ যুবলীগ নেতা আক্তার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আক্তার হোসেনের বয়স ৫২ বছর। রবিবার (২২ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। তিনি টঙ্গীর হিমারদীঘি এলাকার শাহ আলম বাড়ির শামসুদ্দিন ঢালীর পুত্র। আক্তার হোসেন আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গীর হিমারদীঘি এলাকা থেকে যুবলীগ নেতা আক্তার হোসেনকে আটক করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ