প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বাহিনীটিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের ভিত্তিহীন আশঙ্কা ছড়ানোর পাশাপাশি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যা সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা করতে প্ররোচিত করছে। রাষ্ট্রীয় একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার স্পষ্টভাবে প্রমাণ করে যে, গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করে আরও বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যেতে প্ররোচিত করাই এই গুজবের মূল উদ্দেশ্য। বিজিবি স্পষ্টভাবে জানায়, প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে সেখানে দুই ব্যাটালিয়ন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। কোনো ধরনের নাশকতা যেন না ঘটে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন।
এছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ কোনো নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে বাহিনীটি। তবে সাধারণ শান্তিকামী জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিজিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন