১০:১০ পি.এম
বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ এবং সউদী আরবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদানের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত দুই সউদী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার।
শনিবার (১৪ নভেম্বর) সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। তাদের নাম হলো ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলি কুরাইরিস। উভয়ই সউদী নাগরিক।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দুই ব্যক্তি একাধিক সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা বাহিনীর যানবাহনে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে গুলিবর্ষণ, অবৈধ অস্ত্র ও তাজা গোলাবারুদ মজুত রাখা এবং সউদী আরবের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য অর্থায়ন ও সহায়তা প্রদান।
আরও পড়ুন: এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা
নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তারের পর তদন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। এরপর মামলাটি উপযুক্ত আদালতে পাঠানো হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন এবং বিবেচনামূলক শাস্তি (তাজির) হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
যখন আপিল আদালত এবং সুপ্রিম কোর্টেও এই রায় বহাল থাকে, তখন তা চূড়ান্ত হয়। পরে রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ১৪ নভেম্বর (শনিবার) সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামি আইন বাস্তবায়নে সউদী সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এছাড়াও, মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও ইসলামি শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন: দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ২ যুবক কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন