সুনামগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নূর
১০:১৭ পি.এম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হযরত আলী (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উল্লাসনগর গ্রামে পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশে সামনের উঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাসনগর গ্রামে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে হযরত আলীকে আটক করা হয়। তিনি তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ বিড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা বিড়ির প্রতিটি শলাকার আনুমানিক মূল্য ৪ টাকা হিসেবে মোট বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের অফিসার ইনচার্জ স্বাক্ষরিত ফ্ল্যাশ রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাদটি সত্যি, শেষ ভালো যার, সব ভালো তার। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ইনিংসের সঙ্গে এই কথাটি খুব ভালোভাবে মিলে যায়। কাগিসো রাবাদার আক্রমণের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে দিন শুরু হলেও বাংলাদেশ দিনের শেষে দারুণভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। যদিও দিনের শেষ বলে তাওহীদ হৃদয় আউট হয়ে গেছেন, তার আগে তিনি খেলেছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। লিটন দাসের সঙ্গে হৃদয়ের ২০৬ রানের জুটিতে টাইগাররা দিনটি নিজেদের করে নিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩২৭ রান। দিনের শেষ বলে আউট হওয়ার আগে তাওহীদ হৃদয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। আগামীকাল লিটন দাসও সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শুরু করবেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫ উইকেট শিকার করেছেন। দিনের শেষ বলে তাওহীদ হৃদয়কে আউট করেছেন মার্কো ইয়ানসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা মডেল থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রামিম (২১) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হিসেবে চিহ্নিত।
এসআরবি-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রামের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে রামিমের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।
পরে দুই ইউনিটের সমন্বয়ে যৌথ আভিযানিক দল গঠন করে রবিবার দুপুরে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি মানিব্যাগ ও নগদ ২২৭ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার রামিমের পিতা মৃত রহিম উল্লাহ এবং মাতা শাকেরা বেগম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অবস্থিত।
এসআরবি জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং আন্তঃইউনিট সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার ষষ্ঠ দিনে আজ রোববার সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে ‘মানবতাবাদ এবং বিশ্ব শান্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
তিনি অনুষ্ঠানে বলেন, প্রতিযোগিতার যুগে চাকুরির প্রস্তুতি নিতে গিয়ে মানবিক শিক্ষাগুলো থেকে আমাদের সন্তানরা দিনদিন বঞ্চিত হয়ে পড়ছে।
মোহাম্মদ মনিরুজ্জামান মনি আরও উল্লেখ করেন, মানব ইতিহাসের প্রথম দিকে আমরা বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছি। আগ্রাসন, অন্যায় ও দুষ্টকে দমন করতে গেলে একইভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হয়।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তৎকালীন বৈষম্য, অন্যায় এবং অবিচার এর বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা ও সমাজের শান্তিরক্ষার জন্যই যুদ্ধটা অনিবার্য ছিল।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা মন্তব্য করেন, বইমেলার মাধ্যমে শুধু বই কেনা মূল বিষয় নয়। আমাদের বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তবেই আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো।
প্রতিদিন কিছু না কিছু বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এর ফলে আমরা আরও মানবিক জ্ঞান লাভ এবং মানবিক শান্তি অন্বেষণে সক্ষম হবো।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা।
প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মিজ আমেনা খানম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ নগরীতে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকায়।
নিহত জামান আবু বকর সিদ্দিকের ছেলে, যিনি ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা জামানকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ