ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত


নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওউত নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন হরর সিনেমার মাধ্যমে। তিনি ‘স্কেয়ারি পিকচার’ নামের একটি নতুন হরর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি।

সিনেমাটি প্রযোজনা করছে অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’। এটি প্রতিষ্ঠানটির জন্য প্রথমবারের মতো হরর ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়া। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু। এ সিনেমার মাধ্যমে তিনি হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি উল্লেখ করেন, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানার নিজস্ব বৈচিত্র্য রয়েছে। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় ভিন্নতা দেখা যায়। তাই তারা এই ঘরানার সব ধরনের উপধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতে ইচ্ছুক।

আরও পড়ুন: ‘ইয়েস, ডিয়ার’ অভিনেতা অ্যান্থনি ক্লার্ক নিউমোনিয়ায় মারা গেছেন

হরর সিনেমা নির্মাণে পরিচিত মুখ রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্কেয়ারি পিকচার’-এর গল্প, কঙ্গনার চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

এদিকে, কঙ্গনা এর আগে হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় তাকে দেখা গেছে। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় তিনি একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে ঘিরে আবর্তিত হয়েছে।

এছাড়া কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল অন্যতম।

আরও পড়ুন: মৌসুমী চ্যাটার্জির স্বামী জয়ন্ত মুখার্জি ৭০ বছর বয়সে মারা গেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাশ্রয়ী বড়িতে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


সাশ্রয়ী বড়িতে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি

ডায়াবেটিস এবং স্থূলতার চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে প্রতিদিন খাওয়ার উপযোগী বড়ি। এতদিন এ ধরনের চিকিৎসায় ব্যবহৃত অধিকাংশ ওষুধ ছিল ইনজেকশননির্ভর। তবে এখন একই ধরনের ওষুধ বড়ি আকারে পাওয়া যাচ্ছে। এতে চিকিৎসার খরচ কমার পাশাপাশি ওষুধ সংরক্ষণ ও পরিবহন সহজ হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মতো ডায়াবেটিসের প্রকোপ বেশি এমন অঞ্চলের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত মুখে খাওয়ার সেমাগ্লুটাইডের ৩০ দিনের ডোজের দাম প্রায় ১৮ ডলার। ফলে তুলনামূলক কম খরচে চিকিৎসার সুযোগ তৈরির আশা করছেন বিশেষজ্ঞরা।

নতুন এই চিকিৎসাপদ্ধতির কেন্দ্রে রয়েছে জিএলপি-১ (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) রিসেপ্টর অ্যাগোনিস্ট। এটি শরীরের স্বাভাবিক হরমোনের মতো কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। এতদিন এ ধরনের ওষুধের জনপ্রিয় সংস্করণ ছিল সপ্তাহে একবার নেওয়ার ইনজেকশন। এর মধ্যে রয়েছে ওজেম্পিক, ওয়েগোভি ও মাউনজারো। এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমাতেও কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

এখন প্রতিদিন খাওয়ার উপযোগী জিএলপি-১ বড়ি বিকল্প হিসেবে সামনে আসছে। এতে ইনজেকশন নেওয়ার ঝামেলা কমবে। পাশাপাশি ওষুধ সংরক্ষণ ও পরিবহনের খরচও কমতে পারে। কারণ, ইনজেকশন ও ইনসুলিন সংরক্ষণে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়। অনেক উন্নয়নশীল দেশে এই শীতল সংরক্ষণব্যবস্থা বা কোল্ড চেইন নিশ্চিত করা কঠিন।

আলজাজিরার এক প্রতিবেদনে এসব সম্ভাবনা, চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সি প্রতি ৯ জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে, বিশ্বজুড়ে প্রতি ৮ জনের একজন স্থূলতায় ভুগছেন। তবে জিএলপি-১ ইনজেকশনের বড় বাধা এর দাম। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান এসব ওষুধের খরচ বহন করে না। কারণ, সেগুলোকে অপরিহার্য চিকিৎসার পরিবর্তে ঐচ্ছিক ওষুধ হিসেবে বিবেচনা করা হয়।

দেশভেদে মাউনজারোর দামে বড় পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রে ওষুধটির এক মাসের ডোজের দাম প্রায় ৫০০ ডলার। যুক্তরাজ্যে ১৯৯ পাউন্ড বা ২৬৪ ডলার এবং সৌদি আরবে ১ হাজার ২৬১ রিয়াল বা ৩৩৬ ডলার। ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত মাউনজারোর দাম ১৪ হাজার ৭৬৬ রুপি বা ১৫৭ ডলার। পাকিস্তানে আমদানি করা মাউনজারোর দাম অনেক বেশি, প্রায় ২ লাখ ২০ হাজার রুপি বা ৭২৩ ডলার। তবে দেশটিতে গেটজ ফার্মার উৎপাদিত স্থানীয় সংস্করণ টিরজেপাটাইডের দাম ১৭ হাজার রুপি বা ৬১ ডলার।

ইনজেকশন সাধারণত সপ্তাহে একবার নিতে হয়। অন্যদিকে, বড়ি খেতে হয় প্রতিদিন। তুলনামূলক কম দামে বড়ি পাওয়া গেলে উন্নয়নশীল দেশগুলোর মানুষের চিকিৎসা সহজ হতে পারে। বিশেষ করে যেসব দেশে ওষুধ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই, সেখানে বড়ি পরিবহন ও বিতরণও সহজ হবে।

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুপাতের দিক থেকে পাকিস্তান বিশ্বের শীর্ষে। দেশটির ৩১ দশমিক ৪ শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত। এরপর রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ, যেখানে আক্রান্ত মানুষের হার ২৫ দশমিক ৭ শতাংশ। কুয়েতে এই হার ২৫ দশমিক ৬ শতাংশ, সামোয়ায় ২৫ দশমিক ৪ শতাংশ। কাতার ও কিরিবাতি—উভয় দেশেই ২৪ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সৌদি আরবে এ হার ২৩ দশমিক ১ শতাংশ। ফরাসি পলিনেশিয়ায় ২২ দশমিক ৮ শতাংশ, মিসরে ২২ দশমিক ৪ শতাংশ এবং বাহরাইনে ২২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, ডায়াবেটিসের প্রকোপ বেশি এমন দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও রয়েছে।

পাকিস্তানের করাচির চিকিৎসক জাকির আলাভি প্রায় ৩০ বছর ধরে ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। তার মতে, দেশটিতে অপুষ্টি ও স্থূলতা—দুই ধরনের সমস্যাই পাশাপাশি রয়েছে।

আলাভি বলেন, ‘পাকিস্তান বৈপরীত্যের দেশ। একদিকে এখানে শিশুদের মধ্যে অপুষ্টি, কম ওজন এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার সমস্যা রয়েছে। অন্যদিকে শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতাও দেখা যাচ্ছে।’

তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয় হলো, শিশু ও প্রাপ্তবয়স্কদের স্থূলতার কিছু ক্ষেত্রে মায়ের অপুষ্টি এবং কম ওজন নিয়ে অপরিণত অবস্থায় শিশুর জন্মের সম্পর্ক থাকতে পারে।

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় অপুষ্টির কারণে শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে। জন্মের পর এসব শিশু দ্রুত ওজন বাড়ালে তাদের শৈশবে স্থূলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

জাকির আলাভি বলেন, ইনজেকশন হোক বা বড়ি—জিএলপি ওষুধ টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এসব ওষুধ শুধু টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে না, ডায়াবেটিস নেই এমন ব্যক্তিদের স্থূলতা কমাতেও কাজে আসে। এ ছাড়া হৃদ্‌যন্ত্র ও কিডনির কার্যকারিতা, যকৃতের রোগ, ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যার ক্ষেত্রেও এসব ওষুধ উপকার করতে পারে।

আলাভির ভাষায়, ‘ওজন কমানো, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা কিংবা দুটি বিষয়ই যখন গুরুত্বপূর্ণ, তখন এসব সমস্যার চিকিৎসায় ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে।’

কাতারের ওয়েল কর্নেল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং দোহার হামাদ মেডিকেল করপোরেশনের জ্যেষ্ঠ পরামর্শক রায়াজ মালিকও একই ধরনের মত দিয়েছেন। তিনি ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।

রায়াজ মালিক বলেন, গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস থেকে মুক্তি পেতে একজন ব্যক্তির কতটা ওজন কমানো প্রয়োজন, সেই প্রশ্নের উত্তরে প্রায় ১৫ কেজির একটি সংখ্যাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।

তার মতে, মুখে খাওয়ার জিএলপি ওষুধের সহজলভ্যতা বাড়লে আরো বেশি মানুষের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি রোগটি থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি হবে।

জিএলপি চিকিৎসার আবিষ্কারের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ডেনমার্কের জেনস জুল হোলস্ট। তিনি একজন অধ্যাপক, চিকিৎসক ও শারীরবৃত্তবিদ। ১৯৭০-এর দশকে অন্ত্রের হরমোন নিয়ে গবেষণা শুরু করেন তিনি। সেই গবেষণাই পরবর্তী সময়ে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বড় পরিবর্তনের পথ তৈরি করে।

আলজাজিরাকে হোলস্ট বলেন, গবেষণার শুরুতে তারা অন্ত্র থেকে নিঃসৃত এমন একটি পেপটাইড খুঁজছিলেন, যা ইনসুলিন নিঃসরণে ভূমিকা রাখে।

তিনি বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম, কোন বিষয়টি ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এটি ছিল শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া বোঝার চেষ্টা। কিছু মানুষের রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাচ্ছিল। চিকিৎসাবিজ্ঞানে একে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আমরা এমন একটি পেপটাইড খুঁজছিলাম, যা ইনসুলিন নিঃসরণ বাড়াতে পারে এবং এ ধরনের সমস্যার সঙ্গে সম্পর্কিত।’

হোলস্টের মতে, ব্যারিয়াট্রিক সার্জারির মতো কিছু অস্ত্রোপচারের পর রোগীদের যে রিঅ্যাকটিভ হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়, তা জিএলপি অণুর কার্যপ্রণালি বুঝতে সাহায্য করে।

পরবর্তী সময়ে গবেষকেরা দেখতে পান, এই অণু শুধু ইনসুলিন নিঃসরণেই ভূমিকা রাখে না, ক্ষুধা ও খাবার গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

হোলস্ট বলেন, ‘আমাদের কাছে ক্ষুধা ও খাবার গ্রহণ নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কার করা ইনসুলিন নিঃসরণে এর ভূমিকা আবিষ্কারের চেয়েও বেশি রোমাঞ্চকর ছিল।’

তিনি জানান, তাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে নতুন এই পেপটাইড প্রয়োগ করে এর প্রভাব দেখা। গবেষণায় দেখা যায়, শিরার মাধ্যমে জিএলপি-১ প্রয়োগ করলে দীর্ঘদিন ধরে জটিল টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা মাত্র চার ঘণ্টার মধ্যে পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে আসে।

হোলস্ট বলেন, ‘এরপর আমরা বুঝতে পেরেছিলাম, আমরা বড় কিছু আবিষ্কারের পথে এগোচ্ছি।’

হোলস্ট ও তার দলের গবেষণার ফল থেকেই পরবর্তী সময়ে সেমাগ্লুটাইডের মতো ওষুধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় আসে টিরজেপাটাইড। বর্তমানে রেটাট্রুটাইড নামের আরও একটি ওষুধ নিয়ে পরীক্ষা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে এটি বাজারে আসতে পারে।

জিএলপি ওষুধের বাজারও দ্রুত বাড়ছে। এ খাতের প্রধান দুই উৎপাদক প্রতিষ্ঠান এলি লিলি ও নোভো নরডিস্কের প্রত্যাশা, বর্তমানে বছরে ৮০ বিলিয়ন ডলারের বাজার ২০৩০ সালের মধ্যে বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ২০২৪ সালে বিশ্বজুড়ে স্থূলতার কারণে ৩৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে সংস্থাটি স্থূলতার দীর্ঘমেয়াদি চিকিৎসায় জিএলপি-১ ওষুধ ব্যবহারের সুপারিশ করে। বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত।

হোলস্ট বলেন, ‘যখন আমরা বুঝতে পারলাম, এটি ডায়াবেটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকর, তখন স্পষ্ট হয়ে গেল যে বিশ্বের লাখ লাখ মানুষ এর সুফল পেতে পারেন।’

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ শরীরের ওজন নিয়ন্ত্রণে আগ্রহী। ফলে এ ধরনের ওষুধের চাহিদা ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিএলপি-১ শরীরের একটি স্বাভাবিক হরমোন। এটি অগ্ন্যাশয়কে ইনসুলিন নিঃসরণে নির্দেশ দেয়। খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা বাড়লে ইনসুলিন নিঃসরণের মাধ্যমে তা নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে, জিআইপি বা গ্লুকোজ-নির্ভর ইনসুলিনোট্রপিক পলিপেপটাইডও অন্ত্র থেকে নিঃসৃত একটি হরমোন। খাবার গ্রহণের পর এটিও অগ্ন্যাশয়কে ইনসুলিন নিঃসরণে উৎসাহিত করে।

জিএলপি-১-এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পাকস্থলী থেকে খাবার বের হওয়ার গতি ধীর করা। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধা কম লাগে। জিএলপি-১-ভিত্তিক ওষুধ শরীরের এই স্বাভাবিক হরমোনের মতো কাজ করে। ফলে রক্তে শর্করার মাত্রা কমে এবং খাবার গ্রহণের প্রবণতাও নিয়ন্ত্রণে আসে।

ওষুধগুলোর কার্যপ্রণালি বোঝাতে একটি উদাহরণ দেওয়া যায়। কোনো ব্যস্ত মোড়ে ছয়টি ট্রাফিক বাতি একসঙ্গে অকার্যকর হয়ে গেলে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা তৈরি হয়। সেমাগ্লুটাইড একটি রিসেপ্টরের ওপর কাজ করে। এটিকে ওই মোড়ে একটি একমুখী আন্ডারপাসের সঙ্গে তুলনা করা যায়। এতে যান চলাচল কিছুটা নিয়মিত হয়, তবে সক্ষমতা সীমিত থাকে।

অন্যদিকে, টিরজেপাটাইড জিএলপি ও জিআইপি—দুটি রিসেপ্টরের ওপর কাজ করে। একে ওই মোড়ে উড়ালসড়ক, ট্রাফিক বাতি ও আন্ডারপাস—সবকিছু একসঙ্গে চালু করার সঙ্গে তুলনা করা যায়। এতে যান চলাচল আরো নির্বিঘ্ন হয়। অর্থাৎ, শরীরের বিভিন্ন অঙ্গ ও কোষের কার্যক্রমকে স্বাভাবিক নিয়মে পরিচালিত করতে এই ওষুধগুলো সহায়তা করে।

জিএলপি-১-এর মুখে খাওয়ার ওষুধ ইনজেকশনের তুলনায় অনেক বেশি সুবিধাজনক হতে পারে। তবে ওজন কমানোর ক্ষেত্রে ইনজেকশনের সমান কার্যকারিতা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে সেমাগ্লুটাইডের মুখে খাওয়ার সংস্করণকে পাকস্থলীর মধ্য দিয়ে যাওয়ার সময় হজমপ্রক্রিয়ার ধকল সামলাতে হয়। ইনজেকশনের ক্ষেত্রে ওষুধ সরাসরি শরীরে প্রবেশ করানো যায়। কিন্তু বড়ির ক্ষেত্রে পাকস্থলী ও অন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার পর ওষুধের খুব সামান্য অংশ শরীরে শোষিত হয়।

এ কারণে মুখে খাওয়ার সেমাগ্লুটাইড খালি পেটে গ্রহণ করতে হয়। একই সঙ্গে এর ডোজও তুলনামূলক বেশি রাখতে হয়। তবে নতুন প্রজন্মের কিছু জিএলপি-১ ওষুধ এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অরফোরগ্লিপ্রন। এটি খালি পেটে খাওয়ার প্রয়োজন ছাড়াই গ্রহণ করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, মুখে খাওয়ার ওষুধ অনেক রোগীর ক্ষেত্রে ইনজেকশনের কাছাকাছি ফল দিতে পারে। তবে বড়ি ও ইনজেকশনের কার্যকারিতা সরাসরি তুলনা করে করা গবেষণা এখনো খুব বেশি নেই। এ কারণে দীর্ঘমেয়াদি ওজন কমানো এবং হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় ইনজেকশনের কার্যকারিতার পক্ষে এখনো সবচেয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে। বিশেষ করে টিরজেপাটাইড ও সেমাগ্লুটাইড এ ক্ষেত্রে এগিয়ে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের যেসব দেশে ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের মানুষই জিএলপি-১ বড়ির সহজলভ্যতায় সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। ভবিষ্যতে ওষুধগুলোর আরো উন্নত সংস্করণ ট্যাবলেট আকারে বাজারে এলে এবং পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর দাম কমলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এর প্রভাব ব্যাপক হতে পারে।

রায়াজ মালিক বলেন, সপ্তাহে একবার খাওয়ার জিএলপি ওষুধও খুব দূরের বিষয় নয়। একই সঙ্গে বর্তমানে ব্যবহৃত ওষুধগুলোর আরো দীর্ঘস্থায়ী সংস্করণ তৈরির চেষ্টা চলছে। এতে মাসে একবার ওষুধ গ্রহণ করলেই চলতে পারে।

মালিকের মতে, জিএলপি ওষুধের কার্যকারিতার মূল কারণ হলো, এগুলো শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে অনুকরণ করে।

তিনি বলেন, ‘চিকিৎসার বুদ্ধিদীপ্ত উপায় হলো, মানবদেহ স্বাভাবিকভাবে যেভাবে কাজ করে, সেটিকেই কাজে লাগানো। এটি মানুষের জীবন বদলে দিচ্ছে।’

সব মিলিয়ে, প্রতিদিন একটি বড়ি খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসা আরও সহজলভ্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যেখানে ইনজেকশনের দাম বেশি এবং ওষুধ সংরক্ষণের অবকাঠামো দুর্বল, সেসব দেশে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ইনজেকশনের সমান কার্যকারিতা, দীর্ঘমেয়াদি সুফল এবং সাশ্রয়ী দামের বিষয়গুলো নিশ্চিত হওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইউরোপকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ফরাসি এআই প্রতিষ্ঠান মিস্ত্রালের প্রধান নির্বাহী আর্থার মেনশ এই আহ্বান জানান।

সম্মেলনে ইউরোপীয় নেতারা মেনশ এবং নোবেলজয়ী জিওফ্রে হিনটনের বক্তব্য শোনেন। হিনটন কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। আলোচনায় ইউরোপের এআই খাতে অগ্রগতির আকাঙ্ক্ষার পাশাপাশি এ প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।

ডাবলিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপির সঙ্গে শেয়ার করা বক্তব্যে ইউরোপের শীর্ষস্থানীয় এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত মিস্ত্রালের প্রধান মেনশ বলেন, ‘এআই প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার মতো সব প্রযুক্তি ও মেধা ইউরোপের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ, অর্থায়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয়।’

মেনশ উল্লেখ করেন, আগামী দুই বছরে নেওয়া সিদ্ধান্তগুলো পরবর্তী এক দশকের এআই শিল্পের গতিপথ নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘এ কারণেই আমরা ইউরোপীয় নেতাদের এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপাতত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের হাতেই রয়েছে।’

এআই উন্নয়নে দ্রুত এগিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে মিস্ত্রাল। অন্যদিকে, এ বছর ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও অ্যানথ্রপিকের দারিও আমোদেইসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ প্রযুক্তি নির্বাহী এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান।

ইইউ’র শীর্ষ কর্মকর্তা রবার্তা মেতসোলা বলেন, ইউরোপ ‘কোনো না কোনোভাবে এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে’—এমন কথা শুনতে শুনতে তিনি ক্লান্ত।

অনানুষ্ঠানিক সম্মেলন শুরুর আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিশ্বমানের মেধা রয়েছে। প্রযুক্তির দিক থেকেও আমাদের চমৎকার একটি পরিবেশ ও সক্ষমতা রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে বিএনপি কর্মীরা যথেষ্ট। তিনি উল্লেখ করেন, রাজপথে বিশৃঙ্খলার হুমকি বিএনপির জন্য কোনো লাভজনক নয়। "আমরা আন্দোলন, সংগ্রামের পথ পেরিয়েই সরকারে এসেছি। জনগণের সর্ব্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি সংসদে গিয়েছে। কাজেই বিএনপি জনগণের সরকার। জনগণই এই সরকারের বড় শক্তি।"

শনিবার দুপুরে নগরীর লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে সিডিএ আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। "কিন্তু আমরা তা হতে দেব না। আপনারা যা করতে চাচ্ছেন, সেই কাজের ‘ভাইস চ্যান্সেলর’ অনেক কর্মী আছেন আমাদের দলে। তারা সবাই দলের পরীক্ষিত কর্মী। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।"

মীর মোহাম্মদ হেলাল আরও বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। সেই অগ্রযাত্রাকে থামানোর সাধ্য কারো নেই।" তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং প্রকল্পের গতিও বেড়েছে। "আমরা ক্ষমতায় এসেছি জনগণের কাঙ্খিত উন্নয়ন ঘটানোর জন্য। আমরা জনগণের সেবক। তারা দেশটাকে যেমন দেখতে চেয়েছে আমরা সেটি বাস্তবায়নে কাজ করছি। বর্তমান সরকারের প্রতিশ্রুতির চেয়ে কাজের বাস্তবায়নই বেশি।"

বিরোধী দলের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, "আমরা যেই উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছি আমাদের সঙ্গে সামিল হোন। কিন্তু দেশবিরোধী কোনো চক্রান্তে, রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তে যদি সালিম হন, তাহলে প্রশাসনের প্রয়োজন এই চট্টগ্রামে হবে না। দলীয় কর্মীরাই বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে। তারাই যথেষ্ট।"

এ সময় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, নগরের লালখান বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল। "এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেকে প্রাণ হারিয়েছেন। আমি নিজেও ব্রিজের দাবিতে মানববন্ধনে সামিল হয়েছিলাম। আমরা সিডিএর মাধ্যমে এই ফুটওভার ব্রিজটি দ্রুততার সঙ্গে করতে সক্ষম হয়েছি। আজ লালখান বাজারবাসীর আশাআকাঙ্খা পূরণ হয়েছে। বর্তমান সরকার এভাবেই জনগণের আশার প্রতিফলন ঘটাবে।"

সমাবেশে সিডিএ'র প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট আব্দুস সাত্তার, সিডিএ'র সচিব নূরে জান্নাত রুমীসহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের আওতায় নগরের লালখান বাজারে নির্মাণ করেছে সিডিএ। ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকা। এটি উচ্চতা ১৮ ফিট এবং দৈর্ঘ্য ৪২ মিটার। ব্রিজটির চারদিকে চারটি সিড়ি রাখা হয়েছে। যার প্রতিটির প্রস্থ ৮ ফিট। এটি নির্মাণে আটমাস সময় লেগেছে বলে জানান প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রীর কাছে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


আইনমন্ত্রীর কাছে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খান।

বিশেষ অতিথি হিসেবে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ অনুষ্ঠানে অংশ নেন।

এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইনমন্ত্রীর কাছে ছয়টি দাবি পেশ করেন। প্রথম দাবি হলো, সারা দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব রেজিস্ট্রার পদ তৈরি করা। বর্তমান কাঠামো অনুযায়ী সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর সময় লাগে।

দ্বিতীয় দাবি হলো, বিভিন্ন দেশের দূতাবাসে সাব রেজিস্ট্রারদের স্থায়ী পদ তৈরি করা। এর ফলে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং প্রতারণার হার কমবে।

তৃতীয় দাবি হলো, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি প্রদান করা। অন্যান্য দপ্তরের উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা এই সুবিধা পান, কিন্তু জেলা রেজিস্ট্রাররা এই সুবিধা থেকে বঞ্চিত।

চতুর্থ দাবি হলো, নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব ট্রেনিং একাডেমি স্থাপন ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা। বক্তব্যে জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও হয়েছে।

পঞ্চম দাবি হলো, প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন ডেডিকেটেড কম্পিউটার অপারেটর নিয়োগ করা।

ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের বিষয়ে তিনটি দফা তুলে ধরা হয়েছে। দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান ফি অনেক আগে নির্ধারিত হয়েছে, যা বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবি উঠেছে। এছাড়াও, দৈনিক ৬০ টাকা বেতনে কাজ করা উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করার প্রস্তাবও এসেছে।

ভূমি অটোমেশন প্রকল্প পাস হওয়ায় দলিল লেখকদের পেশা হারানোর শঙ্কা রয়েছে। তারা মন্ত্রীর কাছে পেশা বহাল থাকার নিশ্চয়তা চান।

মহাসচিবের লিখিত বক্তব্যে পাঁচটি অগ্রগতির কথাও উল্লেখ করা হয়েছে। প্রথমত, সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন এসেছে। আগের আইনে জীবনকালীন ভোগাধিকার রেখে দান করার কোনো বিধান ছিল না। এবার ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা যুক্ত হয়েছে। এতে ভোগদখলের অধিকার রেখে দানের আইনি স্বীকৃতি পাওয়া গেছে।

দ্বিতীয়ত, নিয়োগ বিধিমালা প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের ১৯ অক্টোবরের প্রজ্ঞাপনে ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে নবম গ্রেডে যোগ দেওয়া সাব রেজিস্ট্রাররা পদোন্নতি পেয়ে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক হতে পারবেন। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নও সম্পন্ন হয়েছে।

তৃতীয়ত, নতুন সাব রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সাব রেজিস্ট্রারের প্রায় ১২১টি পদ খালি রয়েছে। এর মধ্যে ৮৪টি দ্রুত পূরণের জন্য ২০২৬ সালের ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চতুর্থত, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প পাস হয়েছে। ২০২৫ সালের ২৫ নভেম্বর একনেক সভায় ৬৩২ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন পায়। বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জাল-জালিয়াতি কমবে এবং রাজস্ব আয়ও অনেক বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

পঞ্চমত, ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃজনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মরত কর্মকর্তাদের এই ক্যাডারে অন্তর্ভুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে রেজিস্ট্রেশন বিভাগের রাজস্ব আয় ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। বক্তব্যে জানানো হয়, রাজস্ব ক্রমাগত বাড়লেও দীর্ঘদিন এই বিভাগে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%