০১:৫৭ পি.এম
বলিউডের বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য একটি দারুণ সুখবর আসছে। চলতি বছরের বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তির তালিকায় যুক্ত হতে যাচ্ছে তার অপেক্ষিত সিনেমা ‘কিং’। এটি পুরনো খবর হলেও নতুন তথ্য হলো, এই গ্লোবাল রিলিজের স্রোতে পিছিয়ে নেই বাংলাদেশও।
বাংলাদেশে শাহরুখ খানের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি।
এখন পর্যন্ত সিনেমাটি বাংলাদেশে আমদানির জন্য প্রস্তুতি নিচ্ছে শীর্ষস্থানীয় পরিবেশনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।
আরও পড়ুন: সীতার চরিত্রে সাইকে দেখে প্রশিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম
সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটির বাংলাদেশে মুক্তির জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বর্তমানে দেশের বাইরে থাকলেও মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ‘আমি এখন দেশের বাইরে আছি। ‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি মুক্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক অবস্থা দেখছি, বাকিটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, দুদেশের চলচ্চিত্রের আদান-প্রদান নিশ্চিত করতে সাফটা চুক্তির আওতায় এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জানা গেছে, শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে এম এ রাহিম পরিচালিত আলোচিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’।
ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজে বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে বড় পর্দায় ‘কিং’-এর মতো বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার দেখার সম্ভাবনা ঢাকাই সিনেমার দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সবুজ সংকেতের—যা নিশ্চিত হলে ক্রিসমাসের বক্স অফিসে দেখা যাবে কিং খানের রাজত্ব।
আরও পড়ুন: ৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন