১২:৫৪ পি.এম
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা—যাদের নিয়ে ভক্ত ও দর্শকদের আগ্রহ রূপালি পর্দার বাইরেও কম নয়। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন গুঞ্জন, ব্যাংক ঋণের নোটিশ এবং কারখানার পরিস্থিতি নিয়ে যখন চারদিকে আলোচনা চলছে, তখন ঢালিউড অভিনেত্রী বর্ষা স্বামীর পাশে শক্ত হয়ে দাঁড়ালেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বর্ষা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের প্রতি ভালোবাসার প্রতিদান জানান। পাশাপাশি তিনি স্বামী ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
পোস্টের শুরুতেই বর্ষা ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’
আরও পড়ুন: বিয়ের পর তিন মাস কাজ থেকে বিরতিতে অনিরুদ্ধ
তিনি আরও উল্লেখ করেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’
জীবনের কঠিন বাস্তবতাকে সুন্দরভাবে মেনে নিয়ে বর্ষা বলেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’
পোস্টের শেষ দিকে বর্ষা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি সবার কাছে তার পরিবারের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিভিন্ন ব্যবসায়িক সংকট নিয়ে মিডিয়ায় তোলপাড় চলছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হওয়ার পর চারদিকে শুরু হয় গুঞ্জন।
আরও পড়ুন: প্রতারণার জবাবে বিচ্ছেদ: রাজপুত্রকে বিয়ে, বিশ্বজুড়ে আলোচনায় কোরিয়ান সিরিজ
এই কঠিন সময়ে বর্ষা স্বামীর পাশে দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন