১২:৫৫ পি.এম
রাজনৈতিক টকশোর চলাকালে অপমানজনক মন্তব্য শোনার পর অনুষ্ঠান ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠিত এক আলোচনায় রাশেদ খাঁন এবং সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মান্নান রাশেদ খাঁনকে ‘ফালতু লোক’ বলে অভিহিত করেন। এই মন্তব্যে রাশেদ খাঁন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি উল্লেখ করেন, "জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতাকে এমন ভাষায় আক্রমণ করা মেনে নেওয়া যায় না।"
তিনি সঞ্চালক মনিরুল ইসলামের কাছে প্রতিকার চান এবং জানান যে, আত্মসম্মান খুইয়ে তিনি সেখানে বসে থাকতে পারবেন না। সঞ্চালক দুঃখ প্রকাশ করে মান্নানের মন্তব্যটি অনুষ্ঠানের পক্ষ থেকে তুলে নেওয়ার প্রস্তাব দেন। তবে রাশেদ খাঁন এই প্রস্তাবে রাজি হননি। তার দাবি ছিল, যিনি কটূক্তি করেছেন, সেই মান্নানকেই তার মন্তব্য ফিরিয়ে নিতে হবে। কিন্তু মান্নান তা করেননি। শেষ পর্যন্ত রাশেদ খাঁন সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ত্যাগ করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক
এই বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং জনসভায় বলেছিলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। বিশেষ করে তিনি মিয়া গোলাম পরওয়ারের নাম উল্লেখ করেছিলেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন। এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নেন এবং এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন। সংসদে তিনি বলেন, "কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। কোনো এজেন্সির সঙ্গে বসবো কেন? আমরা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে।"
এছাড়া তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারাই দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসে অতীতের দেশনীতিকে ভুল বলে স্বীকার করেছেন।
ডা. শফিকুর রহমান ওই বক্তৃতায় রাশেদ খাঁনের নাম উল্লেখ না করলেও কটাক্ষ করে বলেন, "সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক... ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত।" এই প্রসঙ্গে তিনি রাশেদ খাঁনকে ‘ফালতু লোক’ বলেও অভিহিত করেন।
আরও পড়ুন: বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
১১ নভেম্বর রাতে রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হুঁশিয়ারি পোস্ট করেন। তিনি লেখেন, "ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।"
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি আরও একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, "হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি 'ফালতু' হয়ে গেলাম?" তিনি আরও লেখেন, "২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী লড়াই-সংগ্রাম করার পরও জামায়াতের আমিরের কাছে 'ফালতু' হয়ে গেলাম। অথচ দীর্ঘ এক দশকের বেশি সময় আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থাকার পরও জামায়াত-শিবিরের লোকজন হয়ে গেছে আমাদের চেয়ে বেশি যোগ্য ও ত্যাগী।"
তিনি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের তথ্যের প্রসঙ্গও তোলেন এবং প্রশ্ন করেন, সাদিক কায়েম (সালমান পরিচয়ধারী) নিয়ে সায়েরের প্রতিবেদন জামায়াত-শিবির সত্য মানলে মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য কেন মিথ্যা হবে?
সংসদের বক্তব্যের সমালোচনায় তিনি লেখেন, "মানসিক বিকলাঙ্গ না হলে জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে অসংসদীয় শব্দ 'ফালতু' উচ্চারণ করে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না। এটা একমাত্র বটবাহিনীর লিডারের পক্ষেই সম্ভব। পুরো দলটির আগা থেকে মাথা পর্যন্ত সবার চরিত্র কেমন, সেটা গতকালই তিনি প্রমাণ করেছেন।"
আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরির মাস্টারের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
এই বিতর্ক থামার আগেই শুক্রবার রাতে টকশোতে আবার একই কথা শুনতে হলো তাকে। তখনই তিনি অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।
নিজের আত্মসম্মানের পক্ষে যুক্তি দিতে গিয়ে রাশেদ খাঁন ২০১৮ সালের আন্দোলনের প্রসঙ্গ তোলেন। তিনি কারাবাস ও শেখ হাসিনার আমলে রিমান্ডে নির্যাতনের কথাও উল্লেখ করেন।
নথি ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৮ সালের ১ জুলাই ডিবি পুলিশ তাকে আটক করে। খবর অনুযায়ী, এটি মিরপুরের ঘটনা। রাশেদ খাঁনের নিজের ভাষ্যে সেটি ভাসানটেক।
শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়। মামলাটির ধারা ছিল তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের। রাশেদ খাঁনকে এতে গ্রেপ্তার দেখানো হয় এবং পরদিন ২ জুলাই ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা চেয়েছিলেন দশ দিন।
আরও পড়ুন: আফ্রিকান কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়
২০২৫ সালের ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন রাশেদ খাঁন। তার দাবি, আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার ইশতিয়াক আহমেদ তার হাত, চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে প্রায় ৩০ মিনিট নির্যাতন করেন। তিনি বলেন, সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে মোট ১৫ দিন নির্যাতন সহ্য করতে হয়েছে। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এই অভিযোগ যাচাই ও তদন্তের মধ্যে আছে।
রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হন। দলের পদ ছেড়ে যোগ দেন বিএনপিতে। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে দলের প্রার্থী হয়ে হেরে যান তিনি।
এরপর ২০২৬ সালের জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা প্রজ্ঞাপন জারি করে। এতে সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী পদে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: সংবিধান সংস্কারে ১১ দলের বিরোধী কমিটি, বিএনপির আপত্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন