১২:৪২ পি.এম
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংবিধান সংস্কারের জন্য বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করছে। তবে বিএনপি এই উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ভাঙন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছে।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) এই সনদে স্বাক্ষর করে। তবে বামধারার চারটি দল ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও সনদে স্বাক্ষর করেনি।
সনদে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
বিএনপি সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, মৌলিক সংস্কারের প্রয়োজন রয়েছে, শুধু সংবিধান সংশোধন যথেষ্ট নয়। এ নিয়ে সংসদে এবং বাইরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
সংবিধান সংশোধনে উদ্যোগী সরকার
সংশোধন এবং সংস্কার বিতর্কের মধ্যে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি পেশাজীবীদের সঙ্গে ১০টি বৈঠক সম্পন্ন করেছে। এসব বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবগুলো নিয়ে আবারও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল
আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরির মাস্টারের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য গত সেপ্টেম্বর থেকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবার বিরোধী জোট সরকারের গঠিত কমিটিকে জনগণের আকাঙ্ক্ষাবিরোধী আখ্যা দিয়ে পাল্টা সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য, শীর্ষ নেতা এবং সংবিধান বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা সরকারের কাছে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
বিএনপি এবং জামায়াতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি সরকারের পদক্ষেপকে এখতিয়ারবহির্ভূত আখ্যা দিয়ে বলেন, ‘সংবিধান নিয়ে সরকার যে সংশোধনের পথে যাচ্ছে, এটা এখতিয়ারবহির্ভূত। এই সংসদকে জনগণ সেই রায় দেয়নি। আলাদা একটা ফোরাম করে সংস্কার করার কথা বলা হয়েছে। তাই আমরা সংস্কার প্রক্রিয়া শুরুর জন্য আলাদা একটা কমিটি গঠন করব।’
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিরোধী দলের আলাদা কমিটি গঠনের উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করেন। তিনি বিরোধী দলকে সংসদে উপস্থিত হয়ে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: আফ্রিকান কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়
আলাল বলেন, ‘যদি তারা (১১ দলীয় ঐক্য) আন্দোলন না করে বরং সংসদে গিয়ে উপস্থিত হন, তাহলে বলটা তাদের কোর্টে চলে আসে। তখন তারা বলতে পারেন, আমরা সংস্কারই চাই, এই সংশোধন শব্দটা মানব না। যদি বিএনপি নেতিবাচক হয়, তখন দোষারোপ করা যায়।’
তিনি আরও বলেন, ‘বিরোধীরা হাজির না হলে কাকে উদ্দেশ্য করে আমি কথা বলব বা কার কাছে প্রস্তাবনা চাইব?’ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং ঐক্য গড়তে সংসদীয় কমিটিতে উপস্থিত হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন