০২:০১ পি.এম
শরীরচর্চা তার কাছে বিরক্তিকর মনে হয়, ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দৌড়ানো একেবারেই তার পছন্দ নয়। তবে তিনি নিজেকে দাবি করেন যে, তিনি ব্যক্তিগতভাবে প্রচুর পরিশ্রম করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যায়ামের সময় শুনলে অবাক হতে হয়। দিনে সর্বোচ্চ এক মিনিট, এবং তাও ভাগ্য ভালো থাকলে। ৮০ বছর বয়সি এই প্রেসিডেন্টের খাবার, শরীরচর্চা, গলফ এবং ওজন কমানোর ওষুধ নিয়ে আলোচনা এখন চলমান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শারীরিক সক্ষমতা নিয়ে রসিকতা করে জানিয়েছেন, তিনি শরীরচর্চার জন্য দিনে বড়জোর এক মিনিট সময় দেন। চলতি বছরেই হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্রীড়াবিদদের স্বাগত জানিয়ে জাতীয় শারীরিক সক্ষমতা ও ক্রীড়া মাস উদ্যাপনের একটি ঘোষণাপত্রে সই করেন তিনি। এ সময় তিনি নিজের ব্যায়ামের রুটিন নিয়ে মজার মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে আগে থেকে তৈরি করা বক্তব্য পড়ে শোনাচ্ছিলেন ট্রাম্প। তবে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই লিখিত বক্তব্য থেকে সরে এসে নিজের মতো করে কথা বলতে শুরু করেন তিনি।
আরও পড়ুন: এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান
ট্রাম্প বলেন, ‘আমেরিকার ক্রীড়া ঐতিহ্য এবং শারীরিক সক্ষমতায় কৃতিত্ব অর্জনকারীদের উদ্যাপন করার জন্য আজ সত্যিই সুন্দর একটি দিন। এসব বিষয় উদ্যাপনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
এরপর নিজের শরীরচর্চার প্রসঙ্গ টেনে রসিকতা করে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনেক পরিশ্রম করি। প্রচুর ব্যায়াম করি—দিনে প্রায় এক মিনিট, ভাগ্য ভালো থাকলে সর্বোচ্চ এতটুকুই।’ তার এ মন্তব্যে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মৃদু হাসির সৃষ্টি হয়।
শরীরচর্চা একেবারেই পছন্দ নয়
ট্রাম্প যে নিয়মিত শরীরচর্চার ভক্ত নন, তা নতুন কিছু নয়। সর্বশেষ শারীরিক পরীক্ষায় তার ওজন ছিল ২২৪ পাউন্ড বা প্রায় ১০২ কেজি। উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। শরীরচর্চার প্রতি তার অনীহার বিষয়টি বিভিন্ন সময় সংবাদমাধ্যমেও উঠে এসেছে।
আরও পড়ুন: পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না
নববর্ষের দিন দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, প্রিয় গলফ খেলা ছাড়া অন্য কোনো শারীরিক কর্মকাণ্ডে তার তেমন আগ্রহ নেই।
শরীরচর্চা সম্পর্কে নিজের বিরক্তির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এটা পছন্দ করি না। বিষয়টি বিরক্তিকর। কিছু মানুষ ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে হাঁটেন কিংবা দৌড়ান। কিন্তু এটা আমার জন্য নয়।’
এদিকে ট্রাম্পের সহযোগীরা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পায়ের গোড়ালিতে ফোলা কমাতে তিনি ইদানীং কাজের টেবিল থেকে বেশি বেশি উঠে হাঁটাহাঁটি করছেন।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প দীর্ঘস্থায়ী শিরাগত অপ্রতুলতায় (ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি) ভুগছেন। এটি একটি সাধারণ শারীরিক সমস্যা। এ অবস্থায় পায়ের শিরাগুলো পর্যাপ্ত দক্ষতার সঙ্গে রক্ত হৃদ্যন্ত্রের দিকে ফিরিয়ে নিতে পারে না। ফলে পায়ে রক্ত জমে থাকা বা ফোলাভাব দেখা দিতে পারে।
আরও পড়ুন: সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা?
গলফই ট্রাম্পের প্রধান শরীরচর্চা
শরীরচর্চার প্রতি অনীহা থাকলেও নিয়মিত কিছুটা শারীরিক পরিশ্রম করেন ট্রাম্প। তার সবচেয়ে পছন্দের খেলা গলফ। সাধারণত সপ্তাহান্তে গলফ কোর্সে সময় কাটান তিনি।
গলফের প্রতি তার আগ্রহ এতটাই বেশি যে, তিনি সেদিন গলফ খেলেছেন কি না, তা জানার জন্য আলাদা একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ওয়েবসাইটটির নাম ‘ডিড ট্রাম্প গলফ টুডে?’ অর্থাৎ ‘ট্রাম্প কি আজ গলফ খেলেছেন?’
ওয়েবসাইটটির হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে বর্তমান মেয়াদের প্রায় এক-চতুর্থাংশ সময় তিনি গলফ খেলেই কাটিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে, উদ্বেগ বাড়ছে
গলফারদের দেখে মুগ্ধ ট্রাম্প
ওভাল অফিসে ঘোষণাপত্রে সই করার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলফ তারকা গ্যারি প্লেয়ার এবং দুইবারের ইউএস ওপেনজয়ী ব্রাইসন ডিশ্যাম্বো। ডিশ্যাম্বোর সুঠাম শরীর দেখে মুগ্ধ হন ট্রাম্প।
তার শারীরিক গঠন নিয়ে প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘শারীরিক সক্ষমতা নিয়ে তিনি (ডিশ্যাম্বো) ভীষণ সচেতন। তাকে দেখলেই বোঝা যায়। আমার তো মনে হয়, তিনি যদি একেবারেই শরীরচর্চা না করতেন, তারপরও তার শরীর এখনকার মতোই থাকত।’
পরে আবারও ডিশ্যাম্বোর শারীরিক গঠন নিয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় ওজন কমানোর ওষুধের প্রতি ইঙ্গিত করে মজা করেন তিনি। এসব ওষুধকে নিজের পছন্দের শব্দবন্ধ ‘ফ্যাট শট’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্টের ৮০ ভাগই চীনের
ট্রাম্প বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কখনো সেই ইনজেকশন নিয়েছ? সে বুঝতেই পারেনি আমি কী বলছি। বলল, কোন ইনজেকশন? তার শরীরে মেদ জমতে পারে। সে তার শরীর নিয়ে একজন বিজ্ঞানীর মতো। অসাধারণ একজন মানুষ এবং সত্যিকারের চ্যাম্পিয়ন।’
ওজন কমানোর ওষুধ নিয়ে ট্রাম্পের আগ্রহ
ওজন কমানোর ওষুধ নিয়ে ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। নিজের ঘনিষ্ঠ মহলের দুজনের ওজন কমানোর ওষুধ ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি। তাদের একজন হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং। অন্যজন একজন ধনকুবের বন্ধু, যার নাম এখনো প্রকাশ করেননি ট্রাম্প।
গত জানুয়ারিতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ওজন কমানোর এসব ইনজেকশন তার নিজেরও প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য জনপ্রিয় এসব ওষুধ কখনো ব্যবহার করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি ব্যবহার করিনি। তবে সম্ভবত আমার ব্যবহার করা উচিত।’
তথ্যসূত্র: ডেইলি বিস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন