ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা?


সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা?

ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা গত দেড় দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে সৌদি আরবের সীমান্তে কয়েকটি রকেট নিক্ষেপের মাধ্যমে শুরু হওয়া তাদের হামলার পরিধি এখন আরব উপদ্বীপ ছাড়িয়ে ইসরাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে।

২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, হুথিরা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশ কিছু হামলা প্রতিহত করতে সক্ষম হলেও, ক্ষেপণাস্ত্রের মজুত এবং উৎপাদন সক্ষমতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোটও হুথিদের অস্ত্র উৎপাদন অবকাঠামো ধ্বংসে অভিযান জোরদার করেছে। গত ২৬ অক্টোবর, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, পাঁচটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ টানেল এবং একটি গুদাম ধ্বংসের দাবি করে জোট। ৯ নভেম্বর, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজনের কাজে ব্যবহৃত আরো তিনটি স্থাপনা ধ্বংসের কথা জানানো হয়।

আরও পড়ুন: এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

বিশ্লেষকদের মতে, হুথিদের প্রকৃত শক্তি এখন শুধুমাত্র তাদের মজুত ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়; বরং ধ্বংস হওয়া অস্ত্র কত দ্রুত পুনরায় তৈরি করা সম্ভব হচ্ছে, সেটিই বড় প্রশ্ন।

সম্প্রতি অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ (সিএআর) জানায়, হুথিরা উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিজস্ব উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। জুলাইয়ে ইয়েমেনের এডেন বন্দরে জব্দ করা চারটি কনটেইনারে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, রকেট মোটর, শিল্পকারখানার যন্ত্রপাতি এবং মান নিয়ন্ত্রণের সরঞ্জাম পাওয়া যায়। এসব উপকরণ দিয়ে এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ইরানি খাইবারশেকান ক্ষেপণাস্ত্রের আদলে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ক্ষেপণাস্ত্রের নকশা ও প্রযুক্তি উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারও শুরু করেছে হুথিরা। এ বিষয়ে অ্যানথ্রপিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনভিত্তিক একটি অস্ত্র উন্নয়নকারী গোষ্ঠী এআই প্রযুক্তি ব্যবহার করে তিন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প পরিচালনা করছিল। এর মধ্যে একটি ছিল দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রযুক্তিগত সহায়তা, বিদেশ থেকে যন্ত্রাংশ সংগ্রহ এবং স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পেলে হুথিদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরো শক্তিশালী হবে। তাদের লক্ষ্য শুধুমাত্র দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি নয়, বরং ব্যাপক উৎপাদন, অস্ত্র নিষেধাজ্ঞা এড়িয়ে যন্ত্রাংশ সংগ্রহ এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা অর্জন।

আরও পড়ুন: পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না

ফলে, সৌদি আরব এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুথিদের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নতুন করে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সম্ভাবনা

বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের আলোচনা এগিয়ে যাওয়ার ফলে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এর অংশ হিসেবে, প্রাথমিকভাবে ১০০ জন দক্ষ বাংলাদেশি কর্মীকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে। এই কর্মীরা পূর্বে সিঙ্গাপুরে কাজ করেছেন। তাদের সাক্ষাৎকার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আশা করছে, শিগগিরই তাদের সিঙ্গাপুরে পাঠানো সম্ভব হবে।

প্রাথমিক পর্যায়ে, সিঙ্গাপুরে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ১০০ জন দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাক্ষাৎকার সম্পন্ন হওয়ার পর, আশা করা হচ্ছে তারা দ্রুত দেশটিতে যেতে পারবেন। সিঙ্গাপুরে বাংলাদেশের কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ঢাকাস্থ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। নির্মাণ, উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য সিঙ্গাপুর একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হয়ে উঠেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৭০ হাজার ৮৩২ জন বাংলাদেশি সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে গেছেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে গেছেন আরও ৫৫ হাজার ৬১৪ জন। ওই সময় পর্যন্ত বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া মোট বাংলাদেশির ১০ দশমিক ৩৪ শতাংশের গন্তব্য ছিল সিঙ্গাপুর।

বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৬৪ হাজার ৩৮৩ জন, ২০২৩ সালে ৫৩ হাজার ২৬৫ জন এবং ২০২৪ সালে ৫৬ হাজার ৮৪৭ জন বাংলাদেশি সিঙ্গাপুরে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ৭০ হাজার ছাড়িয়ে যাবে। বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের বড় অংশ নির্মাণ, জাহাজ নির্মাণ ও মেরামত, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পে কাজ করেন। এছাড়া, লজিস্টিকস, সেবা ও খুচরা ব্যবসা খাতেও তাদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

দুই দেশের আলোচনায় দক্ষতা ও নিরাপদ অভিবাসন গুরুত্ব পাচ্ছে। সিঙ্গাপুরে দক্ষ বাংলাদেশি কর্মীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। গত ১৯ আগস্ট সিঙ্গাপুরের ঢাকাস্থ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো, শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এর আগে ১১ আগস্ট সিঙ্গাপুরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের বৈঠকেও বিষয়গুলো গুরুত্ব পায়। দক্ষ জনশক্তি তৈরি, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়। বাংলাদেশি নারীদের পরিচর্যা ও নার্সিং খাতে কাজের সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় আসে।

এপ্রিল মাসে ঢাকায় এক বৈঠকে সিঙ্গাপুরের পক্ষ থেকে দেশটির বিভিন্ন বড় প্রকল্পে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহের কথা জানানো হয়েছিল। চাঙ্গি বিমানবন্দর, সেন্টোসা দ্বীপ ও পায়া লেবার বিমানঘাঁটির সম্ভাব্য প্রকল্পে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ নিয়েও আলোচনা হয়।

সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ বাড়লেও বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষতা, প্রশিক্ষণ ও নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। দেশটিতে নির্মাণ, জাহাজ নির্মাণ ও উৎপাদন খাতে সাধারণত ওয়ার্ক পারমিটের আওতায় আধা-দক্ষ ও দক্ষ কর্মী নিয়োগ করা হয়। অন্যদিকে, কারিগরি কর্মী, সুপারভাইজার ও পেশাজীবীদের জন্য রয়েছে এস পাস ও এমপ্লয়মেন্ট পাসের সুযোগ। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট যোগ্যতা ও বেতনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।

অভিবাসন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদেশে কাজের সুযোগ থাকলেও মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত অর্থ আদায়ের কারণে অনেক কর্মীকে বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। এতে তাদের ঋণগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগ এবং নির্ধারিত ব্যয়ে কর্মী পাঠানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।

বোয়েসেল সরকারি নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। সিঙ্গাপুরের সঙ্গে চলমান আলোচনার লক্ষ্যও শুধু কর্মী পাঠানো নয়, বরং দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানো এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের সুযোগ তৈরি করা।

সিঙ্গাপুরে কাজের অভিজ্ঞতা থাকা ১০০ কর্মীকে পাঠানোর উদ্যোগটি দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করার একটি সম্ভাব্য পদক্ষেপ। তবে পরবর্তী সময়ে আরো বেশি কর্মীর জন্য সুযোগ তৈরি করতে হলে প্রশিক্ষণ, দক্ষতা যাচাই, নিয়োগ ব্যয় নিয়ন্ত্রণ এবং দুই দেশের সরকারি পর্যায়ের সমন্বয় জোরদার করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইইবি নির্বাচনে চমক দেখালো ‌এ্যাব, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খান মনজুর মোর্শেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


আইইবি নির্বাচনে চমক দেখালো ‌এ্যাব, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খান মনজুর মোর্শেদ

পেশাজীবী প্রকৌশলীদের জন্য একমাত্র জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে চমক সৃষ্টি করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল।

দুই বছরের জন্য গঠিত কমিটিতে প্যানেল প্রার্থী প্রকৌশলী খান মনজুর মোর্শেদ নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক হিসেবে। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ড. মনিরুল ইসলাম এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এই নির্বাচনের চূড়ান্ত ফল শুক্রবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হয়।

আইইবির নির্বাচনী ইতিহাসে এ্যাব প্রথমবারের মতো নিজস্ব প্যানেলে এককভাবে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে সাংগঠনিক অগ্রযাত্রার একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের এ্যাব অভিনন্দন জানিয়েছে। প্যানেলের পক্ষ থেকে দেশব্যাপী অংশগ্রহণকারী সকল প্রকৌশলী ভোটারদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না

পাকিস্তানে তিন দশক ধরে টিকাদান কার্যক্রম, বিপুল অর্থায়ন এবং হাজার হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের পরও পোলিও নির্মূল করা সম্ভব হয়নি। চলতি বছর দেশটিতে এ পর্যন্ত নয়জনের শরীরে পোলিও শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাহীনতা, টিকা নিয়ে ভুল ধারণা এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের অনাস্থা এই রোগ নির্মূলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ডন জানায়, সর্বশেষ ৬ নভেম্বর খাইবার জেলার সাত মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এটি চলতি বছরের নবম রোগী। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনাক্ত হয়েছে সাতজন।

পাকিস্তানে পোলিও নির্মূলের জন্য দীর্ঘদিন ধরে ব্যাপক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কাজে চার লাখের বেশি মাঠকর্মী নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিপুল অর্থ সহায়তা দিয়েছে, কিন্তু তবুও দেশটি এ রোগ নির্মূল করতে পারেনি।

পোলিও নির্মূলের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং দুর্গম এলাকায় টিকাদান কর্মীদের পৌঁছাতে না পারার মতো সমস্যা বিদ্যমান। পাশাপাশি, টিকা নিয়ে ভুল তথ্য এবং ধর্মীয় ভ্রান্ত ধারণার কারণে অনেক পরিবার শিশুদের টিকা দিতে চায় না। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কারণে ছাড়াও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থার অভাব বড় ভূমিকা রাখছে।

পাকিস্তানের অনেক সুবিধাবঞ্চিত এলাকায় পোলিও টিকাদান কর্মসূচিই রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার সঙ্গে মানুষের নিয়মিত যোগাযোগের অন্যতম মাধ্যম। টিকাদান কর্মীরা বছরে একাধিকবার বাড়িতে গেলেও এসব এলাকার অনেক পরিবার নিয়মিত টিকা, মাতৃস্বাস্থ্যসেবা, কার্যকর স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাষ্ট্রকে শুধু পোলিও টিকা দেওয়ার সময়ই দেখা যায়, অন্য প্রয়োজনের সময় পাওয়া যায় না।

বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন দাবি আদায়ের জন্য পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘটনা ঘটেছে। এসব বর্জনের পেছনে অনেক ক্ষেত্রে টিকা নিয়ে ভুল ধারণা নয়, বরং বিদ্যুৎ, রাস্তাঘাট, কর্মসংস্থান ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধার অভাব কাজ করেছে।

ব্রিটিশ মেডিকেল জার্নালের ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ায় উপজাতীয় জিরগাগুলো ৬৭৭টি পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছিল। এসব বর্জনের সঙ্গে বিদ্যুৎ, রাস্তা ও জীবিকার মতো বিভিন্ন দাবি জড়িত ছিল। পাকিস্তানের পোলিও কর্মসূচিও স্বীকার করেছে, নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে অনেক সম্প্রদায় টিকাদান কর্মসূচি বর্জনকে চাপ তৈরির উপায় হিসেবে ব্যবহার করছে।

টিকাদান কর্মসূচির মাঠপর্যায়ের ব্যবস্থাপনাতেও দুর্বলতা রয়েছে। নারী টিকাদানকারীর সংকট, কর্মীদের ঘন ঘন পরিবর্তন এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের বোঝানো যাচ্ছে না, কেন শিশুদের বারবার পোলিও টিকা দিতে হয়। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তিদেরও যথেষ্ট কাজে লাগানো হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, শুধু টিকাদান কর্মসূচি বাড়িয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। নিয়মিত টিকাদান এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় টিকা ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, যাতে পোলিও কর্মসূচির পাশাপাশি শিশুরা অন্যান্য স্বাস্থ্যসেবাও পায়।

এ ছাড়া পোলিও কর্মসূচির জন্য গড়ে ওঠা বিশেষ ব্যবস্থাপনা ও অর্থায়নের সঙ্গে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকেরা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের নাগরিক সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। তা না হলে টিকাদান কর্মসূচি বর্জন করে দাবি আদায়ের প্রবণতা বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, পোলিও নির্মূল করতে হলে শুধু শিশুদের কাছে টিকা পৌঁছে দিলেই হবে না, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি পরিবারগুলোর আস্থাও তৈরি করতে হবে। নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে টিকাদান কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং পোলিও নির্মূলের পথ সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওউত নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন হরর সিনেমার মাধ্যমে। তিনি ‘স্কেয়ারি পিকচার’ নামের একটি নতুন হরর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি।

সিনেমাটি প্রযোজনা করছে অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’। এটি প্রতিষ্ঠানটির জন্য প্রথমবারের মতো হরর ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়া। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু। এ সিনেমার মাধ্যমে তিনি হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি উল্লেখ করেন, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানার নিজস্ব বৈচিত্র্য রয়েছে। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় ভিন্নতা দেখা যায়। তাই তারা এই ঘরানার সব ধরনের উপধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতে ইচ্ছুক।

হরর সিনেমা নির্মাণে পরিচিত মুখ রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্কেয়ারি পিকচার’-এর গল্প, কঙ্গনার চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

এদিকে, কঙ্গনা এর আগে হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় তাকে দেখা গেছে। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় তিনি একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে ঘিরে আবর্তিত হয়েছে।

এছাড়া কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল অন্যতম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%