ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আইইবি নির্বাচনে চমক দেখালো ‌এ্যাব, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খান মনজুর মোর্শেদ


আইইবি নির্বাচনে চমক দেখালো ‌এ্যাব, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খান মনজুর মোর্শেদ

পেশাজীবী প্রকৌশলীদের জন্য একমাত্র জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে চমক সৃষ্টি করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল।

দুই বছরের জন্য গঠিত কমিটিতে প্যানেল প্রার্থী প্রকৌশলী খান মনজুর মোর্শেদ নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক হিসেবে। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ড. মনিরুল ইসলাম এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এই নির্বাচনের চূড়ান্ত ফল শুক্রবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হয়।

আরও পড়ুন: আইনমন্ত্রীর কাছে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি

আইইবির নির্বাচনী ইতিহাসে এ্যাব প্রথমবারের মতো নিজস্ব প্যানেলে এককভাবে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে সাংগঠনিক অগ্রযাত্রার একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের এ্যাব অভিনন্দন জানিয়েছে। প্যানেলের পক্ষ থেকে দেশব্যাপী অংশগ্রহণকারী সকল প্রকৌশলী ভোটারদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না

পাকিস্তানে তিন দশক ধরে টিকাদান কার্যক্রম, বিপুল অর্থায়ন এবং হাজার হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের পরও পোলিও নির্মূল করা সম্ভব হয়নি। চলতি বছর দেশটিতে এ পর্যন্ত নয়জনের শরীরে পোলিও শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাহীনতা, টিকা নিয়ে ভুল ধারণা এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের অনাস্থা এই রোগ নির্মূলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ডন জানায়, সর্বশেষ ৬ নভেম্বর খাইবার জেলার সাত মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এটি চলতি বছরের নবম রোগী। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনাক্ত হয়েছে সাতজন।

পাকিস্তানে পোলিও নির্মূলের জন্য দীর্ঘদিন ধরে ব্যাপক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কাজে চার লাখের বেশি মাঠকর্মী নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিপুল অর্থ সহায়তা দিয়েছে, কিন্তু তবুও দেশটি এ রোগ নির্মূল করতে পারেনি।

পোলিও নির্মূলের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং দুর্গম এলাকায় টিকাদান কর্মীদের পৌঁছাতে না পারার মতো সমস্যা বিদ্যমান। পাশাপাশি, টিকা নিয়ে ভুল তথ্য এবং ধর্মীয় ভ্রান্ত ধারণার কারণে অনেক পরিবার শিশুদের টিকা দিতে চায় না। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কারণে ছাড়াও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থার অভাব বড় ভূমিকা রাখছে।

পাকিস্তানের অনেক সুবিধাবঞ্চিত এলাকায় পোলিও টিকাদান কর্মসূচিই রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার সঙ্গে মানুষের নিয়মিত যোগাযোগের অন্যতম মাধ্যম। টিকাদান কর্মীরা বছরে একাধিকবার বাড়িতে গেলেও এসব এলাকার অনেক পরিবার নিয়মিত টিকা, মাতৃস্বাস্থ্যসেবা, কার্যকর স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাষ্ট্রকে শুধু পোলিও টিকা দেওয়ার সময়ই দেখা যায়, অন্য প্রয়োজনের সময় পাওয়া যায় না।

বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন দাবি আদায়ের জন্য পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘটনা ঘটেছে। এসব বর্জনের পেছনে অনেক ক্ষেত্রে টিকা নিয়ে ভুল ধারণা নয়, বরং বিদ্যুৎ, রাস্তাঘাট, কর্মসংস্থান ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধার অভাব কাজ করেছে।

ব্রিটিশ মেডিকেল জার্নালের ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ায় উপজাতীয় জিরগাগুলো ৬৭৭টি পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছিল। এসব বর্জনের সঙ্গে বিদ্যুৎ, রাস্তা ও জীবিকার মতো বিভিন্ন দাবি জড়িত ছিল। পাকিস্তানের পোলিও কর্মসূচিও স্বীকার করেছে, নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে অনেক সম্প্রদায় টিকাদান কর্মসূচি বর্জনকে চাপ তৈরির উপায় হিসেবে ব্যবহার করছে।

টিকাদান কর্মসূচির মাঠপর্যায়ের ব্যবস্থাপনাতেও দুর্বলতা রয়েছে। নারী টিকাদানকারীর সংকট, কর্মীদের ঘন ঘন পরিবর্তন এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের বোঝানো যাচ্ছে না, কেন শিশুদের বারবার পোলিও টিকা দিতে হয়। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তিদেরও যথেষ্ট কাজে লাগানো হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, শুধু টিকাদান কর্মসূচি বাড়িয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। নিয়মিত টিকাদান এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় টিকা ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, যাতে পোলিও কর্মসূচির পাশাপাশি শিশুরা অন্যান্য স্বাস্থ্যসেবাও পায়।

এ ছাড়া পোলিও কর্মসূচির জন্য গড়ে ওঠা বিশেষ ব্যবস্থাপনা ও অর্থায়নের সঙ্গে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকেরা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের নাগরিক সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। তা না হলে টিকাদান কর্মসূচি বর্জন করে দাবি আদায়ের প্রবণতা বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, পোলিও নির্মূল করতে হলে শুধু শিশুদের কাছে টিকা পৌঁছে দিলেই হবে না, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি পরিবারগুলোর আস্থাও তৈরি করতে হবে। নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে টিকাদান কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং পোলিও নির্মূলের পথ সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওউত নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন হরর সিনেমার মাধ্যমে। তিনি ‘স্কেয়ারি পিকচার’ নামের একটি নতুন হরর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি।

সিনেমাটি প্রযোজনা করছে অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’। এটি প্রতিষ্ঠানটির জন্য প্রথমবারের মতো হরর ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়া। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু। এ সিনেমার মাধ্যমে তিনি হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি উল্লেখ করেন, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানার নিজস্ব বৈচিত্র্য রয়েছে। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় ভিন্নতা দেখা যায়। তাই তারা এই ঘরানার সব ধরনের উপধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতে ইচ্ছুক।

হরর সিনেমা নির্মাণে পরিচিত মুখ রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো তেলুগু চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্কেয়ারি পিকচার’-এর গল্প, কঙ্গনার চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

এদিকে, কঙ্গনা এর আগে হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় তাকে দেখা গেছে। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় তিনি একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে ঘিরে আবর্তিত হয়েছে।

এছাড়া কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল অন্যতম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাশ্রয়ী বড়িতে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


সাশ্রয়ী বড়িতে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি

ডায়াবেটিস এবং স্থূলতার চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে প্রতিদিন খাওয়ার উপযোগী বড়ি। এতদিন এ ধরনের চিকিৎসায় ব্যবহৃত অধিকাংশ ওষুধ ছিল ইনজেকশননির্ভর। তবে এখন একই ধরনের ওষুধ বড়ি আকারে পাওয়া যাচ্ছে। এতে চিকিৎসার খরচ কমার পাশাপাশি ওষুধ সংরক্ষণ ও পরিবহন সহজ হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মতো ডায়াবেটিসের প্রকোপ বেশি এমন অঞ্চলের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত মুখে খাওয়ার সেমাগ্লুটাইডের ৩০ দিনের ডোজের দাম প্রায় ১৮ ডলার। ফলে তুলনামূলক কম খরচে চিকিৎসার সুযোগ তৈরির আশা করছেন বিশেষজ্ঞরা।

নতুন এই চিকিৎসাপদ্ধতির কেন্দ্রে রয়েছে জিএলপি-১ (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) রিসেপ্টর অ্যাগোনিস্ট। এটি শরীরের স্বাভাবিক হরমোনের মতো কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। এতদিন এ ধরনের ওষুধের জনপ্রিয় সংস্করণ ছিল সপ্তাহে একবার নেওয়ার ইনজেকশন। এর মধ্যে রয়েছে ওজেম্পিক, ওয়েগোভি ও মাউনজারো। এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমাতেও কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

এখন প্রতিদিন খাওয়ার উপযোগী জিএলপি-১ বড়ি বিকল্প হিসেবে সামনে আসছে। এতে ইনজেকশন নেওয়ার ঝামেলা কমবে। পাশাপাশি ওষুধ সংরক্ষণ ও পরিবহনের খরচও কমতে পারে। কারণ, ইনজেকশন ও ইনসুলিন সংরক্ষণে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়। অনেক উন্নয়নশীল দেশে এই শীতল সংরক্ষণব্যবস্থা বা কোল্ড চেইন নিশ্চিত করা কঠিন।

আলজাজিরার এক প্রতিবেদনে এসব সম্ভাবনা, চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সি প্রতি ৯ জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে, বিশ্বজুড়ে প্রতি ৮ জনের একজন স্থূলতায় ভুগছেন। তবে জিএলপি-১ ইনজেকশনের বড় বাধা এর দাম। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান এসব ওষুধের খরচ বহন করে না। কারণ, সেগুলোকে অপরিহার্য চিকিৎসার পরিবর্তে ঐচ্ছিক ওষুধ হিসেবে বিবেচনা করা হয়।

দেশভেদে মাউনজারোর দামে বড় পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রে ওষুধটির এক মাসের ডোজের দাম প্রায় ৫০০ ডলার। যুক্তরাজ্যে ১৯৯ পাউন্ড বা ২৬৪ ডলার এবং সৌদি আরবে ১ হাজার ২৬১ রিয়াল বা ৩৩৬ ডলার। ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত মাউনজারোর দাম ১৪ হাজার ৭৬৬ রুপি বা ১৫৭ ডলার। পাকিস্তানে আমদানি করা মাউনজারোর দাম অনেক বেশি, প্রায় ২ লাখ ২০ হাজার রুপি বা ৭২৩ ডলার। তবে দেশটিতে গেটজ ফার্মার উৎপাদিত স্থানীয় সংস্করণ টিরজেপাটাইডের দাম ১৭ হাজার রুপি বা ৬১ ডলার।

ইনজেকশন সাধারণত সপ্তাহে একবার নিতে হয়। অন্যদিকে, বড়ি খেতে হয় প্রতিদিন। তুলনামূলক কম দামে বড়ি পাওয়া গেলে উন্নয়নশীল দেশগুলোর মানুষের চিকিৎসা সহজ হতে পারে। বিশেষ করে যেসব দেশে ওষুধ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই, সেখানে বড়ি পরিবহন ও বিতরণও সহজ হবে।

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুপাতের দিক থেকে পাকিস্তান বিশ্বের শীর্ষে। দেশটির ৩১ দশমিক ৪ শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত। এরপর রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ, যেখানে আক্রান্ত মানুষের হার ২৫ দশমিক ৭ শতাংশ। কুয়েতে এই হার ২৫ দশমিক ৬ শতাংশ, সামোয়ায় ২৫ দশমিক ৪ শতাংশ। কাতার ও কিরিবাতি—উভয় দেশেই ২৪ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সৌদি আরবে এ হার ২৩ দশমিক ১ শতাংশ। ফরাসি পলিনেশিয়ায় ২২ দশমিক ৮ শতাংশ, মিসরে ২২ দশমিক ৪ শতাংশ এবং বাহরাইনে ২২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, ডায়াবেটিসের প্রকোপ বেশি এমন দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও রয়েছে।

পাকিস্তানের করাচির চিকিৎসক জাকির আলাভি প্রায় ৩০ বছর ধরে ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। তার মতে, দেশটিতে অপুষ্টি ও স্থূলতা—দুই ধরনের সমস্যাই পাশাপাশি রয়েছে।

আলাভি বলেন, ‘পাকিস্তান বৈপরীত্যের দেশ। একদিকে এখানে শিশুদের মধ্যে অপুষ্টি, কম ওজন এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার সমস্যা রয়েছে। অন্যদিকে শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতাও দেখা যাচ্ছে।’

তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয় হলো, শিশু ও প্রাপ্তবয়স্কদের স্থূলতার কিছু ক্ষেত্রে মায়ের অপুষ্টি এবং কম ওজন নিয়ে অপরিণত অবস্থায় শিশুর জন্মের সম্পর্ক থাকতে পারে।

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় অপুষ্টির কারণে শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে। জন্মের পর এসব শিশু দ্রুত ওজন বাড়ালে তাদের শৈশবে স্থূলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

জাকির আলাভি বলেন, ইনজেকশন হোক বা বড়ি—জিএলপি ওষুধ টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এসব ওষুধ শুধু টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে না, ডায়াবেটিস নেই এমন ব্যক্তিদের স্থূলতা কমাতেও কাজে আসে। এ ছাড়া হৃদ্‌যন্ত্র ও কিডনির কার্যকারিতা, যকৃতের রোগ, ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যার ক্ষেত্রেও এসব ওষুধ উপকার করতে পারে।

আলাভির ভাষায়, ‘ওজন কমানো, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা কিংবা দুটি বিষয়ই যখন গুরুত্বপূর্ণ, তখন এসব সমস্যার চিকিৎসায় ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে।’

কাতারের ওয়েল কর্নেল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং দোহার হামাদ মেডিকেল করপোরেশনের জ্যেষ্ঠ পরামর্শক রায়াজ মালিকও একই ধরনের মত দিয়েছেন। তিনি ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।

রায়াজ মালিক বলেন, গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস থেকে মুক্তি পেতে একজন ব্যক্তির কতটা ওজন কমানো প্রয়োজন, সেই প্রশ্নের উত্তরে প্রায় ১৫ কেজির একটি সংখ্যাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।

তার মতে, মুখে খাওয়ার জিএলপি ওষুধের সহজলভ্যতা বাড়লে আরো বেশি মানুষের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি রোগটি থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি হবে।

জিএলপি চিকিৎসার আবিষ্কারের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ডেনমার্কের জেনস জুল হোলস্ট। তিনি একজন অধ্যাপক, চিকিৎসক ও শারীরবৃত্তবিদ। ১৯৭০-এর দশকে অন্ত্রের হরমোন নিয়ে গবেষণা শুরু করেন তিনি। সেই গবেষণাই পরবর্তী সময়ে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বড় পরিবর্তনের পথ তৈরি করে।

আলজাজিরাকে হোলস্ট বলেন, গবেষণার শুরুতে তারা অন্ত্র থেকে নিঃসৃত এমন একটি পেপটাইড খুঁজছিলেন, যা ইনসুলিন নিঃসরণে ভূমিকা রাখে।

তিনি বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম, কোন বিষয়টি ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এটি ছিল শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া বোঝার চেষ্টা। কিছু মানুষের রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাচ্ছিল। চিকিৎসাবিজ্ঞানে একে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আমরা এমন একটি পেপটাইড খুঁজছিলাম, যা ইনসুলিন নিঃসরণ বাড়াতে পারে এবং এ ধরনের সমস্যার সঙ্গে সম্পর্কিত।’

হোলস্টের মতে, ব্যারিয়াট্রিক সার্জারির মতো কিছু অস্ত্রোপচারের পর রোগীদের যে রিঅ্যাকটিভ হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়, তা জিএলপি অণুর কার্যপ্রণালি বুঝতে সাহায্য করে।

পরবর্তী সময়ে গবেষকেরা দেখতে পান, এই অণু শুধু ইনসুলিন নিঃসরণেই ভূমিকা রাখে না, ক্ষুধা ও খাবার গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

হোলস্ট বলেন, ‘আমাদের কাছে ক্ষুধা ও খাবার গ্রহণ নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কার করা ইনসুলিন নিঃসরণে এর ভূমিকা আবিষ্কারের চেয়েও বেশি রোমাঞ্চকর ছিল।’

তিনি জানান, তাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে নতুন এই পেপটাইড প্রয়োগ করে এর প্রভাব দেখা। গবেষণায় দেখা যায়, শিরার মাধ্যমে জিএলপি-১ প্রয়োগ করলে দীর্ঘদিন ধরে জটিল টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা মাত্র চার ঘণ্টার মধ্যে পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে আসে।

হোলস্ট বলেন, ‘এরপর আমরা বুঝতে পেরেছিলাম, আমরা বড় কিছু আবিষ্কারের পথে এগোচ্ছি।’

হোলস্ট ও তার দলের গবেষণার ফল থেকেই পরবর্তী সময়ে সেমাগ্লুটাইডের মতো ওষুধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় আসে টিরজেপাটাইড। বর্তমানে রেটাট্রুটাইড নামের আরও একটি ওষুধ নিয়ে পরীক্ষা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে এটি বাজারে আসতে পারে।

জিএলপি ওষুধের বাজারও দ্রুত বাড়ছে। এ খাতের প্রধান দুই উৎপাদক প্রতিষ্ঠান এলি লিলি ও নোভো নরডিস্কের প্রত্যাশা, বর্তমানে বছরে ৮০ বিলিয়ন ডলারের বাজার ২০৩০ সালের মধ্যে বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ২০২৪ সালে বিশ্বজুড়ে স্থূলতার কারণে ৩৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে সংস্থাটি স্থূলতার দীর্ঘমেয়াদি চিকিৎসায় জিএলপি-১ ওষুধ ব্যবহারের সুপারিশ করে। বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত।

হোলস্ট বলেন, ‘যখন আমরা বুঝতে পারলাম, এটি ডায়াবেটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকর, তখন স্পষ্ট হয়ে গেল যে বিশ্বের লাখ লাখ মানুষ এর সুফল পেতে পারেন।’

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ শরীরের ওজন নিয়ন্ত্রণে আগ্রহী। ফলে এ ধরনের ওষুধের চাহিদা ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিএলপি-১ শরীরের একটি স্বাভাবিক হরমোন। এটি অগ্ন্যাশয়কে ইনসুলিন নিঃসরণে নির্দেশ দেয়। খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা বাড়লে ইনসুলিন নিঃসরণের মাধ্যমে তা নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে, জিআইপি বা গ্লুকোজ-নির্ভর ইনসুলিনোট্রপিক পলিপেপটাইডও অন্ত্র থেকে নিঃসৃত একটি হরমোন। খাবার গ্রহণের পর এটিও অগ্ন্যাশয়কে ইনসুলিন নিঃসরণে উৎসাহিত করে।

জিএলপি-১-এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পাকস্থলী থেকে খাবার বের হওয়ার গতি ধীর করা। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধা কম লাগে। জিএলপি-১-ভিত্তিক ওষুধ শরীরের এই স্বাভাবিক হরমোনের মতো কাজ করে। ফলে রক্তে শর্করার মাত্রা কমে এবং খাবার গ্রহণের প্রবণতাও নিয়ন্ত্রণে আসে।

ওষুধগুলোর কার্যপ্রণালি বোঝাতে একটি উদাহরণ দেওয়া যায়। কোনো ব্যস্ত মোড়ে ছয়টি ট্রাফিক বাতি একসঙ্গে অকার্যকর হয়ে গেলে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা তৈরি হয়। সেমাগ্লুটাইড একটি রিসেপ্টরের ওপর কাজ করে। এটিকে ওই মোড়ে একটি একমুখী আন্ডারপাসের সঙ্গে তুলনা করা যায়। এতে যান চলাচল কিছুটা নিয়মিত হয়, তবে সক্ষমতা সীমিত থাকে।

অন্যদিকে, টিরজেপাটাইড জিএলপি ও জিআইপি—দুটি রিসেপ্টরের ওপর কাজ করে। একে ওই মোড়ে উড়ালসড়ক, ট্রাফিক বাতি ও আন্ডারপাস—সবকিছু একসঙ্গে চালু করার সঙ্গে তুলনা করা যায়। এতে যান চলাচল আরো নির্বিঘ্ন হয়। অর্থাৎ, শরীরের বিভিন্ন অঙ্গ ও কোষের কার্যক্রমকে স্বাভাবিক নিয়মে পরিচালিত করতে এই ওষুধগুলো সহায়তা করে।

জিএলপি-১-এর মুখে খাওয়ার ওষুধ ইনজেকশনের তুলনায় অনেক বেশি সুবিধাজনক হতে পারে। তবে ওজন কমানোর ক্ষেত্রে ইনজেকশনের সমান কার্যকারিতা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে সেমাগ্লুটাইডের মুখে খাওয়ার সংস্করণকে পাকস্থলীর মধ্য দিয়ে যাওয়ার সময় হজমপ্রক্রিয়ার ধকল সামলাতে হয়। ইনজেকশনের ক্ষেত্রে ওষুধ সরাসরি শরীরে প্রবেশ করানো যায়। কিন্তু বড়ির ক্ষেত্রে পাকস্থলী ও অন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার পর ওষুধের খুব সামান্য অংশ শরীরে শোষিত হয়।

এ কারণে মুখে খাওয়ার সেমাগ্লুটাইড খালি পেটে গ্রহণ করতে হয়। একই সঙ্গে এর ডোজও তুলনামূলক বেশি রাখতে হয়। তবে নতুন প্রজন্মের কিছু জিএলপি-১ ওষুধ এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অরফোরগ্লিপ্রন। এটি খালি পেটে খাওয়ার প্রয়োজন ছাড়াই গ্রহণ করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, মুখে খাওয়ার ওষুধ অনেক রোগীর ক্ষেত্রে ইনজেকশনের কাছাকাছি ফল দিতে পারে। তবে বড়ি ও ইনজেকশনের কার্যকারিতা সরাসরি তুলনা করে করা গবেষণা এখনো খুব বেশি নেই। এ কারণে দীর্ঘমেয়াদি ওজন কমানো এবং হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় ইনজেকশনের কার্যকারিতার পক্ষে এখনো সবচেয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে। বিশেষ করে টিরজেপাটাইড ও সেমাগ্লুটাইড এ ক্ষেত্রে এগিয়ে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের যেসব দেশে ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের মানুষই জিএলপি-১ বড়ির সহজলভ্যতায় সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। ভবিষ্যতে ওষুধগুলোর আরো উন্নত সংস্করণ ট্যাবলেট আকারে বাজারে এলে এবং পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর দাম কমলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এর প্রভাব ব্যাপক হতে পারে।

রায়াজ মালিক বলেন, সপ্তাহে একবার খাওয়ার জিএলপি ওষুধও খুব দূরের বিষয় নয়। একই সঙ্গে বর্তমানে ব্যবহৃত ওষুধগুলোর আরো দীর্ঘস্থায়ী সংস্করণ তৈরির চেষ্টা চলছে। এতে মাসে একবার ওষুধ গ্রহণ করলেই চলতে পারে।

মালিকের মতে, জিএলপি ওষুধের কার্যকারিতার মূল কারণ হলো, এগুলো শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে অনুকরণ করে।

তিনি বলেন, ‘চিকিৎসার বুদ্ধিদীপ্ত উপায় হলো, মানবদেহ স্বাভাবিকভাবে যেভাবে কাজ করে, সেটিকেই কাজে লাগানো। এটি মানুষের জীবন বদলে দিচ্ছে।’

সব মিলিয়ে, প্রতিদিন একটি বড়ি খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসা আরও সহজলভ্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যেখানে ইনজেকশনের দাম বেশি এবং ওষুধ সংরক্ষণের অবকাঠামো দুর্বল, সেসব দেশে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ইনজেকশনের সমান কার্যকারিতা, দীর্ঘমেয়াদি সুফল এবং সাশ্রয়ী দামের বিষয়গুলো নিশ্চিত হওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইউরোপকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ফরাসি এআই প্রতিষ্ঠান মিস্ত্রালের প্রধান নির্বাহী আর্থার মেনশ এই আহ্বান জানান।

সম্মেলনে ইউরোপীয় নেতারা মেনশ এবং নোবেলজয়ী জিওফ্রে হিনটনের বক্তব্য শোনেন। হিনটন কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। আলোচনায় ইউরোপের এআই খাতে অগ্রগতির আকাঙ্ক্ষার পাশাপাশি এ প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।

ডাবলিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপির সঙ্গে শেয়ার করা বক্তব্যে ইউরোপের শীর্ষস্থানীয় এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত মিস্ত্রালের প্রধান মেনশ বলেন, ‘এআই প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার মতো সব প্রযুক্তি ও মেধা ইউরোপের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ, অর্থায়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয়।’

মেনশ উল্লেখ করেন, আগামী দুই বছরে নেওয়া সিদ্ধান্তগুলো পরবর্তী এক দশকের এআই শিল্পের গতিপথ নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘এ কারণেই আমরা ইউরোপীয় নেতাদের এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপাতত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের হাতেই রয়েছে।’

এআই উন্নয়নে দ্রুত এগিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে মিস্ত্রাল। অন্যদিকে, এ বছর ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও অ্যানথ্রপিকের দারিও আমোদেইসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ প্রযুক্তি নির্বাহী এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান।

ইইউ’র শীর্ষ কর্মকর্তা রবার্তা মেতসোলা বলেন, ইউরোপ ‘কোনো না কোনোভাবে এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে’—এমন কথা শুনতে শুনতে তিনি ক্লান্ত।

অনানুষ্ঠানিক সম্মেলন শুরুর আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিশ্বমানের মেধা রয়েছে। প্রযুক্তির দিক থেকেও আমাদের চমৎকার একটি পরিবেশ ও সক্ষমতা রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%