০২:০৮ পি.এম
একটি দুর্ঘটনা মানুষের জীবন ও দৃষ্টিভঙ্গিতে মুহূর্তেই পরিবর্তন আনতে সক্ষম। মৃত্যুর কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনে এমন একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং সেটে তিনি ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হন। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন তার সামনে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাজল। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা স্মরণ করেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং চলছিল। সেদিন সেটে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনেতা কমল হাসান এবং কাজল আগারওয়াল। একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল।
শুটিংয়ের বিরতির সময় সহকর্মীদের সঙ্গে মনিটরের সামনে বসে ছিলেন অভিনেত্রী। হঠাৎ সেটজুড়ে হৈচৈ ও ছোটাছুটি শুরু হয়। প্রাণ বাঁচাতে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন কাজল। এ সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর পেছনে তাকাতেই দেখতে পান, প্রায় ১০০ ফুট উঁচু একটি বিশাল ক্রেন তার দিকে ভেঙে পড়ছে।
আরও পড়ুন: মৌসুমী চ্যাটার্জির স্বামী জয়ন্ত মুখার্জি ৭০ বছর বয়সে মারা গেলেন
সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে কাজল বলেন, "কী ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।" ঠিক সেই মুহূর্তে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। আর পরক্ষণেই বিকট শব্দে তার পাশেই আছড়ে পড়ে বিশাল ক্রেনটি। ওই ব্যক্তির তাৎক্ষণিক উদ্যোগের জন্য সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান কাজল।
কাজলের ভাষ্য অনুযায়ী, সেই দুর্ঘটনা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। দীর্ঘ সময় ধরে আতঙ্কের পাশাপাশি তার মধ্যে এক ধরনের কৃতজ্ঞতাবোধ কাজ করেছে। ঘটনার পর থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেড়েছে অভিনেত্রীর। বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস আরো গভীর হয়েছে। জীবন কতটা অনিশ্চিত ও ক্ষণস্থায়ী, সেই উপলব্ধি তাকে প্রতিটি মুহূর্ত নতুনভাবে উপভোগ করতে শিখিয়েছে।
উল্লেখ্য, নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি। অন্যদিকে, শুটিং সেটের সেই দুর্ঘটনায় প্রাণ হারান তিন কর্মী। তাদের মৃত্যুর স্মৃতি এবং নিজের অলৌকিকভাবে বেঁচে ফেরার অভিজ্ঞতা আজও কাজল আগারওয়ালকে গভীরভাবে নাড়া দেয়।
আরও পড়ুন: নতুন হরর সিনেমা ‘স্কেয়ারি পিকচার’-এ কঙ্গনা রানাওউত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন