ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, তদন্ত চলছে


নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, তদন্ত চলছে

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে উপজেলা পরিষদ চত্বরের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে স্থানীয়রা ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন। এরপর তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন: কান্তজিউ মন্দিরে শুরু হলো মাসব্যাপী রাস উৎসব

অগ্নিকাণ্ডের ফলে ইউএনওর কক্ষসহ ভবনের একাধিক কক্ষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আগুনের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা-মেয়ের মরদেহ সুরমায় মিলল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মসজিদে বুলডোজার, আদালত অবমাননার মামলা শুনতে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


ভারতে মসজিদে বুলডোজার, আদালত অবমাননার মামলা শুনতে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে শতবর্ষী একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় আদালত অবমাননার আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি শুনানি করতে অস্বীকৃতি জানায়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনের নথিপত্র এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। খবর মাকতুব মিডিয়ার।

ওই আবেদনে অভিযোগ করা হয়, সাহারানপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে অবস্থিত মসজিদটি গত ১৬ সেপ্টেম্বর গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্য দিয় ২০২৪ সালের নভেম্বরে বুলডোজার দিয়ে উচ্ছেদের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘিত হয় বলে এতে বলা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য সচিব শশী প্রকাশ গোয়েলের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন ইমরান আহমদ নামের এক ব্যক্তি।

আবেদনকারীর আইনজীবী ফোজিয়া রহমান আদালতে বলেন, অপরাধের অভিযোগে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের সম্পত্তিতে বুলডোজার চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ২০২৪ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছিল, মসজিদটি ভেঙে ফেলার মাধ্যমে তা লঙ্ঘিত হয়েছে। কর্তৃপক্ষের এ পদক্ষেপ সর্বোচ্চ আদালতের নির্দেশনার অবমাননা বলেও যুক্তি দেন তিনি।

তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, মসজিদটি ভাঙার ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা আগে হাইকোর্টে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ‘প্রথমে আপনাকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। হাইকোর্টে যান। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করুন। এ আদালতের রায়ের ভিত্তিতে আপনি প্রতিকার পেতেও পারেন। আমরা কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছি। কোথায়, কী প্রেক্ষাপটে এবং কী পরিস্থিতিতে এসব নীতিমালা লঙ্ঘন করা হয়েছে, তা আগে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে।’

ফোজিয়া রহমান ২০২৪ সালের রায় কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না বলে যুক্তি তুলে ধরলে প্রধান বিচারপতি বলেন, একই ধরনের আবেদন সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট হাইকোর্টগুলোতে পাঠাচ্ছেন। হাইকোর্ট প্রয়োজনীয় প্রতিকার দিতে ব্যর্থ হলে আবেদনকারী আবারও সুপ্রিম কোর্টে আসতে পারবেন বলেও জানান তিনি।

বিচারপতি ভি. মোহনাও বলেন, সুপ্রিম কোর্টের কোনো রায় লঙ্ঘনের অভিযোগ উঠলেই প্রতিটি ঘটনা সরাসরি সর্বোচ্চ আদালতে নিয়ে আসা যায় না। ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত প্রতিষ্ঠায় তদন্তের প্রয়োজন হতে পারে, যা প্রাথমিক পর্যায়ে সুপ্রিম কোর্টের পক্ষে করা সম্ভব নয়।

শেষ পর্যন্ত বেঞ্চ আবেদনটির নথিপত্র এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন। হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আদালত।

সাহারানপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে অবস্থিত মসজিদটি সেপ্টেম্বরে গুঁড়িয়ে দেওয়া হয়। সরকারি জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে—প্রশাসনের এমন দাবিকে কেন্দ্র করে একাধিক আইনি প্রক্রিয়া চলার পর উচ্ছেদ অভিযান চালানো হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রশাসনের দাবির বিরোধিতা করেছেন আইনজীবী হামজা মাসুদ। তিনি সাহারানপুরের কংগ্রেসদলীয় সংসদ সদস্য ইমরান মাসুদের ভাতিজা। জমিটির ব্যক্তিমালিকানা প্রমাণে তিনি ১৮৯৬ সালের ফারসি ভাষায় লেখা একটি বিক্রয় দলিল উপস্থাপন করেন।

হামজা মাসুদের দাবি, জমিটিতে ১৯১০ সালের দিকে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তখন সেখানে একটি আমবাগান ছিল। বাগানের শ্রমিকরা নামাজ আদায়ের জন্য ছোট একটি স্থাপনা ব্যবহার করতেন, যা পরে মসজিদে রূপ নেয়।

ওড়িশায় গির্জায় হিন্দুত্ববাদীদের হামলা

ভারতের ওড়িশার কোরাপুট জেলার পেট্রাগুডা গ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় গির্জার একাংশ ভাঙচুরের পরদিনই পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। গত শনিবার গ্রামবাসীর একাংশ গির্জাটির ছাদ ও দেয়ালের অংশবিশেষ ভেঙে ফেলে। পরদিন পুলিশি পাহারায় ভারী যন্ত্রপাতি দিয়ে অবশিষ্ট অংশও গুঁড়িয়ে দেওয়া হয়।

‘পেন্টেকোস্টাল বিরশেবা চার্চ’ নামের উপাসনালয়টি পাঁচ বছর আগে নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন জমিটির মালিকানা দাবি করা স্থানীয় খ্রিষ্টান বাসিন্দা দুর্জন হরিজন। তার অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে সাতজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়ার পরও প্রশাসন উল্টো গির্জাটি ভেঙে দিয়েছে।

তবে পুলিশের দাবি, অনুমতি ছাড়াই সরকারি জমিতে গির্জাটি নির্মাণ করা হয়েছিল। শিশুদের ধর্মান্তরের চেষ্টার অভিযোগও তুলেছিলেন গ্রামবাসীর একাংশ।

ঘটনার নিন্দা জানিয়ে খ্রিষ্টান নেতারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নিরপেক্ষ তদন্ত এবং গির্জাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ওড়িশায় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করেছেন। মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে অগ্রাহ্য করে কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পাল্টা পদক্ষেপ নেওয়া ‘অনিবার্য’ হবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে। হামলার কারণে রাশিয়ার কিছু অঞ্চলে পেট্রোল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার রাতভর হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। হামলার ফলে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এর মাত্র ১২ দিন আগে, একই ধরনের আরেকটি দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ মিশনের সময় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হন। পূর্বে প্রকাশিত এক বিবৃতিতে হেলিকপ্টারটিকে বিমানবাহিনীর ‘এএস-৫৩২’ মডেলের হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ফ্রান্সে নির্মিত এএস-৫৩২ কুগার মূলত সৈন্য পরিবহন হেলিকপ্টার হিসেবে পরিচিত।

হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির এলাকার একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। টেলিভিশনের সম্প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, তেপেবাসি জেলার কাছে একটি বিশাল খোলা সমভূমিতে জরুরি উদ্ধারকারী যানবাহন উপস্থিত রয়েছে।

গত ১২ নভেম্বর পূর্ব তুরস্কে একটি ‘এস-৭০’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সৈন্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ এখনও অজানা এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, ন্যাটো জোটে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। দেশটির বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে মোতায়েন রয়েছে। তাছাড়া, ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে কুর্দি বিদ্রোহের অবসান ঘটানোর লক্ষ্যে দেশটি বর্তমানে নিজ ভূখণ্ডে আর কোনো লড়াইয়ে জড়িয়ে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা-মেয়ের মরদেহ সুরমায় মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা-মেয়ের মরদেহ সুরমায় মিলল

জয়স্মিতা বিশ্বাস মাত্র ১১ মাস বয়সী। তিন মাস বয়সে তার থ্যালাসেমিয়া ধরা পড়ে। দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত রক্তের প্রয়োজন এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন মা মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। স্বামী স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের মরদেহ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মঞ্জুশ্রী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঞ্জুশ্রী সিলেটের দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী। তাদের একমাত্র সন্তান জয়স্মিতা।

জীবনানন্দ বিশ্বাস কালবেলাকে জানান, মেয়ের থ্যালাসেমিয়া শনাক্ত হওয়ার পর থেকে স্ত্রীর ভবিষ্যৎ চিকিৎসা ও দীর্ঘদিনের কষ্ট নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। তিনি প্রায় নেতিবাচক কথা বলতেন এবং বেঁচে থাকার প্রয়োজনীয়তা নিয়েও হতাশা প্রকাশ করতেন।

জীবনানন্দ বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চার-পাঁচ দিন আগে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নেওয়া হয়েছিল। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। যদিও ওষুধ সেবন করালেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। স্ত্রীর সঙ্গে কোনো মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও জানান তিনি।

সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানতে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%