ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য


পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করেছেন। মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে অগ্রাহ্য করে কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পাল্টা পদক্ষেপ নেওয়া ‘অনিবার্য’ হবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে। হামলার কারণে রাশিয়ার কিছু অঞ্চলে পেট্রোল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার রাতভর হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। হামলার ফলে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: গ্রাহক ঠকানোর অভিযোগে শেইন ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এর মাত্র ১২ দিন আগে, একই ধরনের আরেকটি দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ মিশনের সময় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হন। পূর্বে প্রকাশিত এক বিবৃতিতে হেলিকপ্টারটিকে বিমানবাহিনীর ‘এএস-৫৩২’ মডেলের হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ফ্রান্সে নির্মিত এএস-৫৩২ কুগার মূলত সৈন্য পরিবহন হেলিকপ্টার হিসেবে পরিচিত।

হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির এলাকার একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। টেলিভিশনের সম্প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, তেপেবাসি জেলার কাছে একটি বিশাল খোলা সমভূমিতে জরুরি উদ্ধারকারী যানবাহন উপস্থিত রয়েছে।

গত ১২ নভেম্বর পূর্ব তুরস্কে একটি ‘এস-৭০’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সৈন্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ এখনও অজানা এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, ন্যাটো জোটে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। দেশটির বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে মোতায়েন রয়েছে। তাছাড়া, ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে কুর্দি বিদ্রোহের অবসান ঘটানোর লক্ষ্যে দেশটি বর্তমানে নিজ ভূখণ্ডে আর কোনো লড়াইয়ে জড়িয়ে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা-মেয়ের মরদেহ সুরমায় মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় মা-মেয়ের মরদেহ সুরমায় মিলল

জয়স্মিতা বিশ্বাস মাত্র ১১ মাস বয়সী। তিন মাস বয়সে তার থ্যালাসেমিয়া ধরা পড়ে। দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত রক্তের প্রয়োজন এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন মা মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। স্বামী স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের মরদেহ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মঞ্জুশ্রী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঞ্জুশ্রী সিলেটের দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী। তাদের একমাত্র সন্তান জয়স্মিতা।

জীবনানন্দ বিশ্বাস কালবেলাকে জানান, মেয়ের থ্যালাসেমিয়া শনাক্ত হওয়ার পর থেকে স্ত্রীর ভবিষ্যৎ চিকিৎসা ও দীর্ঘদিনের কষ্ট নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। তিনি প্রায় নেতিবাচক কথা বলতেন এবং বেঁচে থাকার প্রয়োজনীয়তা নিয়েও হতাশা প্রকাশ করতেন।

জীবনানন্দ বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চার-পাঁচ দিন আগে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নেওয়া হয়েছিল। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। যদিও ওষুধ সেবন করালেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। স্ত্রীর সঙ্গে কোনো মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও জানান তিনি।

সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানতে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


ইরান হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে

ইরান হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনকে ভূপাতিত করেছে। দেশটির সেনাবাহিনী জানায়, ড্রোনটিকে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের লুকাস ও এমকিউ-৯ মডেলের ড্রোন ধ্বংসের দাবি করে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যবস্থার মাধ্যমে ‘লুকাস’ ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে।

এই প্রতিবেদন সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক সংস্কৃতিতে ইউনূস-বিদ্বেষের প্রতিফলন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


রাজনৈতিক সংস্কৃতিতে ইউনূস-বিদ্বেষের প্রতিফলন

বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে যে বিদ্বেষের চিত্র দেখা যাচ্ছে, সেটিকে শুধুমাত্র আওয়ামী লীগ বনাম ইউনূস কিংবা শেখ হাসিনা বনাম ইউনূস—এই সরল সমীকরণে দেখা হয়তো সঠিক নয়। কারণ অধ্যাপক ইউনূস কোনো প্রচলিত রাজনৈতিক দলের নেতা নন। তিনি নির্বাচনে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কোনো দলীয় ক্যাডার বাহিনী তৈরি করেননি, এবং কোনো মিছিলের রাজনীতিতে নেতৃত্বও দেননি। তবুও, তার বিরুদ্ধে একটি অদ্ভুত, ধারাবাহিক, তীব্র এবং প্রায় ব্যক্তিগত ঘৃণা তৈরি হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে। প্রশ্ন হলো, একজন অরাজনৈতিক নোবেলজয়ী ব্যক্তি কেন এত বড় রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছেন?

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরে হয়তো এর উত্তর নিহিত রয়েছে। বাংলাদেশে রাজনীতি শুধুমাত্র নীতির প্রতিযোগিতা নয়, এটি চেতনা, আনুগত্য, অপমান, প্রতিশোধ, গুজব, শ্রেণি-অহংকার এবং নৈতিক মালিকানার প্রতিযোগিতাও। এখানে রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় গৌরব এবং আন্তর্জাতিক সম্মান—সবকিছুই দলীয় মালিকানার কাঠামোর মধ্যে ঢুকিয়ে দেখা হয়। যে সম্মান দলীয় নয়, সেটি সন্দেহজনক মনে করা হয়। যে জনপ্রিয়তা নেতার অনুমোদন ছাড়া অর্জিত, সেটি বিপজ্জনক বলে মনে হতে পারে। যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রাষ্ট্রক্ষমতার মাধ্যমে অর্জিত নয়, সেটি প্রায় রাষ্ট্রবিরোধী বলে গণ্য হতে পারে।

অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ঘৃণার প্রথম গভীর কারণ হলো, তিনি এমন এক ধরনের পুঁজি ধারণ করেন, যা দলীয় ক্ষমতা দিয়ে তৈরি হয়নি। তার নোবেল, বৈশ্বিক পরিচিতি, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং ‘দারিদ্র্য বিমোচনের’ ভাষা—এসব মিলিয়ে তাকে বাংলাদেশের মধ্যে এমন এক প্রতীকে পরিণত করেছে, যাকে সহজে রাষ্ট্রীয় পদক, দলীয় পদ বা নির্বাচনি জনপ্রিয়তার মাপে বিচার করা যায় না। বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে এটি খুব অস্বস্তিকর। কারণ ক্ষমতা চায়, সব স্বীকৃতির উৎস হতে। অথচ অধ্যাপক ইউনূসের সবচেয়ে বড় স্বীকৃতি এসেছে রাষ্ট্রের বাইরে থেকে, দলের বাইরে থেকে।

দ্বিতীয় কারণ হলো ২০০৭ সালের রাজনৈতিক স্মৃতি। অধ্যাপক ইউনূস একসময় রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন, যদিও তা দ্রুত ছেড়ে দেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোনো কাজের স্থায়িত্বের চেয়ে তার প্রতীকী অর্থ বড়। তার সেই স্বল্পস্থায়ী রাজনৈতিক আগ্রহকে অনেকেই ক্ষমতার বিকল্প কেন্দ্র তৈরির সম্ভাবনা হিসেবে দেখেছিলেন। তিনি রাজনীতিতে শেষ পর্যন্ত থাকেননি, কিন্তু তার ‘সম্ভাব্য রাজনীতি’ থেকে গেছে। অনেক সময় বাস্তব প্রতিদ্বন্দ্বীর চেয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বেশি ভয়ের। কারণ বাস্তব প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করা যায়, কিন্তু সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কল্পনায় বড় হতে থাকেন।

তৃতীয় কারণ হলো পদ্মা সেতু-মনস্তত্ত্ব। আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুকে তাদের সবচেয়ে বড় উন্নয়ন-প্রতীকে পরিণত করেছিল। কিন্তু পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের ঘটনাকে ঘিরে ইউনূসের নাম যেভাবে রাজনৈতিকভাবে যুক্ত করা হয়, সেটি শুধুমাত্র একটি অভিযোগ ছিল না; এটি ছিল একটি বয়ান নির্মাণ। উন্নয়নের মহাকাব্যে একজন ‘অন্তর্ঘাতকারী’ চরিত্র দরকার ছিল। যে নেতা সেতু বানালেন, তার বিপরীতে এমন একজন দরকার ছিল, যিনি নাকি বাইরে গিয়ে দেশের পথ আটকে দিয়েছেন। সত্য-মিথ্যার বিচার আদালত, নথি বা গবেষণার বিষয়; কিন্তু রাজনৈতিক ঘৃণার ক্ষেত্রে সত্য প্রমাণের প্রয়োজন হয় না, শুধু পুনরাবৃত্তির প্রয়োজন হয়। বারবার বলা হলে অভিযোগও স্মৃতির অংশ হয়ে যায়।

চতুর্থ কারণ হলো শ্রেণিগত অস্বস্তি। ইউনূস গ্রামীণ দরিদ্র নারী, ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা—এসব ভাষায় কথা বলেন। কিন্তু তার ভাষা আবার আন্তর্জাতিক সম্মেলন, বিশ্বনেতা, বিশ্ববিদ্যালয়, দাতা সংস্থা এবং বৈশ্বিক অভিজাত মহলেও গ্রহণযোগ্য। ফলে তিনি এক অদ্ভুত দ্বৈত অবস্থানে দাঁড়ান : দরিদ্রের ভাষা বলেন, কিন্তু অভিজাত দুনিয়ায় চলাফেরা করেন। বাংলাদেশের অনেকের কাছে এটি সন্দেহজনক মনে হয়। দরিদ্রের পাশে দাঁড়ালে তাকে স্থানীয় হতে হবে, আবার আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্য হলে তাকে ‘বিদেশি এজেন্ট’ ভাবা হবে—এই সংকীর্ণ ধারণা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে খুব প্রবল। ফলে ইউনূসকে একদিকে বলা হয় গরিবের রক্তচোষা, অন্যদিকে বলা হয় পশ্চিমাদের প্রিয় মানুষ। এই দুই অভিযোগ পরস্পরবিরোধী হলেও রাজনৈতিক ঘৃণায় এমন পরস্পরবিরোধিতা কোনো সমস্যা নয়; বরং সেটিই তার শক্তি।

পঞ্চম কারণ হলো ক্ষুদ্রঋণ নিয়ে বাস্তব ও কল্পিত ক্ষোভের মিশ্রণ। ক্ষুদ্রঋণ নিয়ে গুরুতর একাডেমিক বিতর্ক বিদ্যমান। ঋণের চাপ, কিস্তির শৃঙ্খলা, নারীর ওপর দায়ের বোঝা, বাজারভিত্তিক দারিদ্র্য সমাধানের সীমাবদ্ধতা—এসব প্রশ্ন বাস্তব। কিন্তু ইউনূসবিরোধী রাজনৈতিক ঘৃণা অনেক সময় এই যুক্তিসংগত সমালোচনাকে ব্যক্তিগত অপমানের ভাষায় নামিয়ে আনে। ক্ষুদ্রঋণের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, কিন্তু একজন মানুষের বিরুদ্ধে সামাজিক অবমাননা তৈরি করা এবং নীতির সমালোচনা করা এক বিষয় নয়। বাংলাদেশে আমরা প্রায়ই প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করতে না পেরে ব্যক্তিকে ধ্বংস করতে চাই।

ষষ্ঠ কারণ হলো আওয়ামী লীগপন্থি রাজনৈতিক স্মৃতিতে ‘নেতৃত্বের একচ্ছত্রতা’। দলীয় সংস্কৃতিতে নেতা শুধু প্রধানমন্ত্রী নন, তিনি ইতিহাসের উত্তরাধিকার, মুক্তিযুদ্ধের ধারক, উন্নয়নের স্থপতি এবং জাতির রক্ষক—সবকিছুর কেন্দ্রে থাকেন। এই কাঠামোয় ইউনূসের মতো একজন বৈশ্বিকভাবে সম্মানিত, স্বাধীন ও দলনিরপেক্ষ ব্যক্তিত্ব অস্বস্তিকর। তিনি সরাসরি ভোট চান না, কিন্তু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মুখ হয়ে ওঠেন। তিনি রাষ্ট্রক্ষমতা দখল করেন না, কিন্তু রাষ্ট্রের বাইরের নৈতিক মর্যাদার প্রতিনিধি হন। এটাই সমস্যা। কারণ কর্তৃত্ববাদী বা অতিদলীয় রাজনৈতিক সংস্কৃতিতে স্বাধীন মর্যাদা নিজেই অপরাধ।

সপ্তম কারণ হলো আন্তর্জাতিক স্বীকৃতির প্রতি দ্বৈত মনোভাব। আমরা বিদেশি স্বীকৃতি ভালোবাসি, কিন্তু সেই স্বীকৃতি যদি আমাদের পছন্দের মানুষ না পান, তখন সেটিকে ষড়যন্ত্র বলে মনে করি। নোবেল পেলে আমরা গর্বিত হই, কিন্তু যদি সেই নোবেলজয়ী ক্ষমতার আশীর্বাদপুষ্ট না হন, তখন তার নোবেলও সন্দেহজনক হয়ে ওঠে।

অধ্যাপক ইউনূসকে ঘৃণা করা তাই শুধুমাত্র একজন মানুষকে ঘৃণা করা নয়; এটি এমন এক জাতীয় অস্বস্তির প্রকাশ, যেখানে আমরা বিশ্বস্বীকৃতি চাই, কিন্তু স্বীকৃত মানুষটি যেন আমাদের দলীয় আনুগত্যে বাঁধা থাকেন।

এই ঘৃণার প্রকাশ বহুস্তরীয়। প্রথমত, ভাষাগত অবমাননা—তাকে নিয়ে কটূক্তি, ব্যঙ্গ ও ব্যক্তিগত অপমান। দ্বিতীয়ত, নৈতিক সন্দেহ—তিনি নাকি দেশপ্রেমিক নন, গরিবের বন্ধু নন, বিদেশি শক্তির প্রতিনিধি। তৃতীয়ত, আইনি ও প্রশাসনিক চাপকে নৈতিক ন্যায্যতা হিসেবে প্রচার। চতুর্থত, সামাজিক মাধ্যমে পুনরাবৃত্ত অপপ্রচার। পঞ্চমত, তার কোনো অর্জনকে অর্জন হিসেবে স্বীকার না করা। এমনকি তিনি বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি—এই সত্যকেও অনেকে গর্বের বদলে বিরক্তির সঙ্গে গ্রহণ করেন।

এই ঘৃণা শেষ পর্যন্ত কী সংকেত দেয়? এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর সংকটকে প্রকাশ করে। আমরা প্রতিপক্ষের সমালোচনা করতে শিখিনি, বরং তাকে নৈতিকভাবে অবৈধ ঘোষণা করতে শিখেছি। আমরা স্বাধীন কৃতিত্বকে সম্মান করতে শিখিনি, বরং তাকে কোনো না কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করতে শিখেছি। আমরা দলীয় পরিচয়ের বাইরে জাতীয় সম্পদ চিনতে পারি না। ফলে একজন নোবেলজয়ী মানুষও আমাদের কাছে জাতীয় সম্পদ নন, বরং দলীয় অবস্থানের পরীক্ষাপত্র হয়ে ওঠেন।

অধ্যাপক ইউনূসকে নিয়ে যুক্তিযুক্ত সমালোচনা অবশ্যই হতে পারে। ক্ষুদ্রঋণের রাজনৈতিক অর্থনীতি, গ্রামীণ ব্যাংকের কাঠামো, দারিদ্র্য বিমোচনের বাজারভিত্তিক সীমাবদ্ধতা এবং তার আন্তর্জাতিক অবস্থানের রাজনৈতিক প্রভাব—এসব নিয়ে কঠোর আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু ঘৃণা বিশ্লেষণ নয়; ঘৃণা হলো বিশ্লেষণের ব্যর্থতা। ঘৃণা তখনই জন্মায়, যখন সমাজ কোনো মানুষকে বুঝতে চায় না, শুধু ব্যবহার করতে চায়—কখনো প্রতীক হিসেবে, কখনো শত্রু হিসেবে।

অধ্যাপক ইউনূসকে ঘিরে বিদ্বেষের সবচেয়ে বড় শিক্ষা হলো, বাংলাদেশে দলীয় ক্ষমতার বাইরে দাঁড়ানো সম্মান এখনো নিরাপদ নয়। যিনি রাজনৈতিক শিবিরের অংশ নন, তাকেও শিবিরের ভাষায় বিচার করা হয়। যিনি কোনো দলের বিরোধী নন, তাকেও সম্ভাব্য ষড়যন্ত্রকারী বানানো হয়। যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান এনেছেন, তাকেও দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যায়, যদি ক্ষমতার বয়ান তা দাবি করে।

এটি শুধু ইউনূসের সমস্যা নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক কল্পনার সমস্যা। কারণ যে সমাজ নিজের স্বাধীন বুদ্ধিজীবী, বিজ্ঞানী, শিল্পী, অর্থনীতিবিদ বা নৈতিক কণ্ঠকে দলীয় আনুগত্যের বাইরে সম্মান করতে পারে না, সে সমাজ শেষ পর্যন্ত মেধাকে নয়, আনুগত্যকে পুরস্কৃত করে। আর যেখানে আনুগত্য মেধার চেয়ে বড় হয়ে যায়, সেখানে রাষ্ট্র ছোট হয়, দল বড় হয়; নাগরিক ছোট হয়, সমর্থক বড় হয়; সত্য ছোট হয়, বয়ান বড় হয়।

ইউনূস-বিদ্বেষ তাই একজন মানুষের বিরুদ্ধে ক্ষোভ নয়; এটি ক্ষমতার সংস্কৃতির আয়না। সেই আয়নায় আমরা দেখি, আমাদের রাজনীতি কতটা অনিরাপদ, আমাদের জাতীয় গর্ব কতটা দলনির্ভর, আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজ কতটা ভীত এবং আমাদের সম্মানবোধ কত সহজে ঘৃণায় পরিণত হয়। যে জাতি নিজের নোবেলজয়ী মানুষকে সমালোচনা করতে পারে, কিন্তু ঘৃণা না করে সম্মান দিতে পারে, সেই জাতি পরিণত। আর যে জাতি সম্মানকেও দলীয় অনুমতির অপেক্ষায় রাখে, তার রাজনীতি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি।

লেখক : অধ্যাপক, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%