ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসান মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন


ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসান মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন

ফোর্ট হুড সেনাঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার জন্য দণ্ডিত নিদাল হাসান তার মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে রিপোর্ট করেছে যে, হাসান আদালতে জমা দেওয়া নথিতে মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

হাসান অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অবৈধ হস্তক্ষেপ এবং জাতিগত ও ধর্মীয় বিদ্বেষের কারণে তার বিরুদ্ধে সামরিক আদালতের রায় ও মৃত্যুদণ্ড তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন: ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল, মাসিক আদায় ৪৯ গুণ বেড়েছে

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে এই হামলায় ১৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। সাবেক সামরিক মনোরোগ চিকিৎসক হাসান আদালতে হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তিনি মার্কিন বাহিনীর হাত থেকে ইসলামি বিদ্রোহীদের রক্ষা করার জন্য এই হামলা চালিয়েছেন।

অন্যদিকে, হামলায় বেঁচে থাকা তিনজনকে হাসানের মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি দেয়নি সেনাবাহিনী। তাদের যুক্তি হলো, গুলিতে সরাসরি আহত না হওয়ায় সামরিক বিধি অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের সাক্ষী হতে পারবেন না। তবে তারা মানসিক ও আবেগগত ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এটি ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রে প্রথম সামরিক মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম গুলিবর্ষণের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে যাচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তিনজন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াই যুগেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


আড়াই যুগেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকায় প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি আড়াই যুগেও আলোর মুখ দেখেনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এ স্বপ্নটি ৩০ বছরেও বাস্তবায়ন হয়নি। বর্তমানে প্রকল্পের এলাকা শুধুমাত্র কিছু সীমানা পিলার এবং আংশিক ভরাট করা জমি নিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভাবনাময় এ প্রকল্পের বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

১৯৯৬ সালে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে বিভিন্ন সময়ে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের কাজ বারবার থমকে গেছে। সর্বশেষ ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে উদ্যোগ ও আলোচনা চললেও প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হয়নি।

তবে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবার নতুন করে আশার সঞ্চার ঘটেছে। চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগ এবং সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর এলাকা পরিদর্শনের সময় বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে কেন্দ্র করে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। মোংলা বন্দর, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), শিল্পকারখানা, মৎস্য ও চিংড়ি রপ্তানি এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়ছে। মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, ইপিজেডে উৎপাদিত পণ্য পরিদর্শন, বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত ও সহজ আকাশপথের যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরাসহ বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনা তৈরি হবে।

পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হওয়ায় বিমানবন্দর প্রকল্পটির প্রয়োজনীয়তা ও অগ্রাধিকার নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী খোঁজার উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত বিনিয়োগকারী না পাওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়েছে।

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প নিয়ে সংশ্লিষ্টরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সম্প্রতি চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধিরা প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন এবং বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, "১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ বিমানবন্দর। মোংলা বন্দর, ইপিজেড, সুন্দরবনকেন্দ্রিক ইকো-ট্যুরিজম এবং ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে বিমানবন্দরটি অত্যন্ত জরুরি।"

বর্তমানে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণের সক্ষমতা না থাকায় বিদেশি বিনিয়োগকারী খুঁজতে হচ্ছে। এরই অংশ হিসেবে ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধি মিস্টার পিটার সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। আনুষ্ঠানিক প্রস্তাবনা পেলে অর্থনৈতিক কমিটি ও মন্ত্রিসভায় অনুমোদনের মাধ্যমে বর্তমান সরকারের আমলেই বিমানবন্দরটি চালু করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, "খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং খুলনা, মোংলা ও বাগেরহাট থেকে মাত্র ২২ কিলোমিটার দূরত্বের এ জায়গাটি বিমানবন্দর নির্মাণের জন্য সবচেয়ে উপযুক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পিত এবং বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা বিমানবন্দরটি এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত উন্নয়ন ভিশন এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের প্রচেষ্টায় বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।"

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, "মোংলা বন্দর ও ইপিজেড-সংলগ্ন এ এলাকা পর্যটন এবং গোপালগঞ্জ, পিরোজপুর ও খুলনাসহ বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াতসহ দক্ষিণাঞ্চলসহ দেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ এম


গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি

গাজায় নারী ও মেয়েশিশুদের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন ও ক্ষয়ক্ষতি গত তিন বছর ধরে চলমান রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সহিংসতাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছে।

সংস্থাটি ‘নো কন্ডিশনস ফর লাইফ: উইমেন, গার্লস অ্যান্ড দ্য জেন্ডারড ডাইমেনশনস অব ইসরাইলস জেনোসাইড অ্যাগেইনস্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা’ শীর্ষক একটি প্রতিবেদনে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী গাজায় নারী ও মেয়েশিশুদের হত্যা, আহত, জোরপূর্বক বাস্তুচ্যুত এবং বেআইনিভাবে আটক করেছে।

এছাড়া, গাজার নারী ও মেয়েশিশুদের মৌলিক ও প্রজননস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তাদের খাদ্যসংকট ও অনাহারের মধ্যে রাখা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড মন্তব্য করেছেন, ‘এই নতুন প্রতিবেদন ইসরাইলের গণহত্যার গভীর লিঙ্গভিত্তিক দিকগুলো সামনে এনেছে। এতে নারী ও মেয়েশিশুদের ওপর চালানো ভয়াবহ নিপীড়নের নতুন তথ্য উঠে এসেছে, যা তাদের জীবনকে বিপর্যস্ত করে চলেছে। সেইসঙ্গে তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও তাদের চরম যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেদনটি প্রমাণ করে যে, হামাস ও ইসরাইলের মধ্যে ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিতভাবে এমন জীবন পরিস্থিতি চাপিয়ে দিয়েছে ইসরাইল, যার উদ্দেশ্য তাদের বিনাশ ঘটানো এবং তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন করা।’

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহক ঠকানোর অভিযোগে শেইন ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ এম


গ্রাহক ঠকানোর অভিযোগে শেইন ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে

জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান শেইন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্মত হয়েছে। গ্রাহকদের পণ্য ও সেবা সম্পর্কে ভুল তথ্য প্রদান এবং অভিযোগের সমাধানে বাধা দেওয়ার অভিযোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজে র বরাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাণিজ্য কমিশন জানায়, শেইন পণ্য কেনার সমস্যা সমাধানকে কঠিন করে তুলেছিল, নির্ধারিত সময়ে পণ্য পাঠানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এবং নেতিবাচক গ্রাহক মতামত আড়াল করার চেষ্টা করেছিল।

সংস্থাটির অভিযোগ অনুযায়ী, শেইন সরবরাহব্যবস্থা, তুলার উৎস এবং শ্রমিকদের কর্মপরিবেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে। প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ পণ্য পাঠানোর পরও গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির ছিল মাত্র পাঁচজন প্রতিনিধি।

শেইনের গ্রাহকদের ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া, পণ্য পৌঁছানোর সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান, নেতিবাচক মতামত আড়াল করা এবং অপর্যাপ্ত গ্রাহকসেবা দেওয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞা মানতে হবে।

তবে শেইন জানিয়েছে, এ সমঝোতা দায় স্বীকারের অংশ নয়। প্রতিষ্ঠানটি অভিযোগের কিছু অংশের সঙ্গে এখনো একমত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তিনজন আটক

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে চক্রটি। ভুক্তভোগীরা শাকিল আহমেদের নামকে মূল হোতা হিসেবে উল্লেখ করেছেন।

শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসপদ্দি গ্রামের ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানিয়েছেন, চক্রটি দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে মানুষের মধ্যে আস্থা তৈরি করে। পরে সেই আস্থাকে কাজে লাগিয়ে তারা বিভিন্নজনের কাছ থেকে টাকা নেয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করেন।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো আট থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%