ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৮ ডিসেম্বর আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের জন্য প্রস্তুত ফরিদপুর সুগার মিল


১৮ ডিসেম্বর আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের জন্য প্রস্তুত ফরিদপুর সুগার মিল

আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মাড়াই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে মাড়াই উদ্বোধন করার কথা জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মিল চালুর পূর্বে বিভিন্ন বিভাগ পরিদর্শন করছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন) পরিমল সেন, ডিজিএম মোহাম্মদ মোফাকখারুল ইকবাল এবং যন্ত্রকৌশল বিভাগের ব্যবস্থাপক অপু কুমার পালসহ অন্যান্য কর্মকর্তারা। তাঁরা মাড়াই শুরুর পূর্বে যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া এবং প্রস্তুতি পরিদর্শন করেন।

মাড়াই শুরুর খবর জানার পর মধুখালীসহ মিল জোনের আখচাষিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের খবর আজ কী

ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ এ বিষয়ে বলেন, গত মৌসুমে অতি বৃষ্টির কারণে আখের গোড়ায় পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছিল। অনেক জমির আখ নষ্ট হয়ে যায় এবং ফলনও কমে যায়, ফলে মিলের উৎপাদন ব্যাহত হয়। তবে এ বছর তেমন ক্ষতি হয়নি; আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে মোট ৭৭ হাজার ১৮৭ দশমিক ৮০৮ মেট্রিক টন আখ মাড়াই হয়েছিল। আর ২০২৫-২৬ মৌসুমে ৭৫ হাজার ৯০৩ দশমিক ৭০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণ হলে মিল লাভবান হওয়ার আশা করা যাচ্ছে।

চাষিরা জানান, গতবারের তুলনায় এবার আখের ফলন ভালো হয়েছে এবং অনেক এলাকায় বাম্পার ফলন হয়েছে। সময়মতো মাড়াই শুরু হলে তাঁরা আখ সরবরাহ করে ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, মাড়াই মৌসুমকে সামনে রেখে যন্ত্রপাতি মেরামত, আখ সংগ্রহ ও পরিবহনসহ সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: আড়াই যুগেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো আবারও ঝলমলে আলো ছড়ালেন। তিনি মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত মঞ্চে বাজিমাত করে বিশ্বসেরার মুকুট নিজের করে নিয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে এই জমকালো গ্র্যান্ড ফিনালে শুরু হয়।

চূড়ান্ত পর্বের শুরুতেই বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্যে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এরপর আকর্ষণীয় সুইমস্যুট রাউন্ড শেষে ১২ জন এবং ইভনিং গাউন পর্বে গ্ল্যামার ছড়িয়ে চূড়ান্ত পাঁচের তালিকায় জায়গা করে নেন পাঁচ সুন্দরী।

এই সেরা পাঁচে স্থান পান স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।

সেরা পাঁচে ওঠার পর প্রতিযোগীদের সামনে আসে মেধা ও উপস্থিত বুদ্ধির চূড়ান্ত পরীক্ষা। বিচারকদের দুটি করে প্রশ্নের জবাব দিতে প্রতিটি প্রতিযোগী পান মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে ‘মিস ইউনিভার্স ২০২৬’ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা এবং ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি এই রাজকীয় মুকুট নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র চালু হচ্ছে

আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজতর করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এই দুটি কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যের ভারতীয় নাগরিকদের পাশাপাশি সেখানে দীর্ঘ মেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও নতুন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নতুন কেন্দ্রগুলোর ভিসা আবেদন সংক্রান্ত সেবা পরিচালনার দায়িত্ব আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’কে (এসজিজিএস) দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পাঁচ রাজ্যের আবেদনকারীদের নতুন কেন্দ্র থেকেই আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

নতুন ঠিকানা অনুযায়ী, কলকাতা কেন্দ্রটি সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ার্সে (প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১) অবস্থিত হবে। অন্যদিকে, শিলিগুড়ি কেন্দ্রটি সেবক রোডের সিটি মলের প্রথম তলায় (শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১) চালু হবে।

এর আগে কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল’। ওই কেন্দ্রগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো এবং প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট গ্রহণ করতেন। আগামী ৩০ নভেম্বর ওই প্রতিষ্ঠানের সেবার মেয়াদ শেষ হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন সংস্থার ওপর দায়িত্ব হস্তান্তরের এই উদ্যোগ ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসান মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসান মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন

ফোর্ট হুড সেনাঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার জন্য দণ্ডিত নিদাল হাসান তার মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে রিপোর্ট করেছে যে, হাসান আদালতে জমা দেওয়া নথিতে মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

হাসান অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অবৈধ হস্তক্ষেপ এবং জাতিগত ও ধর্মীয় বিদ্বেষের কারণে তার বিরুদ্ধে সামরিক আদালতের রায় ও মৃত্যুদণ্ড তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত রয়েছে।

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে এই হামলায় ১৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। সাবেক সামরিক মনোরোগ চিকিৎসক হাসান আদালতে হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তিনি মার্কিন বাহিনীর হাত থেকে ইসলামি বিদ্রোহীদের রক্ষা করার জন্য এই হামলা চালিয়েছেন।

অন্যদিকে, হামলায় বেঁচে থাকা তিনজনকে হাসানের মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি দেয়নি সেনাবাহিনী। তাদের যুক্তি হলো, গুলিতে সরাসরি আহত না হওয়ায় সামরিক বিধি অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের সাক্ষী হতে পারবেন না। তবে তারা মানসিক ও আবেগগত ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এটি ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রে প্রথম সামরিক মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম গুলিবর্ষণের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াই যুগেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


আড়াই যুগেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকায় প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি আড়াই যুগেও আলোর মুখ দেখেনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এ স্বপ্নটি ৩০ বছরেও বাস্তবায়ন হয়নি। বর্তমানে প্রকল্পের এলাকা শুধুমাত্র কিছু সীমানা পিলার এবং আংশিক ভরাট করা জমি নিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভাবনাময় এ প্রকল্পের বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

১৯৯৬ সালে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে বিভিন্ন সময়ে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের কাজ বারবার থমকে গেছে। সর্বশেষ ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে উদ্যোগ ও আলোচনা চললেও প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হয়নি।

তবে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবার নতুন করে আশার সঞ্চার ঘটেছে। চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগ এবং সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর এলাকা পরিদর্শনের সময় বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে কেন্দ্র করে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। মোংলা বন্দর, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), শিল্পকারখানা, মৎস্য ও চিংড়ি রপ্তানি এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়ছে। মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, ইপিজেডে উৎপাদিত পণ্য পরিদর্শন, বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত ও সহজ আকাশপথের যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরাসহ বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনা তৈরি হবে।

পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হওয়ায় বিমানবন্দর প্রকল্পটির প্রয়োজনীয়তা ও অগ্রাধিকার নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী খোঁজার উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত বিনিয়োগকারী না পাওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়েছে।

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প নিয়ে সংশ্লিষ্টরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সম্প্রতি চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধিরা প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন এবং বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, "১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ বিমানবন্দর। মোংলা বন্দর, ইপিজেড, সুন্দরবনকেন্দ্রিক ইকো-ট্যুরিজম এবং ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে বিমানবন্দরটি অত্যন্ত জরুরি।"

বর্তমানে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণের সক্ষমতা না থাকায় বিদেশি বিনিয়োগকারী খুঁজতে হচ্ছে। এরই অংশ হিসেবে ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চীনা সরকারি প্রতিষ্ঠান সিএমসির প্রতিনিধি মিস্টার পিটার সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। আনুষ্ঠানিক প্রস্তাবনা পেলে অর্থনৈতিক কমিটি ও মন্ত্রিসভায় অনুমোদনের মাধ্যমে বর্তমান সরকারের আমলেই বিমানবন্দরটি চালু করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, "খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং খুলনা, মোংলা ও বাগেরহাট থেকে মাত্র ২২ কিলোমিটার দূরত্বের এ জায়গাটি বিমানবন্দর নির্মাণের জন্য সবচেয়ে উপযুক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পিত এবং বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা বিমানবন্দরটি এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত উন্নয়ন ভিশন এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের প্রচেষ্টায় বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।"

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, "মোংলা বন্দর ও ইপিজেড-সংলগ্ন এ এলাকা পর্যটন এবং গোপালগঞ্জ, পিরোজপুর ও খুলনাসহ বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াতসহ দক্ষিণাঞ্চলসহ দেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%