০৩:১৭ পি.এম
বাংলাদেশ এবং সউদী আরবের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সউদী আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়, যা ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের পূর্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ উভয় দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সউদী আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সউদী সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি সউদী সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময়কে আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সউদী আরবের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর: বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি
সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বিশেষভাবে, তিনি উল্লেখ করেন যে, যদি কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হয় বা নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সংশ্লিষ্ট দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়ে সউদী মন্ত্রী ইতিবাচক আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ তিনি দুই দেশের মধ্যে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন।
বৈঠকে সউদী আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।
আরও পড়ুন: এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন