ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী


এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার উদ্দেশ্য হলো রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান জানিয়েছেন, এই নিয়োগের ৮০ শতাংশই নারী।

আজ শনিবার, রাজধানীর গুলশানের একটি হোটেলে, গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।

জুবাইদা রহমান উল্লেখ করেন, ‘স্বাস্থ্যখাতে দীর্ঘ সময় ধরে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত হয়নি। এর ফলে, বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। বর্তমান সরকার এই পরিস্থিতি পরিবর্তনের জন্য রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।’

আরও পড়ুন: নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিতেন নেতানিয়াহু, আত্মকথায় লিখলেন বাইডেন

তিনি আরও বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশ নারী। তারা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটি করে আসছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের জন্য এটি গর্বের বিষয় যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।’

এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সকল বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় গুরুতর প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় গুরুতর প্রভাব

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : শুক্রবার মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুতর প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন একটি শ্রমিক সংগঠনের নেতা।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জিএমবি ইউনিয়নের জনসেবা বিভাগের প্রধান র‌্যাচেল হ্যারিসন এক বিবৃতিতে উল্লেখ করেন, জরুরি ফোনকল গ্রহণকারী জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) কর্মীরা স্বাভাবিক নিয়মে রোগীদের তথ্য সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে পারছেন না। ফলে বিপুলসংখ্যক রোগীর তথ্য জমে যাচ্ছে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে বড় ধরনের জট সৃষ্টি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিনা খরচে যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মালয়েশিয়ায় বিনা খরচে যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে, রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের জন্য ৭০ জনকে মনোনীত করেছে। ১৫০ জন কর্মী নিয়োগের লক্ষ্যে চলমান প্রক্রিয়ায় এটি দ্বিতীয় দফার মনোনয়ন।

আজ শনিবার, রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এই প্রার্থীদের মনোনীত করা হয়। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। তবে নির্বাচিত অনেক প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে বোয়েসেলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। এতে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সরকারের বৃহৎ কর্মসংস্থান উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

বোয়েসেলের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগ কার্যক্রমে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান অভিবাসন-সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে। কর্মীদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ বা অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই।

বোয়েসেলের বার্তা হলো—‘জিরো মিনস জিরো’। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে না।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে, শুধু অর্থ গ্রহণকারী নয়, অর্থ প্রদানকারীসহ জড়িত উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বোয়েসেল জানায়, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষ পঁচিশের পরিচিতি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষ পঁচিশের পরিচিতি প্রকাশ

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ২০২৭ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণ প্রকাশ করেছে।

এই সংস্করণে ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে ৫ জন রাষ্ট্র ও সামরিক নেতাকে ১ম স্থানে রাখা হয়েছে। এর ফলে র‍্যাঙ্কিংয়ে ২য় ও ৩য় স্থান বাদ দিয়ে সরাসরি ৪র্থ স্থান থেকে পরবর্তী ক্রম সাজানো হয়েছে।

তালিকার শীর্ষ পঁচিশে স্থান পাওয়া ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো: ১ম স্থান (যৌথভাবে ৫ নেতা): ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ বা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বে সম্মিলিত নিরাপত্তার নতুন বলয় তৈরির স্বীকৃতিস্বরূপ এ তিন দেশের শীর্ষ ৫ নেতাকে যৌথভাবে ১ম স্থান দেওয়া হয়েছে।

তারা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

৪র্থ স্থান: আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

৫ম স্থান: বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। তিনি জর্ডানের বাদশাহ এবং জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬ষ্ঠ স্থান: শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতারের আমির হিসেবে তিনি মধ্যপ্রাচ্যের কূটনীতি ও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের ২০২৬ সংস্করণে তিনি তালিকার ১ম স্থানে ছিলেন।

৭ম স্থান: বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। হাদিস, ফিকহ ও ইসলামী অর্থনীতির এই বৈশ্বিক স্কলার আগের সংস্করণে ২য় স্থানে ছিলেন। ৮ম স্থান: শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ। ইয়েমেনের তারিমের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশ্বজুড়ে পরিচিত আধ্যাত্মিক রাহবার।

৯ম স্থান: ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ এবং আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম।

১০ম স্থান: শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ। মৌরিতানিয়ার প্রখ্যাত ফকিহ এবং আন্তর্জাতিক শান্তি উদ্যোগ 'ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটিজ'-এর সভাপতি। ১১তম স্থান: গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইন আল-সিস্তানি। ইরাকের নাজাফের হাওজা আল-ইলমিয়্যার প্রধান এবং বিশ্বের শিয়া মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ বা মারজা।

১২তম স্থান: শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে তিনি আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখছেন। ১৩তম স্থান: আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৈশ্বিক ইসলামী চিন্তাধারা ও ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত।

১৪তম স্থান: বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। মরক্কোর বাদশাহ হিসেবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশটির 'আমিরুল মুমিনিন' ও ওআইসি'র আল-কুদস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ১৫তম স্থান: শেখ সালমান আল-ওদা। সৌদি আরবের প্রখ্যাত ইসলামী স্কলার, লেখক ও শিক্ষাবিদ।

১৬তম স্থান: প্রাবোও সুবিয়ান্তো। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ১৭তম স্থান: শেখ আবদুল-মালিক আল-হুতি। ইয়েমেনের হুতি আন্দোলনের শীর্ষ নেতা। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর ভূরাজনীতিতে সাম্প্রতিক ভূমিকার কারণে তিনি আলোচনায় রয়েছেন। ১৮তম স্থান: মাওলানা মাহমুদ মাদানি। ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। ১৯তম স্থান: আমিরুল মুমিনিন শেখ আস-সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়। নাইজেরিয়ার সোকোটোর সুলতান এবং দেশটির মুসলিম সম্প্রদায়ের শীর্ষ আধ্যাত্মিক নেতা।

২০তম স্থান: অধ্যাপক ইব্রাহিম কালিন। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর পরিচালক এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্কলার।

২১তম স্থান: ইয়াহিয়া চোলিল স্তাকুফ। ইন্দোনেশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন নাহদলাতুল উলামার জেনারেল চেয়ারম্যান।

২২তম স্থান: আবদেল ফাত্তাহ আল-সিসি। মিশরের প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ও গাজা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ২৩তম স্থান: ড. আলী গোমা। মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সমসাময়িক ফিকহ ও আধ্যাত্মিক ধারার অন্যতম শীর্ষ আলেম। ২৪তম স্থান: শেখ হাবিব আলী জাইন আল-আবিদিন আল-জিফরি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক তাবাহ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ইয়েমেনের প্রখ্যাত দাঈ ও স্কলার।

২৫তম স্থান: শেখ হামজা ইউসুফ হ্যানসন। যুক্তরাষ্ট্রের জায়তুনা কলেজের সহ-প্রতিষ্ঠাতা এবং পশ্চিমা বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক।

বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের পর্যালোচনার পাশাপাশি ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রকাশকদের মতে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির অর্থ তার মতামত বা কর্মকাণ্ডের প্রতি অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তার প্রভাবের একটি পরিমাপমাত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার আদালতের নথিতে এই তথ্য প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হলেও শুক্রবার তা জনসমক্ষে আসে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। এই কারণে মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির মধ্যে বিরোধের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ ওয়াশিংটন আইসিসির বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই সিদ্ধান্তের ফলে শুধু আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তই বন্ধ হচ্ছে না, বরং খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠন আইএসআইএল-খোরাসানের (আইএসকেপি) বিরুদ্ধে তদন্তও বন্ধ হচ্ছে। ২০২১ সাল থেকে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত কার্যত স্থবির হয়ে পড়েছিল।

তবে আইসিসির কৌঁসুলির দপ্তর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সকে জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ইতোমধ্যে আপিল করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পূর্বে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না।’

গত অক্টোবরের এক বিবৃতিতে রুবিও আরো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘মার্কিন নাগরিকেরা আর হুমকির মুখে না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র ধাপে ধাপে আইসিসিকে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।’

তবে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আইসিসির এই সিদ্ধান্তের পর ওয়াশিংটন আদালতের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করবে কি না, তা স্পষ্ট নয়। যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এই আদালতের বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।

আইসিসির প্রতিষ্ঠাকালীন রোম সংবিধান অনুযায়ী, আদালতের সদস্যদেশগুলোর ভূখণ্ডে সংঘটিত নৃশংস অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার এখতিয়ার রয়েছে আদালতের।

২০০২ সাল থেকে তদন্ত শুরু

আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত ২০২০ সালে শুরু হয়। ২০০২ সাল থেকে আফগানিস্তানের সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ এই তদন্তের আওতায় ছিল।

তবে ২০২১ সালে তদন্তের দায়িত্বে থাকা আইসিসির তৎকালীন কৌঁসুলি করিম খান ঘোষণা করেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে গত বছর তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতার অংশ।

চলতি বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগে করিম খানকে আইসিসি থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি আফগানিস্তানবিষয়ক তদন্তের দায়িত্বে ছিলেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%