০৮:১০ পি.এম
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, নগরীর উন্নয়ন এককভাবে কোনো একটি বিভাগের দায়িত্ব নয়। প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি পারস্পরিক সমন্বয়ও নিশ্চিত করতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল পায়, সেজন্য মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা তৈরির সরঞ্জামসহ যুবক তৌহিদুল আলম আকিব গ্রেফতার
তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কিন্তু কোথাও ময়লা জমে থাকলে, কোথাও ফুটপাত দখল হয়ে গেলে, কোথাও উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকলে, তা গ্রহণযোগ্য নয়। আমি চাই প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক এবং কাজের মাধ্যমে নগরবাসীর কাছে ফলাফল তুলে ধরুক। পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, পরিকল্পনার বাস্তবায়ন ও নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে।
সভায় নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন চসিক প্রশাসক। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ভাসমান দোকানের কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে প্রাণ গেল তিন বছর বয়সী শিশু তাবাসুমের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন