০৮:৩৫ পি.এম
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ ১৯ বছর বয়সী যুবক তৌহিদুল আলম আকিবকে গ্রেফতার করেছে।
আজ নগরীর চান্দগাঁও থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এসব তথ্য প্রকাশ করেন।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে আটক করে তারা। তার দেহ তল্লাশি করার সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পরবর্তী সময়ে আকিবকে জিজ্ঞাসাবাদ করার পর সে তার বর্তমান ঠিকানা হিসেবে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন রাসায়নিক উপাদান ও সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের জন্য একটি স্লাইড ক্যালিপার্স অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
পুলিশের দাবি, আকিব জিজ্ঞাসাবাদে জানায় যে, ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে তথ্য সংগ্রহ করে সে ইয়াবা তৈরির কৌশল শিখেছে। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে ভাড়া বাসায় স্থাপন করে। এরপর ব্যবসায়িক উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে সে পুলিশের কাছে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সচিব সিরাজুল কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন