ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জনগণের ঐক্য করতে হলে গণভোটের ৭০% রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার


জনগণের ঐক্য করতে হলে গণভোটের ৭০% রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, "আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই।" তিনি উল্লেখ করেন, "জনগণের ঐক্য করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা ছাড়া দেশে শান্তি আসবে না।"

তিনি আরও বলেন, "আমরা যদি সংবিধান সংস্কার না করি, তাহলে দল হিসেবে আওয়ামী লীগ আসবে না, নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় থাকবে। তারা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। আমরা এটি হতে দিতে পারি না। এ পথ বন্ধ করতে হবে। এটির জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছি।"

রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ১টায় শেষ হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মুয়ায্জম হোসাইন হেলাল; নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, "দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র দায়ী সরকার। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেটি করতে পারছে না, বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করার জন্য তারা এ উসকানি দিচ্ছে? জাতি আজ তা জানতে চায়।"

তিনি আরো বলেন, "আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরা পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।"

এটিএম আজহারুল ইসলাম বলেন, "২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য এবং আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। আমরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছি। একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটির শপথ নিয়েছে, গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে যে ওয়াদা দিয়েছিল, তা ভঙ্গ করেছে।"

আরও পড়ুন: ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট ও গাইড বইয়ের মুদ্রণ বন্ধের নির্দেশ

তিনি বলেন, "এখনো সুযোগ আছে। আমরা আহ্বান জানাব, বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।"

সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, "সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মানবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। আপনারা যে কাজ করছেন, তার ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহুল গান্ধী ইসরাইল-ভারত কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


রাহুল গান্ধী ইসরাইল-ভারত কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে

যুক্তরাষ্ট্র সফরের সময় শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন। এদিকে, রাহুলের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের কিছু অংশ।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পাপের সঙ্গে আলোচনা করার সময় রাহুল বলেন, ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি বলেন, "আমরা তাদের কাছ থেকে উন্নতমানের অস্ত্র ক্রয় করি।" রাষ্ট্রীয় স্বার্থ এবং ভারতীয় সেনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে তিনি সমর্থন জানান।

সামাজিক মাধ্যম এক্স-এ রাহুল লেখেন, ‘ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ। দেশের জন্য যা ভালো, সেটাই অনুসরণ করা উচিত। সে ক্ষেত্রে ইজরাইলের সঙ্গে সুসম্পর্কের পক্ষে আমি।’ তিনি আরও বলেন, ‘এর অর্থ এই নয় যে গাজায় যা ঘটেছে, তা নিয়ে আমি নীরব থাকব।’

তবে রাহুল গান্ধীর এই ‘দ্বিচারী’ মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে ইন্ডিয়া জোটের দুই শরিক দল সিপিএম ও সিপিআই (এমএল) লিবারেশন। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন এক বিবৃতিতে বলেন, ‘যখন গাজায় ইসরাইলি বর্বরতার চিত্র বিশ্ব দেখছে, হাজার হাজার নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে, সেই সময় তিনি (রাহুল) ইসরাইলের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার কথা বলছেন। অস্ত্র কেনার কথা বলছেন। এই বিপর্যয়ের মুখে ভারসাম্য রক্ষার যে কথা তিনি বলছেন, তা গ্রহণযোগ্য নয়। মানবিকতা যখন লঙ্ঘিত হয়, তখন ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়।’

সিপিআই (এমএল) লিবারেশন দলের নেতা দীপঙ্কর ভট্টাচার্যও সমালোচনা করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, যেভাবে নাৎসি জার্মানি কিংবা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোনো কৌশলগত সম্পর্ক রাখা হয়নি, তেমনিভাবে গাজায় গণহত্যাকারী প্যালেস্টাইন দখলকারী ইসরাইলের অপরাধ ক্ষমা করা যায় না। তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাসাসের প্রভাববলয়ে বরিশাল শিল্পকলা একাডেমি? সাংস্কৃতিক সংগঠনের পরিচয় নিয়েও প্রতারণার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


জাসাসের প্রভাববলয়ে বরিশাল শিল্পকলা একাডেমি? সাংস্কৃতিক সংগঠনের পরিচয় নিয়েও প্রতারণার অভিযোগ

রাজনৈতিক বলয়ের প্রভাব, গুণী শিল্পীদের উপেক্ষা ও মিলনায়তন বরাদ্দে সুপারিশের অভিযোগ; তদন্ত দাবি সাংস্কৃতিক অঙ্গনের

সংস্কৃতি মানুষের মনন, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের সম্মিলিত চর্চায় সমৃদ্ধ হয় একটি জনপদের সাংস্কৃতিক পরিচয়। অথচ বরিশাল জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে একের পর এক অভিযোগে সেই সাংস্কৃতিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক প্রভাব বিস্তার, গুণী শিল্পীদের উপেক্ষা, মিলনায়তন বরাদ্দে সুপারিশনির্ভরতা, অর্থব্যয়ের স্বচ্ছতা এবং সাংস্কৃতিক সংগঠনের পরিচয় ও কার্যক্রম নিয়েও উঠেছে নানা অভিযোগ। এমন পরিস্থিতিতে সরকারি এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

অভিযোগ উঠেছে, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি এখন আর সব শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের জন্য সমানভাবে উন্মুক্ত নেই। বরং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের স্থানীয় কয়েকজন নেতার প্রভাব প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিস্তার লাভ করেছে। তাদের পছন্দের সংগঠনকে অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া, মিলনায়তন বরাদ্দে সুপারিশের প্রয়োজনীয়তা তৈরি এবং অভিজ্ঞ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উপেক্ষা করার অভিযোগও রয়েছে।

সাংস্কৃতিক অঙ্গনের একাধিক ব্যক্তির ভাষ্য, অতীতে একাডেমির বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগ-সমর্থিত সাংস্কৃতিক বলয়ের প্রভাব নিয়ে অভিযোগ ছিল। তখনও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুযোগ সীমিত হওয়ার কথা আলোচনায় এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে মেধা, যোগ্যতা ও সাংস্কৃতিক অবদানের পরিবর্তে রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠতা প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।

বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের একাধিক ব্যক্তির অভিযোগ, বরিশালের অতীতের গুণী ও মেধাবী শিল্পী, লেখক, নাট্যকর্মী এবং বিভিন্ন সময়ে পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকেই এখন একাডেমির বিভিন্ন আয়োজন থেকে দূরে রয়েছেন। অন্যদিকে, জাসাসের সঙ্গে সম্পৃক্ত একটি সীমিত গোষ্ঠীকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম, বিচারক নির্বাচন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।


একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, অনুষ্ঠান আয়োজনের অনুমতি, সম্মানী কিংবা বিল-ভাউচারসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে গেলে সংশ্লিষ্টদের জাসাসের বরিশাল দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এবং মহানগর আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিনের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়।

এতে সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মীদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন অভিযোগকারীরা। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ব্যয়, বিল-ভাউচার এবং অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

জানা গেছে, গত অক্টোবর মাসে সাংস্কৃতিক কর্মী কানিজ জোহরা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একাডেমির কার্যক্রমে প্রভাব বিস্তার, অনিয়ম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগরের বিরুদ্ধে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন কানিজ জোহরাসহ কয়েকজন নারী। এ বিষয়ে তারা শিগগিরই সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই প্রয়োজন।

শিল্পকলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত একজন সাংস্কৃতিক কর্মী বলেন, “জাসাসের নেতৃবৃন্দ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারেন না। শিল্পকলা একাডেমি সবার। প্রশিক্ষক, বিচারক ও শিল্পী নির্বাচনে স্বচ্ছতা থাকা উচিত।”

জাসাসের প্রভাবের অভিযোগ অস্বীকার করে একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমান বলেন, মিলনায়তন বরাদ্দ পেতে জাসাস কোনো সমস্যা করবে না। তবে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখানে পরিস্থিতি এখন এমন যে আমি এখান থেকে চলে যেতে পারলে বাঁচি।”

তার এ বক্তব্যের পর একাডেমির অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সরকারি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাজনৈতিক সংগঠনের ভূমিকার সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জাসাসের নেতারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারেন, তবে সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই।


এসব অভিযোগ অস্বীকার করে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগর বলেন, বরিশাল শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা থেকে শুরু করে কিছু ব্যক্তি জাসাসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। মিলনায়তন ভাড়া থেকে শুরু করে একাডেমির যেকোনো বিষয়ে জানতে চাইলেই জাসাসের ওপর দোষ চাপানো হচ্ছে। তাকে ও তুহিনকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের অবস্থান নিয়েও অতীতে অভিযোগ উঠেছে। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত সংবাদে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ১২ জন প্রশিক্ষকের চুক্তি নবায়ন ও প্রশিক্ষক পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয় উঠে আসে। সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি ও চারুকলার অভিজ্ঞ প্রশিক্ষকদের আবেদনও তখন আলোচনায় আসে।

যদিও ঘটনাটি আগের সময়ের এবং তৎকালীন কর্মকর্তাদের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, তবু প্রশিক্ষক নির্বাচন, চুক্তি নবায়ন এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের ধরে রাখার ক্ষেত্রে একাডেমির স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাংস্কৃতিক কর্মীরা।

বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে গুণী শিল্পীদের সম্মাননার ইতিহাসও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। ২০১৪ ও ২০১৫ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পাওয়া শিল্পীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও যাত্রাশিল্পের পরিচিত অনেক মুখ ছিলেন। তাদের মধ্যে সুকুমার সরকার, অঞ্জনা রায়, মীর মুজতবা আলী, হাবিবুল হক, বেলা খান, প্রাণকৃষ্ণ পাল, জ্যোতিপ্রকাশ রায়, মতিলাল বড়াল, রবীন্দ্রনাথ হালদার ও গণেশ চন্দ্র রায়ের নাম উল্লেখযোগ্য।

প্রশ্ন উঠেছে, অতীতে একাডেমির সম্মাননায় ভূষিত এসব শিল্পী এবং বরিশালের দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মীরা বর্তমান একাডেমির আয়োজন, প্রশিক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটা সম্পৃক্ত রয়েছেন?


এদিকে বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে কয়েকটি সংগঠনের কার্যক্রম ও পারস্পরিক সম্পৃক্ততা নিয়েও আলোচনা রয়েছে। দেশীয় সাংস্কৃতিক জোট, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও হেরারশ্মি শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি সংগঠনের যৌথ অনুষ্ঠানের তথ্য সামনে এসেছে।

২০২৫ সালের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সভাপতিত্ব করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। একইভাবে ২০২৬ সালের জুলাইয়ে শিবিরের আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যাতেও হেরারশ্মি ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়।

এসব আয়োজনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে যোগাযোগের বিষয়টি দৃশ্যমান হয়েছে। তবে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করাই কোনো সংগঠনের সাংগঠনিক পরিচয় বা রাজনৈতিক নিয়ন্ত্রণের চূড়ান্ত প্রমাণ নয়।

অভিযোগ রয়েছে, দেশীয় সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ৪০টির বেশি সাংস্কৃতিক সংগঠনের নাম প্রকাশ করা হলেও এসব সংগঠনের প্রকৃত কার্যক্রম, স্বতন্ত্র সাংগঠনিক অস্তিত্ব, সদস্যসংখ্যা, প্রতিষ্ঠাকাল এবং সাংস্কৃতিক অবদানের পূর্ণাঙ্গ চিত্র জনসমক্ষে নেই। ফলে কেবল সংগঠনের নামের তালিকা প্রকাশের মাধ্যমে তাদের সক্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতা নিশ্চিত করা যায় না।

এ কারণে সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মীদের অনেকে জোটের কাছে তালিকাভুক্ত সংগঠনগুলোর প্রতিষ্ঠাকাল, কার্যালয়ের ঠিকানা, নেতৃত্ব, নিয়মিত আয়োজন, সদস্যসংখ্যা ও কার্যক্রমের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের মতে, সাংস্কৃতিক সংগঠনের নামে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণা হয়ে থাকলে তা চিহ্নিত করা জরুরি।


বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, সরকারি শিল্পকলা একাডেমি কি সব শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমান অধিকার নিশ্চিত করতে পারছে, নাকি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুযোগ-সুবিধা বণ্টিত হচ্ছে? গুণী শিল্পীদের বাদ পড়ার অভিযোগ, প্রশিক্ষক নির্বাচন নিয়ে বিতর্ক, মিলনায়তন বরাদ্দ এবং নির্দিষ্ট সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক সাইফুল আহসান বুলবুল বলেন, অতীতে কী হয়েছে, তা আঁকড়ে ধরে বর্তমানেও যদি একই ধারাবাহিকতা বজায় রাখা হয়, তাহলে সৃজনশীলতা মুখ থুবড়ে পড়বে। একসময় গুণী শিল্পীর সংকট তৈরি হবে। এখানে রাজনৈতিক পরিচয় নয়, শিল্পীর অবদানই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত।

সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি কোনো ব্যক্তি, দল কিংবা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার মূল দায়িত্ব সব শ্রেণি-পেশার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক স্বচ্ছতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।

রোববার (২২ নভেম্বর) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র তালিকা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্র ও প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর (OMR) ফাইলের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ কোনো অধ্যাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন।

এতে আরও জানানো হয়েছে, নিজ কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেবে। তবে কোনো কেন্দ্রের শিক্ষকেরা তাঁদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা হলে পর্যবেক্ষকের (কক্ষ পরিদর্শক) দায়িত্ব পালন করতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটান ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চায় ঢাকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ভুটান ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চায় ঢাকার

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতার জন্য বাংলাদেশের সমর্থন দাবি করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ।

এই উদ্দেশ্যে তিনি রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে, নেদুপ তার প্রার্থিতার বিষয়টি হুমায়ুন কবিরকে অবহিত করেন এবং জনস্বাস্থ্য খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য তার পরিকল্পনা তুলে ধরেন।

এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, সাংগে নেদুপ ভুটানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে, তিনি ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে ভুটানের প্রার্থী।

বৈঠকে, তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার ডব্লিউএইচওর সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তার অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ মোট ১১টি সদস্য দেশ রয়েছে। এই কার্যালয় আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়াতে সমন্বিতভাবে কাজ করে।

আঞ্চলিক নেতৃত্বের এই পদে নেদুপের প্রার্থিতার পক্ষে ভুটানের প্রচার-প্রচারণার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%