০৮:১৩ পি.এম
যুক্তরাষ্ট্র সফরের সময় শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন। এদিকে, রাহুলের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের কিছু অংশ।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পাপের সঙ্গে আলোচনা করার সময় রাহুল বলেন, ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি বলেন, "আমরা তাদের কাছ থেকে উন্নতমানের অস্ত্র ক্রয় করি।" রাষ্ট্রীয় স্বার্থ এবং ভারতীয় সেনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে তিনি সমর্থন জানান।
সামাজিক মাধ্যম এক্স-এ রাহুল লেখেন, ‘ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ। দেশের জন্য যা ভালো, সেটাই অনুসরণ করা উচিত। সে ক্ষেত্রে ইজরাইলের সঙ্গে সুসম্পর্কের পক্ষে আমি।’ তিনি আরও বলেন, ‘এর অর্থ এই নয় যে গাজায় যা ঘটেছে, তা নিয়ে আমি নীরব থাকব।’
আরও পড়ুন: ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২টি গাড়িতে অগ্নিসংযোগ
তবে রাহুল গান্ধীর এই ‘দ্বিচারী’ মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে ইন্ডিয়া জোটের দুই শরিক দল সিপিএম ও সিপিআই (এমএল) লিবারেশন। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন এক বিবৃতিতে বলেন, ‘যখন গাজায় ইসরাইলি বর্বরতার চিত্র বিশ্ব দেখছে, হাজার হাজার নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে, সেই সময় তিনি (রাহুল) ইসরাইলের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার কথা বলছেন। অস্ত্র কেনার কথা বলছেন। এই বিপর্যয়ের মুখে ভারসাম্য রক্ষার যে কথা তিনি বলছেন, তা গ্রহণযোগ্য নয়। মানবিকতা যখন লঙ্ঘিত হয়, তখন ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়।’
সিপিআই (এমএল) লিবারেশন দলের নেতা দীপঙ্কর ভট্টাচার্যও সমালোচনা করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, যেভাবে নাৎসি জার্মানি কিংবা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোনো কৌশলগত সম্পর্ক রাখা হয়নি, তেমনিভাবে গাজায় গণহত্যাকারী প্যালেস্টাইন দখলকারী ইসরাইলের অপরাধ ক্ষমা করা যায় না। তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন