০৮:৪০ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ এক রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ইনজেকশন সংগ্রহ করে দেওয়ার কথা বলে তাঁর স্বজনের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাগর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, পরে তাঁরা জানতে পারেন, ওই ইনজেকশন হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাগর মিয়া।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী কল্পনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। পরে কল্পনা বেগমের ছোট ভাই পারভেজ তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কালিপুর গ্রামের লীল মিয়ার ছেলে সাগর মিয়া। তিনি নিজেকে গ্রাম্য চিকিৎসক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, ঢাকার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কল্পনা বেগমকে একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সময় সাগর মিয়া ইনজেকশনটির জন্য প্রথমে ৮০ হাজার টাকা দাবি করেন। পরে পরিচিত ব্যক্তির মাধ্যমে ইনজেকশন সংগ্রহ করে দেওয়ার কথা বলে পারভেজের কাছ থেকে ২০ হাজার টাকা নেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের আড়াইহাজার জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে
তবে পরবর্তী সময়ে পারভেজ জানতে পারেন, ওই ইনজেকশন হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। এ জন্য কাউকে আলাদা করে টাকা দেওয়ার প্রয়োজন নেই। বিষয়টি জানার পর সাগর মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন পারভেজ। পরে সাগর ঢাকা থেকে চলে যান।
এ বিষয়ে হাসপাতালের জুনাইদ নামে এক ব্যক্তি বলেন, সাগর পারভেজের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন। তাঁদের হাসপাতালে এ ধরনের কোনো টাকা-পয়সার লেনদেন করা হয় না।
ভুক্তভোগী পারভেজ মিয়া বলেন, আমার বোনের স্বামী একজন টমটমচালক। তাঁরা অত্যন্ত গরিব মানুষ। আমার কাছ থেকে সাগর ২০ হাজার টাকা নিয়েছেন। এভাবে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়া উচিত হয়নি। আমি ভৈরববাসীর কাছে বিচার দিলাম। সাগর যেন আমার টাকাটা ফেরত দেন।
অন্যদিকে, অভিযুক্ত সাগর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওদের চিনি না, কোনো টাকা-পয়সাও নিইনি।
আরও পড়ুন: শেরপুরের নকলায় রাইস কুকারে রান্নার সময় গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
এছাড়া অভিযুক্ত সাগর মিয়ার বাবা লীল মিয়া জানান, ঘটনার সম্পর্কে আমি জানি। সে টাকা নিয়েছে সত্য তবে সেও ফার্মেসীর বেচা-কেনা বন্ধ করে গিয়েছিলো তাই করেছে। বিষয়টি আমি দেখতেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন