০৮:৩৪ পি.এম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে চাঁদাবাজি, ভুয়া রিপোর্ট তৈরি এবং দালাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগী রোগী, হকার ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আনসার কমান্ডার নাগর আলীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালিয়ে আসছে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর আনসার সদস্যদের বদলির বিধান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, অদৃশ্য খুঁটির জোরে প্রায় আড়াই বছর ধরে একই স্থানে বহাল তবিয়তে রয়েছেন কমান্ডার নাগর আলী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাবেক এক ব্রিগেডিয়ারের তদবির ব্যবহার করে তিনি দীর্ঘদিন বদলি ঠেকিয়ে রেখেছেন। বিষয়টি নিয়ে খোদ জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়েও অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।
১ হাজার শয্যার এই হাসপাতালের ৫০টি ওয়ার্ডে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় ৯৬ জন আনসার সদস্য। ভুক্তভোগীদের অভিযোগ, নিরাপত্তার চেয়ে অবৈধ উপার্জনেই বেশি ব্যস্ত থাকেন সদস্যদের একটি অংশ। মেডিসিনসহ প্রায় প্রতিটি ওয়ার্ড থেকেই প্রতিদিন রোগী ও স্বজনদের মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন হীরা আক্তার বলেন, ‘আমরা ১০ দিন ধরে হাসপাতালে আছি। আনসারদের সব সময় দেখা যায়, তারা দালালদের সঙ্গে বেশি সময় বন্ধুত্বের মতো থাকে। এর মধ্যেই আমাদের দুটি মুঠোফোন চুরি হয়েছে।’
হাসপাতালের একজন এক্সট্রা রহিমা আয়াও ক্ষোভ প্রকাশ করে বলেন, আনসার সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করলে প্রতিদিন রোগীদের মুঠোফোন চুরি হতো না; এমনকি তাঁর নিজের ফোনও চুরি হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের আড়াইহাজার জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে
অভিযোগ রয়েছে, রোগীর স্বজনেরা অনেক সময় হাতেনাতে চোর ও পকেটমার ধরে আনসারদের হাতে তুলে দেন। তখন আনসার সদস্যরা চোর ধরার ছবি তুলে কৃতিত্ব জাহির করেন এবং পরে টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেন।
সূত্র জানায়, হাসপাতালে নিয়মিত ২০ থেকে ৩০ জন পকেটমার সক্রিয় থাকে। চুক্তি অনুযায়ী টাকা দিলে তাদের ‘দেখেও না দেখার ভান’ করা হয়। পকেটমারদের এই সিন্ডিকেট থেকে কখনো দৈনিক পাঁচজনের কাছ থেকে ১ হাজার টাকা, আবার কখনো দৈনিক ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। সব মিলিয়ে পকেটমার চক্র থেকেই মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় হয় বলে অভিযোগ রয়েছে। যারা নতুন আসে বা টাকা দেয় না, কেবল তাদেরই আটক করে ছবি তোলা হয়।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের ডেলিভারি ল্যাব, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি বিভাগে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের দালালদের সখ্য গড়ে উঠেছে। ৬০০ টাকার পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি ল্যাবে পরীক্ষা না করিয়েই কম্পিউটারের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে রোগীদের হাতে ধরিয়ে দেওয়ার মতো গুরুতর জালিয়াতির অভিযোগও পাওয়া গেছে।
এ ছাড়া অস্ত্রোপচার কক্ষ (ওটি) ও আল্ট্রাসনোগ্রাম কক্ষের নিচতলায় গোপনে টাকা নিয়ে রোগীদের ভেতরে ঢোকানোর সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে আনসার সদস্য এনামুল, রাশেদুল, সাজ্জাদ, মাহমুদ ও তরিকুলসহ একটি চক্রের বিরুদ্ধে।
সূত্র জানায়, হাসপাতালের সামনে থাকা প্রায় ২০টি ডায়াগনস্টিক সেন্টারের দালালেরা এখানে সক্রিয়। প্রতিটি প্রতিষ্ঠানের দুই শিফটে নারী-পুরুষ মিলিয়ে চারজন করে মোট প্রায় ৮০ জন দালাল পুরো হাসপাতালে কাজ করে। এসব ডায়াগনস্টিক থেকে গোপনে মাসিক চাঁদা নেওয়ার পাশাপাশি টহলে থাকা আনসার সদস্যরা দালালদের কাছ থেকে দৈনিক ৩ হাজার থেকে ৪ হাজার টাকা ‘বিট মানি’ আদায় করেন। টাকা না দিলে দালাল আখ্যা দিয়ে আটক করা হয় এবং পরে রাতের আঁধারে চুক্তির মাধ্যমে রফাদফা হয়।
হাসপাতাল প্রাঙ্গণ ও ফুটপাতের দোকান, হকার এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকেও নিয়মিত চাঁদা তোলার অভিযোগ রয়েছে:
ঝাউ সুপ বিক্রেতা রাশেদ বলেন : হাসপাতালে প্রায় ২০ জন ঝাউসুপ বিক্রেতা আছেন। তাঁদের কাছ থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়। আমি ও দেই ।এতে দৈনিক প্রায় ১ হাজার টাকা ও মাসে ৩০ হাজার টাকা ওঠে।
খেলনা বিক্রেতা আনিস বলেন : প্রায় ১৫ জন খেলনা বিক্রেতার কাছ থেকে দৈনিক ১০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা এবং মাসে প্রায় ৩৫ হাজার টাকা আদায় করা হয়।
কসমেটিক বিক্রেতা রানা জানান, তাঁদের লাইনের প্রায় ১৫ জন বিক্রেতার সবাইকে প্রতিদিন ৫০ টাকা করে দিতে হয়।
ডিম বিক্রেতা বৃদ্ধ মামা মজিবর বলেন : প্রায় সাতজন ডিম বিক্রেতার কাছ থেকে দৈনিক ৫০ টাকা করে মাসে প্রায় ৯ হাজার টাকা তোলা হয়।
আরেক ডিম বিক্রেতা জালাল বলেন, ডিম খেয়ে টাকা না দেওয়া বা কম দেওয়ার অভিযোগও রয়েছে। অনেকে ডিম খেয়ে টাকা দেয় না।
আরও পড়ুন: শেরপুরের নকলায় রাইস কুকারে রান্নার সময় গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
হাসপাতালে থাকা একজন অন্ধ হকারের কাছ থেকেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
খলিল নামের এক গামছা বিক্রেতা অভিযোগ করেন, চার মাস আগে হাসপাতালের সামনে গামছা বিক্রি করতে গেলে কমান্ডার নাগর আলী তাঁর ৩৫ হাজার টাকার গামছা আটকে রাখেন। ‘দিচ্ছি, দিচ্ছি’ বলে তা আর ফেরত দেওয়া হচ্ছে না। আরেক হকার জানান, আনসার সদস্যরা ব্যাগ আটকে রাখলে আনসার মাহমুদকে খুশি হয়ে খরচ দিতে হয়।
এ ছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকেও টাকা ও উপহার আদায়ের অভিযোগ রয়েছে। উপহার না দিলে তাঁদের নানাভাবে অপদস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কমান্ডার নাগর আলীকে ভাগ না দিয়ে কোনো আনসার সদস্য হাসপাতালে দায়িত্ব পালন করতে পারেন না। অ্যাডমিশন ওয়ার্ড, ল্যাব ও ওটির মতো যেসব স্থানে অবৈধ আয়ের সুযোগ বেশি, সেখানে কেবল পছন্দের ও ঘুষ দেওয়া আনসারদের পদায়ন করা হয়। দুটি টহল পার্টিতেও নিজের অনুগত লোক রেখে পুরো কার্যক্রম তদারকি করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, তরিকুল, এনামুল ওয়ান, মাহমুদ ও জাহিদ ১২ মাস ধরে টহল দায়িত্বে থাকেন; তাঁদের কোনো ডিউটি পরিবর্তন হয় না। দ্বিতীয় শিফটে মাহমুদা, রাশেদ ও সাজ্জাদ মেডিসিন ও সংশ্লিষ্ট কাজে যুক্ত থেকে ডায়াগনস্টিকের দালালি কমিশন তোলেন।
সূত্রের দাবি, এই সিন্ডিকেট থেকে কমান্ডার নাগর আলী প্রতি মাসে সর্বনিম্ন ৫ থেকে ৬ লাখ টাকা আয় করেন। সেই হিসাবে গত তিন বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রকাশ্যে এসব চললেও হাসপাতাল কর্তৃপক্ষের সামনে তিনি নিজেকে নিরীহ ও সৎ হিসেবে উপস্থাপন করেন এবং কোনো সদস্য ধরা পড়লে ‘মানবতার’ দোহাই দিয়ে ছাড়িয়ে নেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আনসার কমান্ডার নাগর আলী নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘কোনো আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. মাজহারুল রেজওয়ান রেজা বলেন, ‘আনসার সদস্যদের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ
বরিশাল জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম, জানান, অনিয়মের বিষয়টি আমরা যখন পাই সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আনসার কমান্ডার নাগর আলী সাবেক পরিচালকের তদবিরে এখনো হসপিটালে রয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন