০৯:৪০ পি.এম
রাজধানীর রামপুরায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডের তাকওয়া মসজিদের পাশে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন— ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) এবং সাজু আহমেদ (২৮)। ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন
প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মচারীসহ আরও কয়েকজন অফিসে কাজ করছিলেন। তখন হঠাৎ ৪ জন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। দুই-এক মিনিটের মধ্যে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন এবং পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়।
মাজহারুল ইসলাম আরও জানান, ২ সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এখন পর্যন্ত তাদের সেই চাঁদার টাকা দেয়া হয়নি। তার মতে, সোমবারের এলোপাতাড়ি গুলির ঘটনা সেই চাঁদার দাবির জেরেই ঘটেছে।
আহত সাজু আহমেদ জানান, ঘটনার সময় ওই ৪ জনের মধ্যে তিনজন অফিসের ভেতরে ঢুকে এবং আরেকজন বাইরে দাঁড়িয়ে ছিল। অফিসের ভেতরে ঢুকে তারা বলতে থাকে— ‘তোদের এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেনো?’— এই বলেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। ঘটনার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দ্রুত চলে যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে সাজুর ডান পায়ে ও হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। সেই সঙ্গে ঘটনাটি রামপুরা থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন: ৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন