০৯:৩৩ পি.এম
ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশি টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফটিকছড়ি থানা পুলিশের বহরে যুক্ত হয়েছে একটি নতুন ডাবল কেবিন পিকআপ। গাড়িটি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বরাদ্দ করা হয়েছে। নতুন গাড়ি যুক্ত হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকায় পুলিশের টহল কার্যক্রমে গতিশীলতা আসবে, পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
ফটিকছড়ি থানার সূত্রে জানা গেছে, থানায় আগে পাঁচটি গাড়ি ছিল, তবে এর মধ্যে একটি সম্পূর্ণ অচল এবং চলাচলের অনুপযোগী ছিল। ফলে কার্যকর গাড়ির সীমাবদ্ধতার কারণে পুলিশকে দায়িত্ব পালন করতে অসুবিধা হচ্ছিল। নতুন ডাবল কেবিন গাড়িটি যুক্ত হওয়ায় মাঠপর্যায়ে পুলিশের চলাচল এবং টহল কার্যক্রমে বাড়তি সুবিধা সৃষ্টি হবে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, "ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদারের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে নতুন ডাবল কেবিন গাড়িটি দেওয়া হয়েছে। গাড়িটি যুক্ত হওয়ায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে দুর্গম ও দূরবর্তী এলাকায় টহল দেওয়া, অপরাধের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহজ হবে বলে আশা করছি।" গাড়ি বরাদ্দ দেওয়ার জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: ৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার শুরু
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, "জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে হাটহাজারী সার্কেলের জন্য একটি নতুন গাড়ি এবং ফটিকছড়ি থানা এলাকার পুলিশি কার্যক্রমের জন্য একটি ডাবল কেবিন গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন গাড়িটি পুলিশের দায়িত্ব পালনে গতি আনবে। বিশেষ করে নিয়মিত টহল, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, ফটিকছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্রুত চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উপজেলা সদরের বাইরের প্রত্যন্ত ইউনিয়নগুলোতে অপরাধের খবর পাওয়ার পর দ্রুত পৌঁছানো, রাতের টহল বৃদ্ধি, সন্দেহভাজন যানবাহনে নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে নতুন গাড়িটি কার্যকর ভূমিকা রাখবে। এতে পুলিশের উপস্থিতি দৃশ্যমান হওয়ার পাশাপাশি অপরাধীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে সতর্কতাও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন