০৯:৩৩ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান পোশাকশিল্পের চলমান সমস্যা সমাধানে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সতর্কতা, দায়িত্বশীলতা ও ইনসাফের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, যদি মালিক-শ্রমিক উভয় পক্ষ সতর্ক না থাকে, তাহলে দেশবিরোধী শক্তি এই খাতকে ঘিরে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।
রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান জানান, পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের কঠোর পরিশ্রমের ভূমিকা যেমন অনস্বীকার্য, তেমনি উদ্যোক্তা ও মালিকপক্ষের অবদানও গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে শুধুমাত্র মালিকপক্ষ কিংবা শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। প্রচলিত শ্রমিক রাজনীতির মালিক-শ্রমিক দ্বন্দ্বের ভিত্তিতে এ সমস্যার সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, পোশাকশিল্পকে টিকিয়ে রাখা এবং আরও এগিয়ে নিতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ক্ষেত্রে উভয় পক্ষকে সতর্কতা ও ইনসাফের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: এনডিএফের পর এবার জামায়াত থেকেও বহিষ্কার ডা. ইসমাইল হোসেন
বিবৃতিতে তিনি যোগ করেন, বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি বৈশ্বিক বিভিন্ন শক্তির দৃষ্টি রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশ ও বাজার দখলে আগ্রহী বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। একই সঙ্গে দেশের পরাজিত শক্তিও পরিস্থিতির সুযোগ নিতে চাইছে। তাই দাবি আদায়ের ক্ষেত্রে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যাতে এ শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়।
তিনি উল্লেখ করেন, দেশের কর্মসংস্থানে পোশাকশিল্পের বিশাল ভূমিকা রয়েছে। যদি এ খাত ক্ষতিগ্রস্ত হয় কিংবা আন্তর্জাতিক বাজার অন্য দেশগুলোর দখলে চলে যায়, তাহলে লাখো মানুষ নতুন করে বেকারত্বের মুখে পড়বে। তাই সরকার, মালিকপক্ষ ও শ্রমিক—সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ন্যূনতম মজুরি বোর্ডে ইনসাফের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থ বিবেচনা করতে হবে। বৈশ্বিক বাস্তবতার দোহাই দিয়ে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও অস্বীকার করা যাবে না।
তিনি শ্রমিকদের রাষ্ট্রের প্রতি আস্থা রেখে আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের সূত্র ধরে কোনো শ্রমিককে হয়রানি না করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়। তাই মালিকপক্ষকে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন: সাতক্ষীরা জেলা খেলাফত আন্দোলনের সভাপতি আবু দাউদ, সম্পাদক মঈনুদ্দিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন