০৮:৫৬ পি.এম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার দেশের সুষ্ঠু পরিচালনা করতে পারবে না। তিনি এই মন্তব্যটি রোববার (১৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সাথে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেওয়ার।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের সাথে যোগাযোগ ও তথ্য পাচারের। শুধু তিনি নন, প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে পলাতক লীগকে সহযোগিতা করছে।
আরও পড়ুন: রাজধানীতে ইন্টারনেট অফিসে বসে থাকা দুজনকে গুলি করে আহত করেছে দুর্বৃত্ত
সচিবালয় থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আওয়ামী লীগের গুপ্তরা রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের কাছে পাচার করছে। প্রশাসনের সাথে যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মিছিল করছে। আবু হানিফ বলেন, প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না। এই পরিস্থিতিতে সরকারের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রশাসনে থাকা আওয়ামী লীগের গুপ্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন