০৯:০৫ পি.এম
রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আটটি পরিবার বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন এই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
রোববার (১৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের হাতে ডাল, তেল, চিনি, মুড়ি, লবণ, আলু, চিড়া, কম্বল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মুখোমুখি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো এসব মানুষের কাছে উপজেলা প্রশাসনের এই সহায়তা কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
আরও পড়ুন: ভোলায় আ'লীগের মিথ্যা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আকবর ও সরওয়ার
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এমন বিপদের সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে ঘটনাস্থলে এসে খোঁজখবর নেওয়া এবং খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করায় তারা উপকৃত হয়েছেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সাবেক গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান এবং সদর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আলম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, “উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।
প্রাথমিকভাবে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আরও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
আরও পড়ুন: কোমরে-পায়ে শিকল, শীতলক্ষ্যায় মিলল যুবক ওসমান গনির নিথর দেহ
স্থানীয়রা অগ্নিকাণ্ডের পর উপজেলা প্রশাসনের এই মানবিক ও দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা সর্বস্ব হারানো পরিবারগুলোর দুর্দশা বিবেচনায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো হয়তো একদিন আবার গড়ে উঠবে, কিন্তু এই মুহূর্তে আটটি পরিবারের প্রয়োজন নিরাপদ আশ্রয়, খাবার ও নতুন করে বেঁচে থাকার অবলম্বন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন