১১:৪১ এম
দেশের টেলিভিশন নাটকের নির্মাণ ও অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। তার অভিযোগ, অনেক সময় গল্প ও চরিত্রের প্রয়োজনে উপযুক্ত অভিনয়শিল্পী বেছে নেওয়ার সুযোগ পান না পরিচালকরা। নায়ক কিংবা প্রযোজকের পছন্দ ও চাপের কারণে নাটকের কাস্টিং শেষ মুহূর্তেও বদলে যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাট্যাঙ্গনের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে নাটক ও অভিনয় নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা-সমালোচনা হয়, বাংলাদেশে তেমন চর্চা দেখা যায় না।
পারসা মনে করেন, একটি নাটকে কে কেমন অভিনয় করেছেন, কার উচ্চারণে ভুল রয়েছে কিংবা পরিচালনায় কোথায় ঘাটতি ছিল, এসব বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া প্রয়োজন। এতে অভিনয়শিল্পীদের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি নাটকের মানও বাড়বে। কিন্তু দেশে অনেক সময় অভিনয়ের দুর্বলতা কিংবা ভুল উচ্চারণ চোখে পড়লেও তা নিয়ে যথাযথ আলোচনা হয় না।
আরও পড়ুন: মাফ করবেন, ছোট ভাই ভেবে দিলজিতকে বললেন সিজিপি নেতা অভিজিৎ
নাটকের কাস্টিং নিয়ে নিজের পর্যবেক্ষণে এই অভিনেত্রী জানান, লেখক একটি নির্দিষ্ট অভিনয়শিল্পীকে মাথায় রেখে চরিত্র তৈরি করলেও পরিচালক হয়তো অন্য কাউকে পছন্দ করেন। অন্যদিকে প্রযোজকের ব্যক্তিগত পছন্দ কিংবা নায়কের চাপে শেষ মুহূর্তে বদলে যেতে পারে অভিনয়শিল্পী। এভাবে লেখক ও পরিচালকের পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করলে ভালো নির্মাণ সম্ভব নয় বলে মনে করেন তিনি।
পারসার ভাষ্য, একটি চরিত্রের জন্য সঠিক অভিনয়শিল্পী নির্বাচন করা এবং সেই চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলাই নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ব্যক্তিগত সুবিধা বা পছন্দের পরিবর্তে গল্প ও চরিত্রকে প্রাধান্য দেওয়া উচিত। তা না হলে অনেক সম্ভাবনাময় গল্পও শেষ পর্যন্ত দর্শকের সামনে যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হবে না।
অভিনেত্রীর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন। তবে নিজের অভিনয়জীবনে এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েই তিনি এসব কথা বলেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি পারসা।
শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে অভিনয়ে পরিচিতি পান পারসা ইভানা। ২০১৫ সালে অভিনয় শুরু করেন তিনি। ২০১৮ সাল থেকে নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।
আরও পড়ুন: ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ডে এক মঞ্চে গেমিং তারকারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন