১১:৪২ এম
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ১ হাজার ২০০ ডলার অতিক্রম করেছে। আসন্ন শীত মৌসুমে তাপমাত্রা কমে গেলে দাম বেড়ে ২ হাজার ৫০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই মিলার।
শুক্রবার (৩০ অক্টোবর) মস্কো থেকে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। মিলার উল্লেখ করেছেন, ইউরোপের দেশগুলো ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগারে মজুদ বাড়ানোর ক্ষেত্রে রেকর্ড নিম্ন পর্যায়ে রয়েছে।
গ্যাজপ্রমের প্রেস সার্ভিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, অক্টোবর মাসেই ইউরোপে প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের দাম ১ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। পশ্চিমা বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন, শরৎ ও শীতের সর্বোচ্চ চাহিদার সময়ের আগে দাম এই পর্যায়ে পৌঁছাবে না।
আরও পড়ুন: ভারতে মসজিদ ঘেরাও করে বজরং জঙ্গিরা মেরামতের কাজ বন্ধ করল
মিলারের মতে, ইউরোপের ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগারগুলোর মজুদের পরিমাণ ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় গ্যাস ব্যবহারকারী দেশ জার্মানির সংরক্ষণাগারগুলোর ধারণক্ষমতার মাত্র ৬১ দশমিক ৬ শতাংশ পূর্ণ রয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে শীত মৌসুমে তাপমাত্রা কমে গেলে ইউরোপে গ্যাসের দাম সর্বোচ্চ পর্যায়ে প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে।
শুক্রবার ইউরোপের টিটিএফ গ্যাস ট্রেডিং হাবে লেনদেনের সময় স্পট গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ১ হাজার ২০০ ডলারের উপরে চলে যায়। ২০২২ সালের ডিসেম্বরের পর এই প্রথম দাম ওই সীমা অতিক্রম করল। একই সঙ্গে প্রতি মেগাওয়াট ঘণ্টায় গ্যাসের দাম ১০০ ইউরো ছাড়িয়েছে, যা চার বছরের মধ্যে প্রথম ঘটনা।
আসন্ন শীতের আগে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলোতে মজুদের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবও অঞ্চলটিতে গ্যাসের দাম বাড়াচ্ছে।
আরও পড়ুন: অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, আক্রান্ত ৫৬ হাজার ৩৮০
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরোপে প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাসের দাম ১ হাজার ৫০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা নাকচ করেননি। তথ্যসূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন