০৯:১৮ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই।
এ কথা তিনি আজ শুক্রবার কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় বলেন।
তিনি আরও জানান, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে গড়ে উঠুক। এ জন্য আমরা চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করছি। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও কারিগরি শিক্ষা বিষয়গুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: শ্যামাপূজা ও দীপাবলিতে ভক্তদের সমাগমে মুখর শাহরাস্তির কালিবাড়ি
মন্ত্রী আরো উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কচুয়াকে আমরা শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আজকের আলোচনায় উঠে আসা বেশ কিছু সমস্যা সারা বাংলাদেশেরও সমস্যা। অতএব, আজকের এই আয়োজন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি মো. খায়রুল আবেদীন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন