ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কংগ্রেসের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ট্রাম্পের


কংগ্রেসের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ট্রাম্পের

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার হুমকি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আসায় দুই দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এমন পরিস্থিতিতে রোববার ট্রাম্প রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ

গত মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের ফলে ট্রাম্প রাজনৈতিকভাবে চাপের মুখে পড়েছেন। হোয়াইট হাউসে তার মেয়াদের শেষ দুই বছর কার্যত ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে কাটাতে হতে পারে।

এই সময়কে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিভাষায় ‘লেম ডাক’ বলা হয়, যা ক্ষমতা হারানোর পথে থাকা প্রেসিডেন্টের মেয়াদ নির্দেশ করে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক তদন্তের পথ খুলে গেছে।

রোববার বিভিন্ন রাজনৈতিক টক শোতে ডেমোক্র্যাট পার্টির নবনির্বাচিত কংগ্রেস নেতারা ট্রাম্প ও তার সহযোগীদের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেন।

অন্যদিকে, ট্রাম্পের শীর্ষ আইন কর্মকর্তা তাদের রক্ষায় অবস্থান নেওয়ার কথা জানান। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানে অনড় থাকেন ট্রাম্প।

আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায়

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সর্বশেষ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমেরিকা ইতিহাসে বিশাল এক ধাপ পিছিয়ে গেছে।’ তিনি দাবি করেন, তার শাসনামলে যে শেয়ারবাজারের প্রবৃদ্ধি হয়েছিল, নির্বাচনের পর সেটিতেও ধস নেমেছে।

তবে তিনি আরও বলেন, ‘ভয়ের কিছু নেই। আমরা আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

শুক্রবার নিজের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ট্রাম্প কট্টরপন্থী উপদেষ্টা স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের প্রস্তুতির বার্তা দিয়েছেন তিনি। যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ রিপাবলিকান দলের অনেক নেতা নির্বাচনে তাদের এমন বড় পরাজয়ের কারণ নিয়ে আত্মসমালোচনা করেছেন।

ট্রাম্পের কঠোর অভিবাসননীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিলারের। বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের জনপ্রিয়তা কমে যাওয়া এবং নির্বাচনে বড় পরাজয়ের পেছনে এই নীতিও একটি কারণ।

আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত

ডেমোক্র্যাটরা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের হুমকি দিয়ে তাদের আইনজীবী নিয়োগের প্রস্তুতি নিতে বলার পরিপ্রেক্ষিতে শনিবার ট্রাম্প জানান, তার প্রশাসনের কর্মকর্তাদের অভিশংসনের বিষয়ে ডেমোক্র্যাটদের হুমকি খতিয়ে দেখতে তিনি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন। এ ধরনের হুমকিকে তিনি ‘চাঁদাবাজির’ সঙ্গে তুলনা করেন।

হেগসেথকে কি অভিশংসনের মুখে পড়তে হবে?

কংগ্রেসের উভয় কক্ষের বিভিন্ন কমিটির নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা এখন সরকারি কর্মকর্তাদের তলব করতে পারবেন, নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন এবং প্রকাশ্য শুনানির আয়োজন করতে পারবেন। এর ফলে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কঠোর নজরদারির মুখে পড়তে হবে।

সম্ভাব্য তদন্তের বিষয়গুলোর মধ্যে রয়েছে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কার্যক্রম ও ক্রিপ্টোকারেন্সি লেনদেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি চুক্তি, বিভিন্ন ফেডারেল সংস্থার বাজেট ও জনবল কমানো, অভিবাসন আইন প্রয়োগ এবং ইরান যুদ্ধ পরিচালনার পদ্ধতি।

আরও পড়ুন: নওগাঁয় বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা সহ গ্রেফতার ৩

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন প্রতিনিধি পরিষদের স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিস প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর উদ্যোগে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয় হেগসেথকে।

সোমবারের মধ্যেই এক রিপাবলিকান আইনপ্রণেতা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে পারেন—এমন খবরের বিষয়ে জানতে চাইলে এবিসি টেলিভিশনকে জেফরিস বলেন, ‘হেগসেথের বিরুদ্ধে আনা প্রস্তাবের প্রতি আমি পুরোপুরি সমর্থন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তথাকথিত এই প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে একটি বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে এবং দেশ আরও অনিরাপদ হয়ে পড়েছে। পিট হেগসেথকে অবশ্যই পদ ছাড়তে হবে।’

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেগসেথের পক্ষ নেন ট্রাম্প। তিনি বলেন, ‘মূলত দুটি কারণে তিনি দোষী—দুটি যুদ্ধে জয়ী হওয়ার কারণে।’

আরও পড়ুন: যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে

এ সময় ট্রাম্প গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কথা উল্লেখ করেন, যে অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। পাশাপাশি চলমান ইরান যুদ্ধের কথাও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জয়ী হয়েছি। কয়েক শ বিলিয়ন ডলারের সম্পদ আমাদের নিয়ন্ত্রণে এসেছে। মাত্র ৪৮ মিনিটেই আমরা জয় পেয়েছি। ইরানেও আমরা জয়ী হয়েছি। এখন শুধু প্রশ্ন হলো, কখন যুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটানো হবে—এখন, নাকি পরে।’

ট্রাম্প ও তার কর্মকর্তাদের রক্ষায় বিচার বিভাগের অবস্থান

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এবং বর্তমানে বিচার বিভাগের প্রধান অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সক্রিয়ভাবে আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খুঁজতে গিয়ে নাপিত আটক, পুলিশ বলছে যুবলীগ কর্মী

সিএনএনকে ব্লাঞ্চ বলেন, ‘তারা যদি স্টিফেন মিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে শুধু তদারকি করা ও দায়িত্ব পালনের পরিবর্তে অন্য কিছু করতে চাইলে অবশ্যই বিচার বিভাগ তাকে রক্ষায় পাশে থাকবে।’

অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া ব্লাঞ্চের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের নির্বাহী বিভাগের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করাও কংগ্রেসের অন্যতম দায়িত্ব।

সিএনএনকে গার্সিয়া বলেন, ‘তিনি শুধু ডোনাল্ড ট্রাম্প, তার মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের রক্ষা করতে চান। এটি তার দায়িত্ব নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতি বন্ধ করতে চাই এবং যারা আমেরিকার জনগণের বিরুদ্ধে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে তদন্ত চালাব।’

গার্সিয়া আরও বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমরা ভয় পাব না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৪১ জন আটক, উদ্ধার মাদক ও অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৪১ জন আটক, উদ্ধার মাদক ও অস্ত্র

রাজধানীতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে আটক করেছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ বিভাগ থেকে ৬১ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৬০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৯ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২ পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিকশা, ৪টি মোবাইল এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা।

আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে, বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যদিও দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপাবলি উপলক্ষে আজ সোমবার ভারতীয় পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। এই কারণে চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, "দীপাবলী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ সোমবার পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।" তিনি আরও জানান, এ বিষয়ে চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার বিভাগ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণের নির্দেশনা প্রদান করেছে।

এছাড়া, ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণের মাধ্যমে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর তারিখে একটি চিঠির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ওই মহাসমাবেশে গ্রামীণ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণকৃত গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আসবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সামাজিক বনায়ন থেকে প্রাপ্ত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশের উন্নয়নে ব্যয় করা হবে।

স্থানীয় সরকার বিভাগ চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে, তারা নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি ভরাডুবির সম্মুখীন হয়েছে। সিবিএস নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে ভোটারদের ইসরাইলবিরোধী মনোভাবকে উল্লেখ করেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন নাগরিকরা ইসরাইলের কারণে যুক্তরাষ্ট্রের ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে পড়ায় এখন বিরক্ত ও ক্ষুব্ধ।

আরাগচি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই বুঝতে পেরেছেন, বেশির ভাগ মার্কিন নাগরিকই ইসরাইলের কর্মকাণ্ডে বিরক্ত ও ক্ষুব্ধ। তবে কেন এমনটি হচ্ছে, তা নিয়ে তাকে বেশ বিভ্রান্ত বলেই মনে হচ্ছে।’

এরপর তিনি আরও ব্যাখ্যা করেন, ‘ইসরাইল মার্কিন প্রশাসনগুলোকে কৌশলে প্রভাবিত করে একের পর এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলছে—এতে মার্কিন নাগরিকেরা স্পষ্টতই ক্লান্ত ও বিরক্ত। তারা আর এসব সহ্য করতে রাজি নন। আমাদের অঞ্চলও আর এসব যুদ্ধ চায় না।’

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%