১১:৫৯ এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার বিভাগ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণের নির্দেশনা প্রদান করেছে।
এছাড়া, ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণের মাধ্যমে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর তারিখে একটি চিঠির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ওই মহাসমাবেশে গ্রামীণ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণকৃত গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আসবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সামাজিক বনায়ন থেকে প্রাপ্ত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশের উন্নয়নে ব্যয় করা হবে।
স্থানীয় সরকার বিভাগ চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে, তারা নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন