ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ


পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ

পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, চারদিকে গভীর অরণ্য আর নিচে গভীর ভয়ংকর খরস্রোতা ঝিরি। কোথাও খাড়া পাহাড় বেয়ে নামতে হয়, কোথাও এগোতে হয় পিচ্ছিল পাথর ধরে। কোথাও আবার পাহাড়ের গা ঘেঁষে সরু পথ ধরে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।

এমন দুর্গম এক জনপদ বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকা। ওই এলাকার পদ্মমুখ ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুমপথ পারাপারে একটি সেতুর দাবি সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের। সেতু না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের।

স্থানীয়রা বলছেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এখনো নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এ উপজেলায় অন্তত ১৫টি পাহাড়ি গ্রামের বাসিন্দারা। তাদের কাছে শিক্ষা, চিকিৎসা, নিরাপদ যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনের সুযোগ এখনো অনেকটাই অধরা।

আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন

প্রশাসনিক তথ্য ও নথিপত্র অনুযায়ী, থানচি বান্দরবান জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচীন জনপদ। ১৯১৭ সালে রাঙামাটি জেলার বান্দরবান মহকুমার অধীনে রুমা, বলিপাড়া ও থানচি ইউনিয়ন নিয়ে থানা গঠিত হয়। ১৯৭৬ সালে থানচি থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে থানাকে উপজেলায় উন্নীত করা হয়।

বর্তমানে উপজেলায় রেমাক্রী, তিন্দু, থানচি সদর এবং বলিপাড়া ইউনিয়ন। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, থানচি উপজেলার মোট চার হাজার ৮৭২টি পরিবারের জনসংখ্যা ২৯ হাজার ৭৯০ জন।

বাসিন্দারা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠী মারমা, ম্রো (মুরং), ত্রিপুরা, বাঙালি, খুমি, বম, চাকমা ও খিয়াংসহ বিভিন্ন সস্প্রদায়ের প্রায় ৩০ হাজার মানুষের অধিকাংশই গভীর অরণ্যঘেরা দুর্গম পাহাড়ের ভেতর বসবাস করেন। তাঁরা আধুনিক যোগাযোগ ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম এখনো পাহাড়ের গায়ে জুমচাষ। বাপ-দাদার এই পেশা ধরে রেখে পাহাড়ে জীবনযাপন পরিবারগুলোর।

তারা জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে পদ্মমুখ ঝিরিতে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোমতে যাতায়াত করছেন। বর্ষায় ঝিরির পানিপ্রবাহ বাড়লে সেই সাঁকোও হয়ে ওঠে বিপজ্জনক। কখনো পানির স্রোত এতটাই ভয়ংকর হয় যে, পারাপার বন্ধ হয়ে যায়। তাই পদ্মমুখ এলাকায় একটি টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের।

আরও পড়ুন: শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আজিম উদ্দিন মণ্ডলের মৃত্যু

সাম্প্রতিক সময়ে থানচি সদর থেকে দেড়-দুই ঘণ্টার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পদ্মমুখ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মঝিরির খুমপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাড়া পাহাড়ের গা ঘেঁষে সরুপথ, নিচে গভীর খাদের ঝিরি। কোথাও পাথরের ওপর দিয়ে, কোথাও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ধরে চলাচল করছেন স্থানীয়রা। নেই কোনো স্থায়ী সেতু কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা।

বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর সরকার শত শত পিআইও সেতু নির্মাণ করলেও তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির খুমপথে একটি স্থায়ী সেতু নেই। এতে দুটি মৌজার অন্তত ১৫টি প্রামের মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর কযেক হাজার মানুষকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা উজিরাম ত্রিপুরা ও খুবাইতি ত্রিপুরাসহ অনেকের ভাষ্য, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করতে হয়। বাঁশ পচে গেলে কিংবা পানির স্রোতে ভেঙে গেলে আবার নতুন করে সাঁকো নির্মাণ করতে হয়। এতে অর্থ ও শ্রম ব্যয় হলেও স্থায়ী নিরাপত্তা মেলে না।

তারা বলেন, পাহাড়ে বসবাস করেন বলে তাদের জীবনযাত্রা এমনিতেই কঠিন। তার ওপর একটি ঝিরি পার হতে প্রতিদিন ঝুঁকি নিতে হয়। স্থায়ী সেতু হলে দুর্ভোগ অনেকটা কমবে।

আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

জুমিয়া চাষিদের ভাষ্য, পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দুর্গম পথ ও ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে সময় ও পরিবহন ব্যয় বাড়ছে, অনেক ক্ষেত্রে কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য উহ্লামং মারমা বলেন, থানচি সদর থেকে পদ্ম ঝিরি প্রায় ১৫ কিলোমিটার দূরে। এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে অনেক পর্যটক চলাচল করেন। তার পরও নিরাপদে যাতায়াতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, অর্থ সংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে টেকসই সাঁকো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পদ্ম ঝিরির খুমপথে দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ কামনা করছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, পদ্ম ঝিরিতে খুমের একপাশ বেয়ে চলাচলের পথটি স্থানীয়দের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে স্থানীয়দের আবেদন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে আগামীতে প্রকল্প বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ স্বাক্ষরিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ স্বাক্ষরিত হবে

বাংলাদেশের ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত দ্বিপক্ষীয় হজ চুক্তি আজ সোমবার স্বাক্ষরিত হতে যাচ্ছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করবেন।

আজকের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশের হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার জন্য দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এদিকে রবিবার (৮ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজের কোটা ৮৩ হাজার ৫০০ জনে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। ২০২৭ সালের হজের জন্য সৌদি সরকার শুরুতে একই পরিমাণ কোটা বরাদ্দ দেয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমস: ‘পরিবেশ নষ্ট করলে আর গান গাইব না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


জেমস: ‘পরিবেশ নষ্ট করলে আর গান গাইব না’

সংগীতপ্রেমীদের কাছে কনসার্ট একটি ভিন্ন ধরনের উন্মাদনা সৃষ্টি করে, যেখানে প্রিয় তারকাকে সামনে থেকে দেখা এবং সুরের জাদুতে মুগ্ধ হওয়া যায়। তবে, কখনও কখনও ভক্তদের অতিরিক্ত উৎসাহ বিপত্তির সৃষ্টি করে। সম্প্রতি, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত একটি উন্মুক্ত কনসার্টে এমন একটি ঘটনা ঘটেছে।

কনসার্ট চলাকালীন এক ভক্তের অদ্ভুত আচরণ দেখে বাংলা রক ঘরানার কিংবদন্তি ফারুক মাহফুজ আনাম জেমস গান থামিয়ে দেন। নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে তিনি মঞ্চ থেকেই একটি কঠোর বার্তা দেন।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক একটি বিশেষ মেগা কনসার্টের আয়োজন করা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। সাধারণ শ্রোতাদের জন্য এই আয়োজন সম্পূর্ণ উন্মুক্ত ছিল এবং রাজধানীর অসংখ্য সংগীতপ্রেমী সেখানে উপস্থিত হন।

এই কনসার্টে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—নগরবাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক সংগীত পরিবেশন করে।

কনসার্ট চলাকালীন নগরবাউলের পরিবেশনার সময় হঠাৎ করে একটি গাছের ডালে এক যুবককে দেখতে পান জেমস। বিষয়টি লক্ষ্য করেই তিনি গান থামিয়ে দেন এবং শ্রোতাদের উদ্দেশে বলেন, “এভাবে গান শুনতে এসে যদি কেউ কোনো রকমের জঘন্য আচরণ করে, তাহলে আমি আর গান করব না। গান হবে আনন্দের জন্য। আনন্দ করো, কিন্তু পরিবেশ নষ্ট করো না।”

আয়োজকদের সূত্রে জানা যায়, কনসার্টের গেট বিকাল ৩টায় খুলে দেওয়া হয় এবং মূল কনসার্ট শুরু হয় বিকাল ৪টায়। বিনামূল্যে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর গান সরাসরি উপভোগ করার সুযোগ পেয়ে রাজধানীজুড়ে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন

আন্তর্জাতিক ডেস্ক

মো: খায়রুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন
 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের চরাঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়েছে ৭৫ মিটার দীর্ঘ একটি কাঠের সেতু। সেতুটি চালুর ফলে অবহেলিত চরাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এই পথে যাতায়াত করতে গিয়ে চরম চরম ভোগান্তি ও ঝুঁকিতে পড়তেন সাধারণ মানুষ। বছরের পর বছর জনপ্রতিনিধিদের নানা আশ্বাস আর প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি কোনো টেকসই সমাধান। অবশেষে চরাঞ্চলের মানুষের এই তীব্র কষ্ট নজরে আসে সমাজসেবক জাহাঙ্গীর আলম রতনের। তিনি নিজস্ব তহবিল থেকে মাত্র ৫৫ হাজার টাকা ব্যয়ে দ্রুততম সময়ে ৭৫ মিটারের এই সেতুটি নির্মাণ করে দেন।
 
সেতুটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পূর্ব পাশে রয়েছে হোসেনপুর পৌর এলাকা এবং পশ্চিম পাশে সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রাম। দুই পাশের কাঁচা রাস্তার সংযোগস্থলে নির্মিত এই সেতুটি এখন চরাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের মূল চালিকাশক্তি। স্থানীয়দের তথ্য মতে, প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ৮ হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য দ্রুত ও সহজে বাজারে নেওয়ার জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতন বলেন, "এটি কোনো নির্বাচনী প্রচারণার অংশ নয়, জনগণের সেবাই আমার জীবনের মূল ব্রত। নির্বাচনের আগে কেবল ভোট পাওয়ার জন্য নয়, মানুষের কষ্ট দূর করতেই এই উদ্যোগ।"
 
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আগামী নির্বাচনে সিদলা ইউনিয়নবাসী যদি আমাকে বিজয়ী করেন, তবে এই সেতুটি আমি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পাকা (স্থায়ী) করে দেব। যেন এলাকার কৃষকেরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে সঠিক মূল্য পান, রোগীরা যেন দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারেন এবং চরাঞ্চলের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে।"
 
সেতুটি চালু হওয়ায় চর বিশ্বনাথপুরসহ আশপাশের চরাঞ্চলের অবহেলিত মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুটি তাদের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে এবং এখন তারা সহজে ও স্বল্প সময়ে পৌর এলাকায় যাতায়াত করতে পারছেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামাপূজা ও দীপাবলিতে ভক্তদের সমাগমে মুখর শাহরাস্তির কালিবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


শ্যামাপূজা ও দীপাবলিতে ভক্তদের সমাগমে মুখর শাহরাস্তির কালিবাড়ি

চাঁদপুর, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহের কালিবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি কালিবাড়ি সংলগ্ন নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ঐতিহ্যবাহী কালিবাড়ি মেলা বসেছে।

এশিয়ার বৃহত্তম কালিবাড়ি হিসেবে পরিচিত এই ধর্মীয় পীঠস্থানে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পূজার লগ্ন শুরু হয়ে সোমবার বেলা ১১টা পর্যন্ত চলবে।

মাসব্যাপী মেলায় শিশুদের খেলনা, পুতুল, বেলুন ও খেলনা ড্রোনের পাশাপাশি পাহাড়ি অঞ্চল থেকে আসা খাট, আলমারি, সোফা সেট, ডাইনিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এছাড়া কাঠ, বাঁশ ও বেতের সামগ্রী, মাছ ধরার সরঞ্জাম, গৃহস্থালি পণ্য, কৃষি উপকরণ, কাঁসা, স্টিল ও কাঁচের তৈজসপত্র এবং হরেক রকম খাবারের দোকান বসেছে।

পূজায় অংশ নিতে আসা নোয়াখালীর অমল দাস বাসস’কে জানান, শক্তিরূপিণী মঙ্গলময়ী দেবী কালীর পূজা দিতে তিনি প্রতিবছর সপরিবারে এখানে আসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা লিটন চক্রবর্তী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা হারাধন সূত্রধর জানান, এটি সিদ্ধ পীঠস্থান, যা বাংলাদেশে অদ্বিতীয়।

কালিবাড়ির বাসিন্দা ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন কর্মকার মিঠুন বলেন, প্রায় সাতশ’ বছর আগে ঠাকুর সর্বানন্দ শবদেহের ওপর বসে কালীমাতার সাধনা করেন এবং পৌষ সংক্রান্তির তিথিতে মাতাকে দশ রূপে দর্শন লাভ করেন। এ কারণে স্থানটি দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান হিসেবে পরিচিত। এখানে মা কালীর কোনো মূর্তি নেই, ভক্তরা জিন বৃক্ষের বেদিতে পূজা দেন।

শ্রী শ্রী মেহের কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার বাসস’কে বলেন, তিনশ’ বছরেরও বেশি সময় ধরে এখানে এই উৎসব পালিত হয়ে আসছে। মাসব্যাপী এই মেলা ধর্মীয় আচারের পাশাপাশি প্রাচীন লোকজ ঐতিহ্য বহন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%